
ডেভিড মাইলস লন্ডনে কোনো একটা আবাসিক হোটেলের সঙ্গে স্থায়ী চুক্তিতে চলে যেতে পারেন। ভদ্রলোক যে নিজের বাড়িতে ঢোকার অধিকার হারিয়েছেন! আসলে তাঁর অধিকার কেড়ে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র।
গোলমেলে লাগছে? পরিষ্কার করা যাক। মাইলস সাহেব ইংলিশ ক্লাব আর্সেনালের সচিব। গতকাল সুইজারল্যান্ডের নিয়নে হয়ে যাওয়া ড্র-ই ঠিক করে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনাকে পাচ্ছে আর্সেনাল। অথচ লন্ডন থেকে নিয়নের উদ্দেশে রওনা দেওয়ার সময় পারিবারিক একটি সতর্কবাণী শুনতে হয়েছিল মাইলসকে, ‘ড্রতে যদি বার্সেলোনাই পড়ে, তাহলে আর বাড়ি ফিরে এসো না।’
নিছকই পারিবারিক রসিকতা। তবে মাইলসের পরিবারের মতো অনেক আর্সেনাল সমর্থকই হয়তো চেয়েছিলেন বার্সেলোনাকে এড়িয়ে যেতে। সেটি হলো না। তবে খেলতেই যেহেতু হবে, ভয় পেয়ে আর লাভ কী! ভয় পাচ্ছেন না মাইলসও, তাঁকে ভরসা জোগাচ্ছে গানারদের বর্তমান ফর্ম। এটিকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচ জানিয়ে আর্সেনাল সচিব বললেন, ‘এ মুহূর্তে প্রিমিয়ার লিগের শীর্ষে আছি। ফেব্রুয়ারি-মার্চের দিকে আরও অনেক খেলোয়াড় চোট থেকে ফিরবে। পুরো শক্তির দল নিয়ে তাদের (বার্সা) সঙ্গে খেলাটা বেশ ভালোই জমবে।’
শুধুই বার্সা-আর্সেনালই নয়, আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে এমন ‘ভালোই জমবে’ তালিকায় আছে আরও কয়েকটি ম্যাচ। সঙ্গে থাকবে কিছু কিছু ফেরার গল্পও।
এই মৌসুমেই নাপোলি ছেড়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া রাফায়েল বেনিতেজের ইতালিতে ফেরা নিশ্চিত হয়েছে। রিয়াল মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব এএস রোমার। ফেরা হচ্ছে বায়ার্ন মিডফিল্ডার আর্তুরো ভিদালেরও। এই মৌসুমেই জুভেন্টাস ছেড়ে বায়ার্ন মিউনিখে গেছেন ভিদাল। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে আবারও তুরিনে আসতে হচ্ছে তাঁকে। বায়ার্ন যে লটারিতে পেয়েছে জুভেন্টাসকে।
‘বড়’ ম্যাচ আছে আরও একটি। দলের মানগত বিচারেই শুধু নয়, অর্থের ঝনঝনানিতেও। ‘এল ক্যাশিকো’তে মুখোমুখি হচ্ছে চেলসি ও প্যারিস সেন্ট-জার্মেই। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এই নিয়ে টানা তৃতীয়বার খেলবে দল দুটি। অন্য দলগুলোর মধ্যে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে পিএসভি আইন্দহফেন। বেনফিকার প্রতিপক্ষ রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ। ম্যানচেস্টার সিটিকে পেয়েছে ডায়নামো কিয়েভ। আর নবাগত গেন্ট মুখোমুখি হচ্ছে ভলফ্সবুর্গের।
দেখে মনে হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর জন্যই ড্রটা দুর্ভাগ্য ডেকে এনেছে বেশি। সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারারের টুইটটি দারুণভাবে তুলে ধরেছে ড্রয়ের প্রতিক্রিয়া, ‘আর্সেনাল...উহ্! চেলসি...উহ্! ম্যান সিটি...ভালো ড্র!’ তবে সবচেয়ে মজার টুইট এসেছে ম্যান সিটির অফিশিয়াল টুইটার পেজ থেকে। গত দুবার দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনার সামনে পড়েছিল সিটি, দুবারই হেরেছে। এবার ‘আপদ’টা আর্সেনালের ঘাড়ে চেপে বসায় সিটি টুইটারে লিখেছে, ‘এবার তোমাদের পালা, আর্সেনাল।’
দেখা যাক, আর্সেনাল সিটির চেয়ে ভিন্ন কোনো ফল আনতে পারে কি না। টেন অ্যাকশন, এএফপি।
এক নজরে লিগের শেষ ১৬
গেন্ট
এএস রোমা
পিএসজি
আর্সেনাল
জুভেন্টাস
পিএসভি আইন্দহফেন
বেনফিকা
ডায়নামো কিয়েভ
ভলফ্সবুর্গ
রিয়াল মাদ্রিদ
চেলসি
বার্সেলোনা
বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো মাদ্রিদ
জেনিত সেন্ট পিটার্সবার্গ
ম্যানচেস্টার সিটি