বার্লিন মিলবে বার্লিনে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতেই ইতালির আরএলটু রেডিওর ধারাভাষ্যকার চেঁচিয়ে উঠলেন, ‘কন্তে বলেছিলেন এটা হবে না, কিন্তু অালেগ্রি অন্য রকম ভেবেছিলেন।’ আন্তোনিও কন্তে হয়তো তখন ইতালির নিজের বাড়িতে বসে মুচকি হাসছিলেন। এভাবে যদি নিজের কথা ভুল প্রমাণিত হয়, তাহলে হোক না!
দুই বছর আগের কথা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল জুভেন্টাস। কোচ কন্তে সখেদে বললেন, ‘দেখুন, ইতালিয়ান ফুটবল যেদিক এগোচ্ছে আগামী বেশ কয়েক বছরে আমি কোনো সিরি ‘আ’র ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জিততে দেখছি না।’ তখন জোর গলায় কন্তেকে বিরোধিতা করার মতো কেউ ছিল না। বড় তারকা নেই, গ্যালারিতে দর্শকের আকাল, পৃষ্ঠপোষকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, ম্যাচ পাতানোর অপচ্ছায়া—ইতালিয়ান ফুটবলের অশনিসংকেত দেখে ফেলেছিলেন অনেকে।
জুভেন্টাসের ফাইনালে ওঠায় সেই কালো মেঘ সরিয়ে ঝলমলে সূর্য হেসে উঠেছে, এখনই সে কথা বলার উপায় নেই। এক জুভেন্টাস ছাড়া বাকি দলগুলোর অবস্থা তথৈবচ, এসি মিলান, ইন্টার মিলানের মতো এককালের পরাশক্তিরা এখন পুরোনো স্মৃতি নিয়ে পড়ে আছে। তার পরও ২০১০ সালের পর প্রথম ইতালিয়ান ক্লাব হিসেবে ফাইনালে ওঠা আশার পালে অবশ্যই খানিকটা হাওয়া জোগায়।
শুধু জুভেন্টাসের সাফল্যই তো রূপকথার মতো শোনায়। ২০০৬ সালে বার্লিনে বিশ্বকাপ ট্রফিতে চুমো খেয়েছিলেন বুফনরা। এরপর ম্যাচ পাতানোর অভিযোগে জুভেন্টাসকে নেমে যেতে হয় দ্বিতীয় বিভাগে, কেড়ে নেওয়া হয় শিরোপা। বুফন, কিয়েলিনি, মার্কিসিওরা ওই দুঃসময়েও অনেক প্রলোভন উপেক্ষা করে থেকে গিয়েছিলেন ক্লাবে। এরপর সিরি ‘বি’ থেকে আবার উত্তরণ, সর্বশেষ টানা চার বছর সিরি ‘আ’র রাজ্যপাটে একচ্ছত্র অধিষ্ঠান। কিন্তু একটা অপূর্ণতা থেকে গিয়েছিল। পরশু ক্লাবের কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো টুইট করে সেটিই মনে করিয়ে দিলেন—নিয়তি কি সেই বার্লিনকে বেছে নিয়েছে রূপকথার গল্পের শেষ লাইনটা লেখার জন্য?
সেটা জানা যাবে ৬ জুন। তবে ইতালিয়ান প্রচারমাধ্যম এখনই বুঁদ সেই স্বপ্নে। দেশটির সর্বাধিক প্রচারিত ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর সম্পাদকীয়তে সেটা অসাধারণরকম বাঙ্ময়। এমনিতে ক্লাবটি ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত, দেল্লো স্পোর্ত-এর কলমে সেই বুড়ি এখন তরুণী, ‘দ্য স্কাই, ইয়াং লেডি, ইজ দ্য লিমিট নাও!’
১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল—সেমিফাইনাল ড্রয়ের পর ‘দুর্বল’ জুভেন্টাসকে নিয়ে সমালোচকদের বিদ্রূপ ও টিটকারির মোক্ষম জবাব। ইতালিয়ান চ্যাম্পিয়নদের তো এখন আকাশছোঁয়ার স্বপ্ন দেখার সময়! এএফপি।