বার্নাব্যুতে দর্শক কমছে!
ছুটির দিনের দুপুরে ম্যাচ, সান্তিয়াগো বার্নাব্যু তো গমগমই করার কথা। কিন্তু ৮৪ হাজার দর্শকের গ্যালারির বেশ কিছুটা ফাঁকা রইল। তিন দিন আগে রায়ো ভায়েকানোর সঙ্গে রিয়ালের ১০-২ গোলের স্মরণীয় জয়টা গ্যালারি থেকে দেখেছেন মাত্র ৬১ হাজার ৫৮৭ জন দর্শক। যেকোনো মাঠের জন্যই এই সংখ্যাটা অনেক বেশি, কিন্তু বার্নাব্যু বলেই সেটি নিয়ে কথা হচ্ছে। এল ক্লাসিকোতে হারের পর থেকেই যে বার্নাব্যুতে দর্শকসংখ্যার গ্রাফ নিম্নমুখী!
বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দিন গ্যালারি ঠাসাই ছিল। আনুষ্ঠানিকভাবে রিয়ালের মাঠের ধারণক্ষমতা ৮৪ হাজার, ওই দিন সম্ভবত আরও বেশিই মানুষ ছিল গ্যালারিতে। কিন্তু ওই দিনের পর থেকেই দর্শকসংখ্যায় ভাটা। ভায়েকানোর বিপক্ষে ম্যাচের চেয়ে কম দর্শক এই মৌসুমে মাত্র একবারই হয়েছে বার্নাব্যুতে। মালমোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বহীন ওই ম্যাচটাও এল ক্লাসিকোর পরেই, সেদিন ৬০ হাজার ৬৬৩ জন দর্শক হয়েছিল বার্নাব্যুতে।
এল ক্লাসিকোর পর রিয়াল হেরেছে ভিয়ারিয়ালের কাছে। আবার খেলোয়াড়ের নিষেধাজ্ঞা-সংক্রান্ত জটিলতায় বাদ পড়েছে কোপা ডেল রে থেকেও। এল ক্লাসিকোর পর বার্নাব্যুতে পাঁচ ম্যাচের তিনটিতেই দর্শকসংখ্যা ছিল ৬৫ হাজারের নিচে।
অথচ গত মৌসুমে লা লিগায় বার্নাব্যুতে ম্যাচপ্রতি প্রায় ৭২ হাজার দর্শক হয়েছিল। মোট ধারণক্ষমতার সেটি ছিল প্রায় ৮৯.৯ শতাংশ, লা লিগার সব স্টেডিয়ামের মধ্যেই সবচেয়ে বেশি। এই মৌসুমেও রিয়াল বেটিসের সঙ্গে প্রথম ম্যাচে ৭০ হাজারের বেশি দর্শক হয়েছিল। কিন্তু এখন সেটি ৬০ হাজারের কাছাকাছিতে নেমে এসেছে। এএস।
বার্নাব্যুতে সর্বশেষ চারটি ম্যাচে দর্শক
বার্সেলোনা (নভেম্বর ২১)
৮৪,০০০
গেটাফে (ডিসেম্বর ৫)
৬৪,৮৯৭
মালমো (ডিসেম্বর ৮)
৬০,৬৬৩
ভায়েকানো (ডিসেম্বর ২০)
৬১,৫৮৪