বার্নাব্যুতে নেমেই রদ্রিগেজের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে অভিষেকটা স্মরণীয়ই হলো হামেস রদ্রিগেজের। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমবার রিয়ালের জার্সি গায়ে নেমেই পেলেন প্রথম গোলটা। পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে সেই গোলের পর তাঁকে অভিনন্দন জানাতে ছুটে এলেন আলোনসো, কারভাহাল আর পেপে l এএফপি
ঘরের মাঠে অভিষেকটা স্মরণীয়ই হলো হামেস রদ্রিগেজের। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমবার রিয়ালের জার্সি গায়ে নেমেই পেলেন প্রথম গোলটা। পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে সেই গোলের পর তাঁকে অভিনন্দন জানাতে ছুটে এলেন আলোনসো, কারভাহাল আর পেপে l এএফপি

খেলাটা শুরু হয়েছিল আগের দিন। দুটি গোলই হলো পরের দিন! ভাবছেন ফুটবল ম্যাচে এটা কী করে সম্ভব? দেড় ঘণ্টা খেলা দুই দিনে গড়ায় কেমন করে!
সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে কিন্তু সেটাই হয়েছে। মাদ্রিদের প্রচণ্ড গরম থেকে কিছুটা রেহাই পেতে পরশু ম্যাচ শুরু হলো স্থানীয় সময় রাত ১১টায়। গোল দুটি এল ম্যাচের শেষ ১০ মিনিটে। ততক্ষণে রাত ১২টা পেরিয়ে গেছে। হিসাবে সেটা তো পরের দিনই!
দুই গোলের প্রথমটা রিয়াল মাদ্রিদের নতুন কলম্বিয়ান ফরোয়ার্ড হামেস রদ্রিগেজের। কার্ডিফে উয়েফা সুপার কাপে রিয়ালের জার্সি গায়ে অভিষেকেই আলো ছড়িয়েছেন, মুগ্ধ করেছেন সবাইকে। বাকি ছিল শুধু রিয়ালের হয়ে প্রথম গোলটা করা। বিশ্বকাপের গোল্ডেন বুটের মালিক সেটা পেলেন বার্নাব্যুতে অভিষেকেই। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি নেমে করা এই গোলের কারণেই ম্যাচের নায়ক হয়ে যেতে পারতেন রদ্রিগেজ। একা তাঁকে সেটা হতে দিলেন না অ্যাটলেটিকোর স্প্যানিশ ফরোয়ার্ড রাউল গার্সিয়া। ম্যাচের দুই মিনিট বাকি থাকতে তাঁর সমতা ফেরানো গোলে হাসি মুখেই মাঠ ছেড়েছে ডিয়েগো সিমিওনের দল। কাল নিজের মাঠে দ্বিতীয় লেগ খেলার আগে ‘অ্যাওয়ে’ গোলে এগিয়ে থাকার সুবিধাটুকু যে থাকছে অ্যাটলেটিকোর!
দলের পারফরম্যান্স যত ভালোই হোক ম্যাচটা ড্র হওয়ায় একটু অসন্তুষ্টই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘অ্যাটলেটিকো কিছুটা এগিয়ে আছে, কারণ ক্যালদেরনে দ্বিতীয় লেগে আমাদের গোল করতেই হবে।’
অসন্তুষ্টির পাশাপাশি এই ইতালিয়ানের একটা দুশ্চিন্তাও আছে। চোটের কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি রোনালদো। ধারণা করা হচ্ছে, পুরোনো চোটটাই হয়তো আবার তাঁর ভোগান্তির কারণ হয়ে উঠেছে। আনচেলত্তি অবশ্য বলেছেন, প্রাথমিকভাবে দেখে এত গুরুতর কিছু মনে হচ্ছে না। তবে কাল দ্বিতীয় লেগে খেলবেন কি না সেটা বোঝা যাবে আরও পরীক্ষা-নিরীক্ষার পর।
আনচেলত্তির দুশ্চিন্তা রোনালদোর চোট নিয়ে, কারণ পর্তুগিজ উইঙ্গারই তাঁর চোখে এখনো দলের সেরা খেলোয়াড়। তবে তাঁর প্রতিপক্ষ ডিয়েগো সিমিওনে মনে করেন রোনালদো নন, রিয়ালের সেরা খেলোয়াড় আসলে অ্যাঙ্গেল ডি মারিয়া। বার্নাব্যুতেও ডি মারিয়ার পারফরম্যান্সে মুগ্ধ সিমিওনে। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, একই সঙ্গে তাঁকে বদলি নামানোর জন্য যেন একটু খোঁচাও দিয়েছেন আনচেলত্তিকে, ‘প্রথমার্ধে আমরা ছিলাম সমানে সমান। কিন্তু দ্বিতীয়ার্ধে ডি মারিয়া মাঠে নামার পর রিয়াল আমাদের চেয়ে ভালো খেলেছে। এটাই স্বাভাবিক, কারণ সে-ই ওদের সেরা খেলোয়াড়।’
খোঁচাটার জবাবও অবশ্য দিয়েছেন আনচেলত্তি, ‘আমার মনে হয় সে ফিফা বর্ষসেরা খেলোয়াড় (রোনালদো) আর লিসবনে (চ্যাম্পিয়নস লিগের ফাইনাল) গোল করা বেলের কথা ভুলে গেছে। সে আরও অনেকের কথাই ভুলে গেছে। হ্যাঁ, ডি মারিয়াও আমার দলের দুর্দান্ত কয়েকজন খেলোয়াড়ের একজন। সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং আমি যেভাবে ভালো মনে করি সেভাবেই তাঁকে খেলাব।’ এএফপি, রয়টার্স।