বার্নাব্যুতে উৎসবের রং সাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেছেন পেপে, আনন্দে তাঁর পিঠে সওয়ার রদ্রিগেজ। উচ্ছ্বসিত মার্সেলো, উড়ছেন রামোস। বার্নাব্যুতে কাল ম্যাচ শেষেও এই উচ্ছ্বাস ছিল রিয়াল খেলোয়াড়দের l এএফপি
গোল করেছেন পেপে, আনন্দে তাঁর পিঠে সওয়ার রদ্রিগেজ। উচ্ছ্বসিত মার্সেলো, উড়ছেন রামোস। বার্নাব্যুতে কাল ম্যাচ শেষেও এই উচ্ছ্বাস ছিল রিয়াল খেলোয়াড়দের l এএফপি

বার্নাব্যুর ম্যাচটির বয়স তখন মাত্র চার মিনিট। জাভির পাস থেকে বল পেলেন লুইস সুয়ারেজ। ডান দিক থেকে তাঁর লম্বা ক্রস খুঁজে পেল নেইমারকে। এক ঝটকায় পাশে থাকা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার পেপে আর ড্যানিয়েল কারভাহালকে ছাড়িয়ে ব্রাজিল অধিনায়কের ডান পায়ের শট। বুলেটগতির সেই শট ফেরাতে পারেননি ইকার ক্যাসিয়াস।
বার্নাব্যুতে সাদা জার্সি গায়ে সমর্থকেরা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তবে কি লা লিগায় গত মৌসুমে বার্নাব্যুর ম্যাচটার পুনরাবৃত্তি হবে এবারও? ওই ম্যাচেও শুরুতেই গোল খেয়েছিল রিয়াল, ৭ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। শেষ পর্যন্ত নিজের মাঠে হেরেছিল রিয়াল মাদ্রিদ।
না, এবার সেটা হলো না। হতে দিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, পেপে আর করিম বেনজেমারা। নেইমারের গোল প্রথমার্ধেই শোধ করেছেন রোনালদো। পরে পেপে-বেনজেমার আরও দুই গোলে শেষ পর্যন্ত কাল এল ক্লাসিকোতে রিয়ালের জয় ৩-১ ব্যবধানে। লিগে এ মৌসুমে প্রথম কোনো ম্যাচ হারল বার্সেলোনা। আগের ৮ ম্যাচে কোনো গোল না খাওয়া বার্সা গোলরক্ষক ক্লদিও ব্রাভোর সব প্রতিরোধও যেন ভেঙে গেল এই ম্যাচে! দুর্দান্ত জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়েছে রিয়াল। লিগে ৯ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট এখন ২২, রিয়ালের ২১।
নেইমারের সেই গোলের মিনিট সাতেক পরেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ১১ মিনিটে বার্সা সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে করিম বেনজেমার পর পর দুটি শট ফিরে আসে ক্রসবার ও পোস্টে লেগে। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সাও। ২৩ মিনিটে আবারও সুয়ারেজের পাস থেকে পাওয়া বলে গোলে শট নেন লিওনেল মেসি, কোনোরকমে ঠেকিয়ে দেন ক্যাসিয়াস। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরা সুয়ারেজের বার্সায় অভিষেকটা অবশ্য মন্দ হয়নি। শুরু থেকে ঘণ্টা খানেক মাঠে ছিলেন, মেসি-নেইমারকে এ রকম কয়েকটা সুযোগও তৈরি করে দিয়েছেন।
শুরুর ধাক্কার পর রিয়ালের সমতা ফেরানো গোলটা এসেছে ৩৫ মিনিটে। মার্সেলোর ক্রস আটকাতে গিয়ে নিজেদের ডি-বক্সে হাতে বল লাগে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের, পেনাল্টি পায় রিয়াল। এ মৌসুমে লিগে নিজের ১৬তম গোলটি করে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে ক্লাবের হয়ে টানা ১১ ম্যাচে গোল পেলেন পর্তুগিজ উইঙ্গার।
বিরতির পর একটু একটু করে রিয়াল যতটা চাঙা হয়ে উঠেছে, ততটাই যেন ছন্দ হারিয়েছে বার্সেলোনা। ৪৯ মিনিটে বেনজেমার পাস থেকে পাওয়া বলে রোনালদোর শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন পিকে। কিন্তু টনি ক্রুসের কর্নার থেকে হেড করে পেপে ঠিকই এগিয়ে দেন রিয়ালকে। বার্সেলোনার ভোগান্তি সেখানেই শেষ হয়নি। ৬১ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা আর হাভিয়ের মাচেরানোর ভুল-বোঝাবুঝিতে বল পেয়ে যান রিয়াল উইঙ্গার ইসকো। তাঁর কাছ থেকে হামেস রদ্রিগেজের পা ঘুরে বল বেনজেমার পায়ে। দুর্দান্ত শটে ব্যবধান ৩-১ করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার।
এরপর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে অসাধারণ কিছু করতে হতো মেসি-নেইমারকে। কিন্তু শুরুর সেই গোলের পর নেইমারকে আর খুঁজে পাওয়া যায়নি। মেসিও পারেননি তাঁর জাদুর বাক্স খুলতে। ম্যাচ শেষে বার্নাব্যুতে উৎসবের রংটাও তাই সাদাই থেকে গেছে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।