বার্সা-অন্তঃপ্রাণ নন নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনই বার্সা ছাড়ছেন না, তবে আজীবনও স্পেনের ক্লাবটিতে থাকার ইচ্ছে নেই নেইমারের। ছবি: এএফপি
এখনই বার্সা ছাড়ছেন না, তবে আজীবনও স্পেনের ক্লাবটিতে থাকার ইচ্ছে নেই নেইমারের। ছবি: এএফপি

লিওনেল মেসির সঙ্গে নেইমারের অমিল কিন্তু আছে অনেক জায়গাতেই। ক্যারিয়ারের ভাবনার কথাই ধরুন। মেসি সব সময়ই বলেন, বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবেন। তবে খুব শিগগির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা না থাকলেও আজীবন এখানে খেলে যাওয়ার ইচ্ছেও নেই ব্রাজিলিয়ান তারকার।
নেইমার তাহলে ক্যারিয়ার কোথায় শেষ করতে চান? ক্যারিয়ারের শেষ দিকে ব্রাজিলেই ফিরে যাওয়ার ইচ্ছা তাঁর। নিশ্চয়ই বলবেন, শৈশবের ক্লাব সান্তোসের প্রতি ভালোবাসাই তাঁকে টানছে। কিন্তু বার্সার সঙ্গে চুক্তি নিয়ে সান্তোস তাঁকে যেভাবে আদালত ঘুরিয়েছে তাতে কি আর সেই ভালোবাসা আছে? সত্যিই নেই। এই তো সেদিন ক্লাবটির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গেল। নেইমার শুভেচ্ছা পর্যন্ত জানাননি। এ নিয়ে তাঁকে কেউ কেউ অকৃতজ্ঞও বলেছেন। কিন্তু নেইমারও তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সান্তোস তাঁর সঙ্গে কী করেছে।
নেইমার তাহলে ব্রাজিলের কোন ক্লাবে যেতে চান? শুনুন তাঁর কণ্ঠেই, ‘আমার খুব ইচ্ছা, একদিন ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলব। ভরা মারাকানায় ফ্ল্যামেঙ্গোর হয়ে কোপা লিবের্তোদোরেসের ম্যাচ খেলব।’ সূত্র: গোল ডটকম।