
হারজিত তো খেলায় থাকেই। কিন্তু পরশু রাতের এল ক্লাসিকোকে বার্সেলোনার জয় আর রিয়াল মাদ্রিদের হার দিয়ে বোঝা যাবে না। বোঝা যাবে না ৪-০ গোলের ব্যবধানেও। যে সান্তিয়াগো বার্নাব্যু লস ব্লাঙ্কোদের দুর্গ, সেখানেই রিয়ালকে নিয়ে স্রেফ খেলল বার্সেলোনা।
এল ক্লাসিকোর দীর্ঘ ইতিহাসে এর চেয়ে বেশি গোল হয়েছে অনেক ম্যাচে। কখনো রিয়াল মাদ্রিদ জিতেছে, কখনো বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষকে এ রকম চিড়েচ্যাপ্টা করে দেওয়া জয়, এল ক্লাসিকোর স্মরণকালের ইতিহাসে মনে হয় না খুব বেশি আছে।
বার্সেলোনার সেই একচ্ছত্র আধিপত্য আর রিয়ালের বিধ্বস্ত হওয়ার চিত্রনাট্যে ছিল অনেকগুলো ছোট ছোট গল্পও—
মেসিকে ছাড়াই ধ্বংসযজ্ঞ
২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার ৫৫ দিন পর পরশু আবার বার্সেলোনার জার্সি গায়ে নামলেন লিওনেল মেসি। ইভান রাকিতিচের বদলি হিসেবে যখন মাঠে নামেন, ম্যাচের ৫৭ মিনিট পেরিয়ে গেছে। লুইস সুয়ারেজ, নেইমার আর আন্দ্রেস ইনিয়েস্তার একটা করে গোলে রিয়াল-দুর্গ ততক্ষণে ধসে পড়েছে। মেসিও দারুণ খেলেছেন, বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি করেছেন, সুয়ারেজের দেওয়া চতুর্থ গোলটিতে তাঁর অবদানও আছে। কিন্তু মোটা দাগে বার্সেলোনা আরেকবার বুঝিয়ে দিল, মেসি-নির্ভরতা তাদের কমে গেছে। এও বোঝাল, যেকোনো প্রতিপক্ষকে নিয়ে ওরা এখন ছেলেখেলা করতে পারে।
দিশেহারা বেনিতেজ
একাদশ নির্বাচন থেকে শুরু করে ম্যাচের পর সংবাদ সম্মেলন—রাফায়েল বেনিতেজকে দেখে মনে হয়নি তিনি নিজের মধ্যে আছেন। সর্বশেষ কয়েকটি ম্যাচে ভালো খেলা কাসেমিরো একাদশে নেই, মিডফিল্ডে খেললেন ক্রুস-মডরিচ জুটি। মাত্রই চোট কাটিয়ে ফেরা বেনজেমা সরাসরিই জায়গা পেলেন একাদশে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তো প্রশ্নই উঠে গেল, একাদশ তিনি নির্বাচন করেছেন নাকি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ? রিয়াল মাদ্রিদ কোচ সরাসরি জবাব না দিয়ে পাশ কাটিয়ে বলেছেন, যাদের নামানো হয়েছে তাদের সামর্থ্য আছে আরও ভালো খেলার। তা অবশ্যই আছে। তবে আপাতত এই এক হারের ধাক্কাতেই বার্নাব্যুতে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে ‘ফ্লোরেন্তিনো আউট’ ‘ফ্লোরেন্তিনো আউট’ বলেও সমস্বরে চিৎকার করলেন রিয়াল সমর্থকেরা।
>

লুইস এনরিকে
আমিও ভাবিনি এভাবে জিতব। মাঠে সব দিকেই আমরা সেরা ছিলাম। আক্রমণভাগে, রক্ষণেও। এ জয় যতটা না রিয়ালের ভুলে, তার চেয়ে বেশি বার্সেলোনার কৃতিত্বে। আমার মন হয় এটা স্মরণীয় জয় হিসেবে বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে থাকবে।

