বার্সা কোচ চাকরি ছাড়বেন যদি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্থির ন্যু ক্যাম্পে এনরিকে বললেন আরেক কথা! ছবি: রয়টার্স
অস্থির ন্যু ক্যাম্পে এনরিকে বললেন আরেক কথা! ছবি: রয়টার্স

‘অস্থির ন্যু ক্যাম্প’! কদিন ধরে বার্সেলোনার খবরে এ কথাটিই ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হচ্ছে ক্রীড়া সাংবাদিকদের। কখনো শোনা যাচ্ছে, স্বস্তি ফিরে এসেছে কাতালান জায়ান্টদের ঘরে। আবার পরমুহূর্তে খবর, ন্যু ক্যাম্প তপ্ত হচ্ছে ক্রমেই! সর্বশেষ, কোচ লুইস এনরিকে জানালেন, খোলোয়াড়েরা কথা না শুনলে তিনি চাকরি ছাড়বেন!
ঘটনার সূত্রপাত লিগে গত রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মেসিকে একাদশে না রাখাকে কেন্দ্র করে। পরদিন অনুশীলন বর্জন করলেন মেসি। পরশু এলচের বিপক্ষে ম্যাচে ন্যু ক্যাম্পের গ্যালারি থেকে দুয়ো দেওয়া হলো এনরিকেকে। অন্যদিকে মেসির নামে জয়ধ্বনি! এ ব্যাপারে বারবার সাংবাদিকদের প্রশ্নে জেরবার বার্সা কোচ। সব মিলিয়ে এনরিকে বললেন, ‘অনেক খবর প্রকাশ হয়েছে, সেগুলোর কিছু অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত। এ ভয়ংকর খেলায় আমি জড়াতে চাই না। তবে এটা আমি নিশ্চয়তা দিচ্ছি, যেদিন দেখব খেলোয়াড়েরা আমার কথা শুনছে না, সেদিন চাকরি ছেড়ে দেব।’
মাঠের বাইরের নানা ঘটনার পরও এলচেকে ৫-০ গোলে উড়িয়ে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা। এনরিকে বললেন, ‘আমি মনোযোগ (খেলায়) অব্যাহত রাখব। এমন কিছু হয়নি, যেটা আমার মনোযোগ নষ্ট করে। এ ব্যাপারে ক্লাবের নিশ্চুপ ভূমিকা আমাকে উদ্বুদ্ধ করছে। খেলোয়াড় ও টেকনিক্যাল দল এসব ঘটনার বাইরে আছে। আসলে আমরা এসবে অভ্যস্ত। ’ তথ্যসূত্র: এএফপি।