
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, হামেস রদ্রিগেজ ও লুইস সুয়ারেজ।
আচ্ছা, এর চেয়ে বড় তারার মেলার সাক্ষী কি খুব বেশি হয়েছে ফুটবল ইতিহাস?
সম্ভবত না। কেন, কারণটাও ব্যাখ্যা করা যাক।
এঁদের মধ্যে দুজন কোনো সন্দেহ ছাড়াই সময়ের সেরা দুই ফুটবলার। একজন সর্বশেষ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। একজন সম্ভবত এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিতর্কিত ফুটবলার। আবার ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড়ের চারজনই আছেন এঁদের মধ্যে! সবচেয়ে দামি যিনি তাঁরও এই ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু চোট ম্যাচটা থেকে ছিটকে দিয়েছে ‘হান্ড্রেড মিলিয়ন ইউরোম্যান’ গ্যারেথ বেলকে। কিন্তু এ এমন এক ম্যাচ, যেটি বেলের অনুপস্থিতিতেও বর্ণহীন হবে না।
কোন ম্যাচ সেটি নিশ্চয়ই এখন আর না বললেও চলবে। এল ক্লাসিকো। শুধু উত্তেজনার বারুদে ঠাসা বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাবের দ্বৈরথ নয় এটি। দুই ক্লাব এবং তাদের সমর্থকদের কাছে এটা ফুটবলের চেয়েও বেশি কিছু। আন্দ্রেস ইনিয়েস্তার ভাষায়, ‘এটা ৩ পয়েন্টের জন্য দুটি দলের অন্য সব লড়াইয়ের মতো নয়।’ এটি শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক ও জাতিগতও। শুধু মহারণ নয়, এ যেন ফুটবলের এক মহাকাব্যও। যেটির এক পর্ব মঞ্চস্থ হবে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে। লা লিগায় আরও একবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা।
লিগে গত মৌসুমের দুটি ক্লাসিকোতেই রিয়াল হেরেছিল বার্সেলোনার কাছে। এবার মৌসুমের শুরুতে ছন্দ পেতে একটু সময় লাগায় পয়েন্ট তালিকায় বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। আজ হেরে গেলে সেই ব্যবধানটা বেড়ে যাবে আরও। অন্যদিকে লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারা দূরের কথা, কোনো গোলই খায়নি বার্সেলোনা। তবে রিয়ালের আক্রমণভাগ তো আর এলচে, গ্রানাডা, লেভান্তে কিংবা এইবারের মতো নয়। এই প্রথম বড় চ্যালেঞ্জের মুখোমুখি বার্সার রক্ষণভাগ। ওদিকে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর বিপক্ষে একই পরীক্ষা দিতে হবে রিয়াল রক্ষণকেও।
সুয়ারেজের চার মাসের নিষেধাজ্ঞা গতকালই শেষ হয়েছে। আজ বার্নাব্যুতে সুয়ারেজ খেলবেন, এটাও গতকালই নিশ্চিত করে দিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তবে প্রথম একাদশে থাকেন কি না, দেখার অপেক্ষা সেটাই।
গত কয়েক মৌসুমে এল ক্লাসিকো নতুন মাত্রা পেয়েছে মেসি-রোনালদো দ্বৈরথে। রোনালদো অবশ্য ম্যাচের আগেই স্পষ্ট বলে দিয়েছেন, ‘আমার প্রতিপক্ষের নাম মেসি নয়, আমি খেলব বার্সেলোনার বিপক্ষে।’ কথাটা কি পুরোপুরি বিশ্বাসযোগ্য ফুটবলপ্রেমীদের কাছে? এল ক্লাসিকোতে মেসির চেয়ে বেশি গোল (২১টি) করার রেকর্ড নেই আর কারও। বার্সেলোনার খুদে জাদুকর আর মাত্র একটা গোল করলেই লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তেলমো জারাকে ধরে ফেলবেন। এমন অনন্য রেকর্ডের জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারে! এ মৌসুমে মেসি লিগে ৮ ম্যাচে করেছেন ৭ গোল, সেখানে রোনালদো রিয়ালের ৮ ম্যাচের ৭টিতে খেলেই করেছেন ১৫ গোল! লা লিগার ইতিহাসে প্রথম ৮ ম্যাচে এর চেয়ে বেশি গোল আর কারও নেই। এই মৌসুমে এরই মধ্যে লা লিগায় তিনটি হ্যাটট্রিক হয়ে গেছে পর্তুগিজ ফরোয়ার্ডের। লিগে ২২ হ্যাটট্রিক নিয়ে বসেছেন কিংবদন্তি ডি স্টেফানো ও তেলমো জারার পাশে। যে অবিশ্বাস্য ফর্মে আছেন রোনালদো, কে জানে, আজই জারা-স্টেফানোকেও ছাড়িয়ে যান কি না! রয়টার্স, এএফপি।
১
রিয়াল কোচ হিসেবে কার্লো আনচেলত্তির এল ক্লাসিকোতে জয়। তাঁর অধীনে বার্সার বিপক্ষে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে রিয়াল, জিতেছে গত এপ্রিলে কোপা ডেল রের ফাইনালে।
১৮
ক্লাসিকোতে সবচেয়ে বেশি কার্ড দেখেছেন সাবেক রিয়াল ডিফেন্ডার ফার্নান্দো হিয়েরো (১৭টি হলুদ কার্ড, ১ লাল), ১৬টি হলুদ কার্ড দেখেছেন সার্জিও রামোস (১৪ হলুদ কার্ড, ২ লাল)
৩২
খেলোয়াড় হিসেবে বার্সেলোনার কোচ লুইস এনরিকের এল ক্লাসিকো ম্যাচ। রিয়াল (১৯৯১-৯৬) ও বার্সেলোনা (১৯৯৬-২০০৪), দুই দলের হয়েই খেলেছেন তিনি।
৪৪
এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি খেলেছেন সাবেক রিয়াল উইঙ্গার ফ্রান্সিসকো জেন্তো। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জাভির, ৪০টি।
৫১
লা লিগা ক্লাসিকোতে নিজের মাঠে রিয়ালের জয়। ৮৪ ম্যাচ খেলে রিয়ালের হার ১৮, ড্র হয়েছে ১৫ ম্যাচ।
২২৮
মোট এল ক্লাসিকো। রিয়াল জিতেছে ৯১ ম্যাচ, বার্সেলোনা ৮৯। ড্র হয়েছে ৪৮ ম্যাচ।
৩৮৫
এল ক্লাসিকোতে রিয়ালের গোল, বার্সেলোনার চেয়ে ১৪টি বেশি।