রাফায়েল বেনিতেজ
আমাদের কষ্ট হচ্ছে। শুধু হারের কারণে নয়, যেভাবে হেরেছি সে কারণেও। লা লিগায় আমরা মাত্র ৩ পয়েন্ট হারিয়েছি, এর বেশি কিছু নয়। আমার যেটা দুশ্চিন্তা তা হচ্ছে, পরের ম্যাচে আগে দলটা এই মানসিক ধাক্কা কীভাবে সামলে ওঠে।
অপ্রতিরোধ্য সুয়ারেজ-নেইমার
মেসিকে ছাড়া সর্বশেষ ১০ ম্যাচের মাত্র একটিতে হার বার্সেলোনার। এতেই বোঝা যায় কতটা অপ্রতিরোধ্য এখন সুয়ারেজ-নেইমার। পরশু বার্সেলোনা যখন ২-০ গোলে এগিয়ে, তখন পর্যন্ত পরিসংখ্যান ছিল—লিগে বার্সেলোনার সর্বশেষ ১৯ গোলের সবগুলোই মিলিতভাবে করেছেন সুয়ারেজ-নেইমার।
ইনিয়েস্তার বার্নাব্যু জয়
লুইস সুয়ারেজ দুটি গোল করেছেন। একটি নেইমার। কিন্তু বার্নাব্যুতে এদিন বার্সেলোনার জয়ের নায়ক যদি কাউকে বলতে হয়, সে ৩১ বছর বয়সী আন্দ্রেস ইনিয়েস্তা। শুধু দুর্দান্ত একটা গোলের কারণেই নয়, এদিন বার্সেলোনা মাঝমাঠের প্রাণভোমরাই ছিলেন। খেলায় এমনই মুগ্ধতা ছড়িয়েছেন যে ৭৭ মিনিটে উঠে যাওয়ার সময় বার্নাব্যুর দর্শকেরাও করতালিতে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। এমনি এমনি তো আর বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেননি, ও আমাদের ঐতিহ্যের অংশ।
মলিন রোনালদো-বেল
নিজের ও দলের পারফরম্যান্সে হতাশ ক্রিস্টিয়ানো রোনালদোকে বুঝিয়ে দেয় একটা ছবিতেই, ক্লদিও ব্রাভোর সঙ্গে ওয়ান-টু-ওয়ান মিস করে প্রচণ্ড হতাশায় মাথা ঝাঁকাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার। আর গ্যারেথ বেল? রিয়ালের জার্সিতে এটা ছিল তাঁর শততম ম্যাচ। উপলক্ষটা স্মরণীয় করে রাখবেন কী, মাঠে যে আছেন সেটাই ঠিকঠাক বোঝাতে পারেননি!
বার্সেলোনার নতুন তারকা?
এখনো ঠিক তারকা হয়ে ওঠেননি, তবে পরশু সার্জি রবার্তো বুঝিয়ে দিয়েছেন, তিনি সে পথেই আছেন। মেসির বদলে একাদশে নেমেছিলেন, মেসির পজিশন রাইট উইংয়ে। ১১ মিনিটে তাঁর দুর্দান্ত পাস থেকেই বার্সেলোনাকে এগিয়ে দেন সুয়ারেজ। পুরো ম্যাচটাই এত দারুণ খেলেছেন যে এখন শুধু বিকল্প নয়, তাঁকে একাদশ থেকে বাদ দেওয়াটাই এখন কঠিন হবে। এএফপি।
লুইস এনরিকে
আমিও ভাবিনি এভাবে জিতব। মাঠে সব দিকেই আমরা সেরা ছিলাম। আক্রমণভাগে, রক্ষণেও। এ জয় যতটা না রিয়ালের ভুলে, তার চেয়ে বেশি বার্সেলোনার কৃতিত্বে। আমার মন হয় এটা স্মরণীয় জয় হিসেবে বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে থাকবে।
রাফায়েল বেনিতেজ
আমাদের কষ্ট হচ্ছে। শুধু হারের কারণে নয়, যেভাবে হেরেছি সে কারণেও। লা লিগায় আমরা মাত্র ৩ পয়েন্ট হারিয়েছি, এর বেশি কিছু নয়। আমার যেটা দুশ্চিন্তা তা হচ্ছে, পরের ম্যাচে আগে দলটা এই মানসিক ধাক্কা কীভাবে সামলে ওঠে।