বার্নাব্যুতে 'জিজু' জাদু চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের আরেকটি গোল, আরেকবার উদ্‌যাপনে মাতল বেলরা। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদের আরেকটি গোল, আরেকবার উদ্‌যাপনে মাতল বেলরা। ছবি: রয়টার্স

২০ ডিসেম্বরের স্মৃতি ফিরে এসেছিল আবার। সেদিন রায়ো ভায়োকানোকে ১০-২ গোলে ভাসিয়েছিল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে আজ স্পোর্টিং গিজনকে ১৮ মিনিটেই ৪ গোল দিয়ে বসেছিল ‘লস ব্লাঙ্কো’রা। ম্যাচের অবস্থা আর মাঠের খেলায় মনে হচ্ছিল আজ সেটিকেও পার করে দেবে জিনেদিন জিদানের রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত তা না হলেও জিজুর অধীনে টানা দ্বিতীয় জয় পেয়ে গেছে রিয়াল।

রিয়ালের ডাগ আউটে জিনেদিন জিদানের অভিষেক হয়েছিল দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে। আর গিজনের বিপক্ষে রোনালদোরা ৫ গোল দিয়ে দিলেন প্রথমার্ধেই। ৭ মিনিটে গ্যারেথ বেলের গোল দিয়ে শুরু হলো। ২ মিনিট পরেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। করিম বেনজেমাও বা বাদ যাবেন কেন? ১২ মিনিটে গোল পেয়ে গেলেন তিনিও। প্রতিটি গোলই ছিল দুর্দান্ত। টনি ক্রুসের পাস থেকে হেড দিয়ে গোল করলেন বেল। বেনজেমার পাস থেকে রোনালদোর শরীর মুচড়ে দেওয়া গোলটিও চোখে লেগে থাকার মতো। আর বেলের ক্রস থেকে বেনজেমার প্রায় বাই সাইকেল কিকটি তো ছাড়িয়ে গেছে অন্য দুজনের গোলকে। সে তুলনায় ১৮ ও ৪১ মিনিটে রোনালদো ও বেনজেমার গোল দুটি একটু সাদামাটাই ছিল। গিজনকে স্বস্তি দিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার আগে বেল চোট পেয়ে মাঠ ছাড়েন।
রিয়ালের জার্সিতে সেরা সময় পার করা বেল মাঠ ছাড়তেই খেলায় ফিরে অতিথি দলটি। গিজন যে এর আগেও খুব খারাপ খেলেনি। কিন্তু ‘জিজু’ কোচ হওয়ার পর বেল-বেনজেমারা এখন খেলছেন পুরো অন্য ধাঁচের ফুটবল। বেল-বেনজেমা-রোনালদো ও ইসকোর গতির তোড়ে আজও খাবি খেয়েছে প্রতিপক্ষ। তবে বেল মাঠ ছাড়ার পর দারুণ খেলেছে গিজন। ৬২ মিনিটে তার পুরস্কার হিসেবে একটি গোলও ফিরিয়ে দেয় তারা। তবে তাতে রিয়াল রক্ষণের ভুলের অবদানও ছিল। এভাবে গোল খাওয়াটা জিদানকে চিন্তিত করবেই। একটু পর চোট পেয়ে বেনজেমার মাঠ ছাড়াটাও কোচের দুশ্চিন্তাটা একটু বাড়িয়েছে।