বার্নাব্যুতে 'ফেরা' ডি মারিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া

সান্তিয়াগো বার্নাব্যুতে আগেও খেলেছেন। এর আগে কখনো এ মাঠে নামার আগে এত আবেগাপ্লুত কি ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া? মনে হয় না। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এ মাঠেই উপহার দিয়েছেন অনেক স্মরণীয় মুহূর্ত। কিন্তু সেই ডি মারিয়াই আজ বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটার আগে এমন আবেগে ভেসে যাচ্ছেন! কারণটা অবশ্য সবারই জানা। এই প্রথম আর্জেন্টাইন উইঙ্গার বার্নাব্যুতে খেলবেন, যেখানে তাঁর গায়ে রিয়ালের জার্সি থাকবে না, থাকবে পিএসজি জার্সি। একসময় যে গ্যালারি তাঁর নামে গলা ফাটাত আজ সেটাই হয়ে যাবে ‘শত্রু’পক্ষ!
নাকি শত্রু হবে না? কে জানে, বার্নাব্যু হয়তো এখনো কিছুটা ভালোবাসা জমিয়ে রেখেছে তার একসময়ের প্রিয় খেলোয়াড়টির জন্য। সত্যিই সেই ভালোবাসা আছে কি না, সেটা ডি মারিয়াও জানেন না। সে কারণেই হয়তো প্রত্যাবর্তন ম্যাচটা সামনে রেখে আবেগাপ্লুত হয়ে বললেন, ‘আমি আসলে জানি না সবাই কেমন প্রতিক্রিয়া দেখাবে। আমি বার্নাব্যুতে ফিরলে কীভাবে আমাকে গ্রহণ করবে।’ তবে তাঁর মনের কোণে যে এখনো রিয়ালের প্রতি ভালোবাসা আছে আগের মতোই সেটা জানিয়ে দিয়েছিলেন প্যারিসে প্রথম লেগে ম্যাচটার আগেই। ঘোষণা দিয়ে রেখেছিলেন, রিয়ালের বিপক্ষে গোল করলে উদ্‌যাপন করবেন না!
প্রথম লেগে অবশ্য রিয়াল কিংবা পিএসজির কোনো দলই গোল করতে পারেনি। সে কারণেই আজ ফিরতি লেগটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আজ জয়ী দলটার সামনে সুযোগ থাকছে দুই ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করে ফেলার। সে ক্ষেত্রে অবশ্য গ্রুপের অন্য ম্যাচে মালমোকে হারতে হবে শাখতার দোনেৎস্কের কাছে।

গোলের জন্য রিয়াল অবশ্যই সবচেয়ে বেশি তাকিয়ে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে, যেমন পিএসজি তাকাবে ইব্রাহিমোভিচের দিকে। ডি মারিয়ার প্রত্যাবর্তনের আবেগটা দূরে সরিয়ে রাখলে এটা আসলে সমকালীন ফুটবলে অন্যতম সেরা দুই তারকার লড়াইও। তবে আগের লেগে দুজনই হতাশ করেছেন। কোনো সন্দেহ নেই আজ দুজনই চাইবেন মঞ্চটা নিজের করে নিতে।

চাপটা রোনালদোর ওপরই বেশি। একে তো নিজের মাঠ বলে তাঁর কাছে সমর্থকদের প্রত্যাশা থাকবে বেশি। তার ওপর চোটের কারণে আজ অনিশ্চিত গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিগেজ ও লুকা মডরিচরা। রদ্রিগেজ ও বেনজেমা অবশ্য সেরে উঠেছেন, তবে ম্যাচে নামার মতো ফিট কি না সেটা রিয়াল কোচ রাফায়েল বেনিতেজের একাদশ না দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

চোটসমস্যা আছে পিএসজিরও। পুরো ফিট না হওয়ায় মাদ্রিদের বিমানে উঠতে পারেননি মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে ও ডিফেন্ডার মারকুইনহোস। দলে থাকলেও অনিশ্চয়তা আছে ডেভিড লুইজ নিয়েও। তবে এর পরও পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা মনে করেন আজ তাঁর দলেরই ভালো খেলার সম্ভাবনা বেশি। সেটার একটা কারণও ব্যাখ্যা করেছেন সিলভা, ‘প্যারিসে আমাদের ওপর জেতার চাপ ছিল, কারণ আমরা নিজের মাঠে খেলছিলাম। আজ সেই চাপটা থাকবে রিয়ালের ওপর। আমরা চেষ্টা করব সুযোগটা নিতে।’

রোনালদোরা কি সেই সুযোগটা দেবেন? এএফপি, রয়টার্স।

আজ মুখোমুখি

                     আস্তানা  :    অ্যাটলেটিকো মাদ্রিদ

              রিয়াল মাদ্রিদ  :    পিএসজি

         শাখতার দোনেৎস্ক  :    মালমো

ম্যানচেস্টার ইউনাইটেড     :   সিএসকেএ মস্কো

                    পিএসভি  :   ভলফ্‌সবুর্গ

                   বেনফিকা  :    গ্যালাতাসারাই

                ম’গ্ল্যাডবাখ  :    জুভেন্টাস

                     সেভিয়া  :     ম্যানচেস্টার সিটি

* স্বাগতিক দল আগে