বার্সা-অ্যাটলেটিকোর হোঁচটের অপেক্ষায় রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদকে দুটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন জিদান। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদকে দুটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন জিদান। ছবি: রয়টার্স

এ যেন আর ফুটবল নয়, পুরোই মিউজিক্যাল চেয়ার! লা লিগার শীর্ষস্থান নিয়ে তো আসলে তাই হচ্ছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে চার ঘণ্টার মধ্যে দুবার শীর্ষস্থান অদলবদল হলো। ঘণ্টায় ঘণ্টায় লা লিগার এমন রূপবদলের মাঝে জিনেদিন জিদান এখন একটি আশাই করছেন। দুই প্রতিদ্বন্দ্বীর হোঁচট খাওয়ার অপেক্ষা!


কাল রাতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে প্রথমে শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। তার দুই ঘণ্টা পরই রায়ো ভায়োকানোকে হারিয়ে শীর্ষে উঠে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের সে আনন্দও স্থায়ী হলো মাত্র দুই ঘণ্টা। রিয়াল বেটিসকে তাদের ঘরের মাঠে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। গত সপ্তাহেও ঘটেছিল ঠিক একই ব্যাপার। প্রত্যাবর্তনের সবচেয়ে নাটকীয় রূপ দেখিয়ে লা লিগার শিরোপা দৌড়ে ফিরে এসেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকায় নিজেদের ভাগ্য নিজেদের গড়ার সুযোগ আর নেই। নিজেদের কাজ সেরে নিয়ে এখন প্রতিপক্ষের অমঙ্গল কামনা করতে হচ্ছে তাদের।

কাল সোসিয়েদাদের মাঠে গ্যারেথ বেলের শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেয়েছে রিয়াল। ম্যাচ শেষে জিদানের কণ্ঠে সেই স্বস্তিই প্রকাশ পেল, ‘৩ পয়েন্ট পাওয়ায় আমি খুশি। আমরা আমাদের কাজ করেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখতে হবে অন্যরা কী করছে। আমাদের জন্য জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। নিজেরা জয় না পেলে কাজটি কঠিন হয়ে যায়।’

গতকাল করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। এই দুজনকে ছাড়া মাঠে নেমে এই প্রথম জয় পেয়েছে রিয়াল। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে বেল-বীরত্বে জিতল রিয়াল। কোচের কণ্ঠে তাই বেল-প্রশস্তি, ‘আমি ওকে নিয়ে খুশি। সে এ মৌসুমে চোটের কারণে অনেক সমস্যায় ছিল, কিন্তু যখন সে ফিট থাকে, তখন সে নজর কাড়বেই। রোনালদো যা করে সেও তা করার ক্ষমতা রাখে।’

কিন্তু বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও লা লিগার শেষ দুই ম্যাচে এই বিবিসির অন্য দুজনকে প্রয়োজন জিদানের, ‘আশা করি বুধবারের আগে সবাই বিশ্রাম পাবে। ক্রিস্টিয়ানো ও করিম ফিট থাকবে এবং আমরা সবাই একসঙ্গে খেলতে পারব।’

কাল রাতে নিজেদের কাজটি করে রেখেছে অ্যাটলেটিকোও। বদলি খেলোয়াড় হিসেবে নামার এক মিনিটের মধ্যেই দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন আতোঁয়া গ্রিজম্যান। তাদের লিগ শিরোপা জয়ের স্বপ্নেও একটাই আশা, বার্সেলোনার হোঁচট খাওয়া। সে জন্যই হয়তো গ্রিজম্যান চ্যাম্পিয়নস লিগকেই গুরুত্ব দিচ্ছেন বেশি, ‘আমদের জন্য জয় পাওয়াটি গুরুত্বপূর্ণ ছিল। আমি গোল করে খুশি। মঙ্গলবারে দারুণ একটি ম্যাচ অপেক্ষা করছে। ফাইনালে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’