বার্তোমেউ বনাম নেইমার

বার্সেলোনা ছেড়ে নেইমার দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোয় (২০১৬ কোটি টাকা) পিএসজিতে গেছেন। কিন্তু বার্সেলোনার ছাড়া নিয়ে কাতালান ক্লাবটির বোর্ডের সঙ্গে যে দ্বন্দ্বে জড়িয়েছেন নেইমার, সেটি যেন দিনে দিনে আরও বাড়ছে। নতুন করে বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে ‘হাস্যকর’ বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নতুন করে নেইমারের এমন প্রতিক্রিয়ার কারণ গত পরশুই বার্তোমেউর দেওয়া এক সাক্ষাৎকার, যাতে দাবি করেছেন, নেইমার চলে যাওয়ায় বার্সেলোনার নাকি লাভই হয়েছে। ‘মেসি-নেইমার-সুয়ারেজ’ ত্রিরত্নের পেছনে যে খরচটা হতো সেটি কমেছে। এও বলেছেন, নেইমার ও তাঁর বাবাকে বিশ্বাস করেই ভুল করেছে বার্সেলোনা।
সেসবের উত্তরে নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘(বার্সেলোনার) এই সভাপতি হাস্যকর একজন লোক।’ পিএসজিতে যোগ দেওয়ার কয়েক দিন পরও একবার বার্তোমেউ ও তাঁর বোর্ডের ব্যাপারে নেইমার বলেছিলেন, ‘এই বোর্ড বার্সেলোনার যোগ্য নয়।’

তবে গত কয়েক মাসে বার্সেলোনার প্রশাসনিক বিশৃঙ্খলা দেখে আরও অনেকেই এই বোর্ডের ওপর বিরক্ত। বার্সেলোনার সর্বশেষ সভাপতি নির্বাচনে প্রার্থী অগুস্তি বেনেদিতো এরই মধ্যে বার্তোমেউ ও তাঁর বোর্ডের বিরুদ্ধে ‘অনাস্থা ভোট’ প্রস্তাব করেছেন। তাতে সাড়াও মিলছে।
মিথ্যা বলার অভিযোগও উঠছে বার্তোমেউর বিরুদ্ধে। কদিন আগে লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছিল। গত জুনেই বার্তোমেউ বলেছিলেন, মেসির চুক্তি সই প্রায় চূড়ান্ত। কিন্তু তিন মাস পার হলেও সেটি হয়নি। চুক্তির শেষ মৌসুমে চলে এসেছেন মেসি। একই অবস্থা হয়েছে আন্দ্রেস ইনিয়েস্তাকে ঘিরেও। স্প্যানিশ মিডফিল্ডারেরও চুক্তির শেষ বছর চলছে। দুই দিন আগে এ ব্যাপারে বার্তোমেউ বলেছিলেন, ইনিয়েস্তার চুক্তি নবায়ন নিয়ে প্রাথমিক বোঝাপড়া হয়ে গেছে। কিন্তু পরশুই স্পেনের হয়ে খেলার পর ইনিয়েস্তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কোনো বোঝাপড়াই এখনো হয়নি!’ এএফপি, ফোরফোরটু।