বার্নাব্যুর জাদুই জিতিয়েছে রিয়ালকে

বার্নাব্যুর জাদু দেখল পিএসজিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রিয়াল। প্রতিপক্ষ দলের আক্রমণে ছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠে ভেরাত্তি; রক্ষণে মারকিনিওস, আশরাফ হাকিমি। গোলবারে জিয়ানলুইজি দোন্নারুম্মা। এমন এক দলের বিপক্ষে জিততে হলে প্রতিপক্ষ দলকে হয় তেমনই তারকাখচিত হতে হবে, না হলে প্রতিপক্ষ কোচকে হতে হবে চরম কৌশলী।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল হতে পারে কিন্তু অন্তত কাল তারকার নামের ভারে পিএসজির সঙ্গে পাল্লা দেওয়ার অবস্থায় ছিল না রিয়াল। সে ক্ষেত্রে কোচ কার্লো আনচেলত্তির কৌশলের প্রশংসা করতে হবে। তবে আনচেলত্তি সে চেষ্টায় যাননি। সরাসরি স্বীকার করে নিয়েছেন, কাল ম্যাচ জেতার সব কৃতিত্ব রিয়ালের বিখ্যাত স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর।

ম্যাচ শুরু হওয়ার আগেই ‘আমরাই ইউরোপের রাজা’ ব্যানার টাঙিয়ে পিএসজিকে সতর্ক করা হয়েছে বার্নাব্যুতে
ছবি: রয়টার্স

প্রথম লেগে ১-০ গোলে হার। হারের চেয়েও খেলার ধরন নিয়েই প্রশ্ন ছিল। ৯০ মিনিট দ্বিতীয় দল হয়ে ছিল রিয়াল। ম্যাচে গোল করার চেষ্টা দেখা গেছে মোটে তিনবার। দ্বিতীয় লেগের শুরুটা প্রাণবন্ত হলেও ধীরে ধীরে বলের দখল বুঝে নিয়েছে পিএসজি। ৩৯ মিনিটে গোলের আগেই আরও ২টি গোল পেতে পারতেন এমবাপ্পে। বিরতির আগে–পরে আরও ২টি। ম্যাচের প্রথম ঘণ্টায় একটি দলই খেলেছে এবং সেটি স্বাগতিক দল নয়।

আনচেলত্তি সব কৃতিত্ব দিয়েছেন বার্নাব্যুর গ্যালারিকে
ছবি: রয়টার্স

৬১ মিনিটে সব বদলে গেল। পিএসজি গোলকিপার দোন্নারুম্মার ভুল থেকে গোল আদায় করে নিয়েছেন করিম বেনজেমা। ম্যাচের গল্পটাও ১৮০ ডিগ্রি বদলে গেল। ম্যাচ শেষে এমন প্রত্যাবর্তন নিয়ে বলতে গিয়ে আনচেলত্তি এর সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন উন্মাতাল, উদ্দাম বার্নাব্যুর গ্যালারিকে, ‘আমরা অনেক ভুগেছি কিন্তু হাল ছাড়িনি। বল পেতে কষ্ট হচ্ছিল। কিন্তু করিমের প্রেশারে সমতা ফেরাতে পেরেছি আর এরপর তো বার্নাব্যুর জাদু হাজির হলো।’

বেনজেমার গোলের পর বার্নাব্যুর চেহারাই বদলে যায়। মাঠে কিছু পিএসজি–সমর্থক ছিলেন কিন্তু ৬১ হাজার দর্শকের মধ্যে তাঁরা আর পাত্তা পাননি। উত্তাল বার্নাব্যু কী করতে পারে, সেটা সপ্তাহের শুরুতেই টের পেয়েছে রিয়াল সোসিয়েদাদ।

মেসি আরও একবার বার্নাব্যু থেকে হতাশা নিয়ে ফিরলেন
ছবি: রয়টার্স

ম্যাচের ১০ মিনিটের মধ্যে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সোসিয়েদাদ। কিন্তু বার্নাব্যুর দর্শক নিজেদের রূপে দেখা দিতেই বদলে যান বেনজেমা-মদরিচরা। এ ব্যাপারে সোসিয়েদাদ মিডফিল্ডার মিকেল মেরিনো এমন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা বলছিলেন, ‘এটা খুব কঠিন...ওরা (মাদ্রিদের খেলোয়াড়েরা) নিজেদের ওপর বিশ্বাস করতে শুরু করে...আর আপনি (প্রতিপক্ষ) নিজেদের নিয়ে দ্বিধায় ভোগেন।’

কাল ওই গোলের পরই বেনজেমা ২-১ করে ফেলেছিলেন প্রায়। তাঁর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু ওই মুহূর্তেই বার্নাব্যু বিশ্বাস করতে শুরু করে, এই ম্যাচে রিয়াল হারবে না। বিশ্বাস ছিল আনচেলত্তিরও, ‘১-১ অবস্থা থেকে শুধু একটা দলই জিততে পারত।’