বার্তোমেউয়ের বিরুদ্ধে টাকাপয়সা নয়ছয় করার অভিযোগ

বার্সার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোসেপ মারিয়া বার্তোমেউ সভাপতি পদে থাকতে তাঁকে ঘিরে বিতর্ক কম হয়নি। নানা অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০২০ সালে বার্তোমেউ পদত্যাগ করার পর বার্সেলোনা সভাপতি পদে ফিরে আসেন হোয়ান লাপোর্তা। বার্তোমেউয়ের সমালোচনা করতে কখনো কুণ্ঠা করেননি তিনি।

সাবেক সভাপতির বোর্ডের আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে তদন্তও চালিয়েছেন লাপোর্তা। ক্লাবের নিয়োগ করা আইনজীবী সেই আর্থিক তদন্তের নিরিখে বলেছেন, বার্তোমেউয়ের বোর্ড ‘ভয়ংকর অপরাধমূলক আচরণ’ করেছেন।

গত অক্টোবরে বার্সার মহাপরিচালক ফেরান রেভারতার ক্লাবের অভ্যন্তরীণ আর্থিক বিবরণী পেশ করেন। এরপরই আর্থিক তদন্তকারী প্রতিষ্ঠান ‘ক্রোল’কে তদন্তের নির্দেশ দেয় লাপোর্তার অধীনস্থ বার্সার বোর্ড।

সেই ‘ময়নাতদন্ত প্রতিবেদন’ প্রকাশের সময় বার্সা সভাপতি লাপোর্তা বার্তোমেউয়ের সাবেক বোর্ডের প্রতি আঙুল তুলে বলেছেন, ‘অযথাই টাকা খরচ, মিথ্যা কারণ দেখিয়ে টাকা খরচ এবং ভুয়া লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব লেনদেনের সঙ্গে যারা জড়িত, তাদের অনৈতিকভাবে পুরস্কৃত করার বিষয়টিও এড়ানো যায় না।’

বার্সেলোনা সভাপতি পদে ফিরে আসেন হোয়ান লাপোর্তা
ছবি:এএফপি

প্রতিবেদনে বার্তোমেউয়ের বোর্ডের আর্থিক অনিয়ম খুঁজে পাওয়ার পর গত সপ্তাহে বার্সেলোনায় কৌঁসুলিদের অফিসে অভিযোগ দাখিল করে কাতালান ক্লাবটি। সংবাদ সংস্থা এএফপিকে একটি সূত্র জানায় ‘আর্থিক অপরাধ’ নিয়ে কৌঁসুলিদের অফিস শুক্রবার তদন্ত শুরু করেছে।

গত বছর মার্চে লাপোর্তা সভাপতির দায়িত্ব নেওয়ার সময় ফেরান রেভারতার বলেছিলেন, বার্সেলোনা আর্থিকভাবে কাগজে-কলমে ‘দেউলিয়া’ হয়ে পড়েছে। হিসাবে ধরা পড়ে, বার্সার ঋণের পরিমাণ ১৩৫ কোটি ইউরো। বার্তোমেউয়ের বোর্ডের আর্থিক অনিয়মের এই প্রতিবেদন মঙ্গলবার সকালে পেশ করেন লাপোর্তা, বার্সার অর্থবিষয়ক সহসভাপতি এদুয়ার্দ রোমেউ ও করপোরেট আইনজীবী হউমে ক্যাম্পানের। আর্থিক তদন্তের জন্য ক্যাম্পানেরকে নিয়োগ করেছে বার্সা।

সংবাদ সম্মেলনে লাপোর্তা
ছবি: এএফপি

এ ছাড়া অতিরিক্ত মুদ্রাস্ফীতি দেখিয়ে এজেন্টদের কমিশন দেওয়া এবং তরুণ খেলোয়াড় কিনতে সবার আগে সেই ক্লাবের সঙ্গে কথা বলার অধিকার পেতে অতিরিক্ত অর্থ খরচের হিসাব দেখিয়েছে বার্তোমেউয়ের বোর্ড। অঙ্কটা খেলোয়াড়প্রতি প্রায় ১৫ মিলিয়ন ইউরো করে। ক্যাম্পানেরের ভাষায়, ‘বাস্তবে এসব হিসাবের অস্তিত্ব নেই। আইনগত ভাষায় এসব ভুয়া হিসাব।’

বার্তোমেউ অবশ্য অক্টোবরেই তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন, ‘আমাদের ব্যবস্থাপনা দায়িত্বশীল ছিল।’ লাপোর্তা বেশ কয়েকবার বলেছেন, বার্তোমেউয়ের সঙ্গে তিনি এসব নিয়ে ‘খোলামেলা কথা’ বলতে চান। বর্তমান বোর্ডের অধীনে পারিশ্রমিক ১৫৯ মিলিয়ন ইউরো কমানো হয়েছে বলেও দাবি করেন সভাপতি লাপোর্তা।