বার্লিন দেয়ালে লেপ্টে ছিল ফুটবলের হাহাকারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই অভিশপ্ত বার্লিন দেয়াল
সেই অভিশপ্ত বার্লিন দেয়াল

নভেম্বর মাসের ৯ তারিখকে ক্যালেন্ডারে লাল কালি দিয়েই দাগিয়ে রাখেন জার্মানরা। এ দিনটি যে তাঁদের জাতীয় জীবনের এক অত্যাশ্চর্য আনন্দের উপলক্ষ নিয়েই হাজির হয়েছিল ২৫ বছর আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল কষাঘাত যে জাতিকে ভেঙে দুই টুকরো করে দিয়েছিল, ১৯৮৯ সালের এই দিনেই যে সে জাতি খুঁজে পেয়েছিল হারান ভাতৃত্ববোধ। বার্লিন দেয়াল পতনের বার্ষিকী জার্মান রাজনীতির ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা হলেও এই দেয়ালটি যে জার্মান ফুটবলকেও অন্য রকম এক মুক্তির স্বাদ দিয়েছিল সে খবর আমরা রাখি কজন?
হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের লজ্জাজনক পরাজয়ের সৌধ এই বার্লিন দেয়াল হাহাকার তৈরি করেছিল ফুটবল খেলাতেও। আজকের ‘ডি মানশাফট’ নামে পরিচিত জার্মান জাতীয় ফুটবল দলের অঙ্গহানির হেতু হয়ে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকা এই দেয়াল ১৯৮৯ সালের এই দিনে কবর রচনা করেছিল জার্মান ফুটবলের এক দীর্ঘশ্বাসের। পূর্ব ও পশ্চিম প্রান্তে বিভক্ত জার্মানির ফুটবলকে নতুন দিনের আলোর রেখাও দেখিয়েছিল ২৫ বছর আগের এই নভেম্বর মাসটি।
এক ভাষার, একটি দেশ, একটি জাতিকে বিভক্ত করেছিল এই বার্লিন দেয়াল। এই দেয়াল চূর্ণ-বিচূর্ণ করেছিল জার্মানির পূর্ব প্রান্তের হাজারো ফুটবলারের স্বপ্ন। পূর্ব জার্মানির একটি ‘জাতীয় দল’ ছিল বটে, কিন্তু তাদের ছিল না বায়ার্ন মিউনিখ কিংবা বরুসিয়া ডর্টমুন্ডেরর মতো কোনো ক্লাব। দেয়ালের অপর প্রান্তে জাঁকজমকপূর্ণ ‘বুন্দেসলিগা’ ছিল পূর্ব প্রান্তের ফুটবলারদের কাছে ছিল নিষিদ্ধ এক বিষয়।
ওই সময়ের কথা খুব মনে পড়ে ম্যাথিয়াস সামারের। নামটা চেনা চেনা লাগছে না? জার্মান জাতীয় ফুটবল দলের সাবেক তারকা। খেলা ছাড়ার পরেই যেন তাঁর নামটি বেশি দ্যুতি ছড়িয়েছে। বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক এই সামার জীবনের ২২টি বসন্ত পার করেছিলেন পূর্ব জার্মানির কমিউনিস্ট শাসনের রূদ্ধশ্বাস কেন্দ্রে। ফুটবলার হওয়ার স্বপ্নটা তাঁর পূরণ হয়েছিল ঠিকই কিন্তু আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরার স্বপ্নটা ধাক্কা খাচ্ছিল ওই অভিশপ্ত বার্লিন দেয়ালেই। ১৯৮৯ সালের ৯ নভেম্বর যখন বার্লিন দেয়াল ভেঙে ফেলা হলো, সামার তাঁকে দেখেছিলেন নিজের ফুটবল ক্যারিয়ারের আশীর্বাদ হিসেবেই। পরের বছরের (১৯৯০) ৩ অক্টোবর যখন আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি এক হয়ে গেল, তখন ফুটবলের গোটা স্বর্গটাই যেন তাঁর পায়ের নিচে। নিজের প্রতিভা দিয়েই তিনি পরবর্তী সময়ে স্থান করে নেন একীভূত জার্মানির জাতীয় দলে। খেলেন বরুসিয়া ডর্টমুন্ডের মতো দলে। শুধু তা-ই নয়, এই দলের হয়ে ১৯৯৭ সালে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ওহ, বলা হয়নি। ১৯৯৬ সালে ইউরোজয়ী জার্মান জাতীয় দলের অন্যতম গর্বিত সদস্যও ছিলেন তিনি।
সামার স্মৃতিচারণা করে বলেন, ‘এই বার্লিন দেয়াল ছিল জার্মান ফুটবলের জন্যও অভিশাপ। আমরা পূর্ব প্রান্তের ফুটবলাররা স্বপ্ন দেখতাম আরও বড় পরিসরে খেলার, বিশেষ করে বুন্দেসলিগা ছিল আমাদের স্বপ্নের পরিধি। কিন্তু ওই দেয়ালটিই দিচ্ছিল সবকিছু মিথ্যে করে। যে দিন এই দেয়াল পায়ের নিচে নামিয়ে নিয়ে আনা হলো, বিশ্বাস করুন, সেদিন আমি ছিলাম এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
বার্লিন দেয়াল পতনের সেই মুহূর্তটি কোনোদিন ভুলবেন না সামার, ‘আমার মনে আছে সেই মুহূর্তটির কথা। আমি তখন পূর্ব জার্মান জাতীয় দলে খেলি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের (১৯৯০ ইতালি বিশ্বকাপ) একটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছিলাম। এমন সময় খবর এল দেয়াল পতনের। দুই জার্মানির একীভূতকরণের বিষয়টি শুনে আসছিলাম, কিন্তু দেয়াল পতনের খবরে মনে হল আমরা মুক্ত হয়ে গেছি। আমরা এখন বিনা বাধায় পশ্চিমে যেতে পারব। খেলতে পারব স্বপ্নের বুন্দেসলিগা।’
বার্লিন দেয়াল পতনের পরপরই ১৯৯০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল পশ্চিম জার্মানি। গত জুলাইয়ে ব্রাজিল বিশ্বকাপে একীভূত হওয়ার ২৫ বছর পর আসে ঐক্যবদ্ধ জার্মানির প্রথম বিশ্বকাপ শিরোপাটি।