বার্সা কোচের কথায় খেপেছেন জিদান

কোমানের রেফারি নিয়ে সমালোচনা আর পছন্দ হচ্ছে না জিদানের্ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারিং নিয়ে বিতর্ক যেন রিয়াল মাদ্রিদের পিছু লেগেই আছে! বিশেষ করে করোনাভাইরাসকে পাশ কাটিয়ে গত জুনে ফুটবল আবার ফেরার পর থেকেই রিয়ালের ম্যাচে কখনো রেফারি, কখনো ভিএআর নিয়ে প্রশ্ন উঠছেই। আর রিয়াল কোচ জিনেদিন জিদান হচ্ছেন বিরক্ত। রেফারিং নিয়ে কথা বলতে যে সব সময়ই বেশ অনিচ্ছা তাঁর!

আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে আবার মাঠে নামছে রিয়াল, লিগে তাদের ম্যাচ গ্রানাদার বিপক্ষে। তার আগে আরেকবার রেফারিং বিতর্ক তো বটে, সেটি নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানের কথার উত্তরও দিতে হলো জিদানকে। ফরাসি কিংবদন্তি সোজাসুজিই জানিয়ে দিয়েছেন, কোমানের কথায় তিনি বেশ বিরক্ত হয়েছেন।

রিয়ালের ম্যাচে রেফারিং বিতর্ক নিয়ে কোমানের কী কথা? সেটি এইবারের বিপক্ষে গত রোববার লিগে রিয়ালের ম্যাচে রিয়ালের বিপক্ষে একটি পেনাল্টি না দেওয়া নিয়ে। শেষ পর্যন্ত সেদিন ম্যাচটা ৩-১ গোলে জিতেছে রিয়াল। কিন্তু ম্যাচ ২-১ থাকা অবস্থায় ৮২তম মিনিটে রিয়াল বক্সে রিয়ালের ডিফেন্ডার ও অধিনায়ক সের্হিও রামোসের হাতে বল লাগে। এইবার পেনাল্টির দাবি জানায়, কিন্তু রেফারি তা নাকচ করে দেন। এমনকি মাঠের পাশের মনিটরেও ঘটনাটা আরেকবার দেখেননি রেফারি।

জিদান খেপেছেন কোমানের ওপর।
ছবি: রয়টার্স

সেদিন এ নিয়ে কম কথা হয়নি। এইবার কোচ হোসে মেন্দিলিবার ক্ষোভ জানিয়েছিলেন রেফারি আরও বেশি সময় নিয়ে ঘটনাটা ভালো করে দেখেননি কেন, সেটি নিয়ে। এমনকি মেন্দিলিবার এ-ও জানান, রামোস নিজে মাঠে অন্য খেলোয়াড়দের নাকি বলেছিলেন, তাঁর মনে হয়েছিল রেফারি পেনাল্টি দেবেন। জিদান সব সময়ের মতো রেফারিং বিতর্ক থেকে নিজেকে তফাতেই রেখেছিলেন। স্প্যানিশ দৈনিক মার্কার রেফারিং বিশেষজ্ঞ আন্দুহান অলিভারও রায় দিয়েছিলেন, ওটা পেনাল্টি ছিল।

রেফারির ওই সিদ্ধান্ত নিয়েই পরে কথা বলেন বার্সা কোচ রোনাল্ড কোমান। ‘এমনকি মাদ্রিদের রাস্তায় ১০ জন মানুষকে জিজ্ঞাসা করুন, নয়জনই বলবেন ওটা পেনাল্টি ছিল।’ গত অক্টোবরে বার্সার মাঠে রিয়ালের ৩-১ গোলের জয়ে রামোস নিজে অভিনয় করে একটা পেনাল্টি আদায় করেছিলেন, সেটি নিয়েও হয়তো বার্সা কোচের ক্ষোভ এখনো যায়নি।

তবে রিয়ালের বিপক্ষে পেনাল্টি দেওয়া না–দেওয়া দিয়ে বার্সা কোচের মন্তব্য ভালো লাগেনি জিদানের। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নে ‘জিজু’ সরাসরিই বিরক্তিটা জানিয়ে দিয়েছেন, ‘(কোমানের মন্তব্য শুনে) আমি বিরক্ত হয়েছি ঠিকই। কারণ রেফারিং নিয়ে আলোচনায় আমি কখনো জড়াই না।’

রেফারিদের ভুলকে আর দশজনের ভুলের মতো স্বাভাবিকভাবেই নিচ্ছেন জিদান, ‘রেফারিরা খেলারই অংশ। খেলোয়াড়েরা যেমন ম্যাচে ভুল করে, তেমনি রেফারিদেরও ভুল হতেই পারে। আমি এসব নিয়ে আলোচনায় জড়াই না, কারণ এতে ব্যাপারগুলো আরও জটিল হয়ে যায়। এর বেশি কিছু বলার নেই। আমাদের কাল (আজ) গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে, আমরা সেটি নিয়েই ভাবছি।’

স্পেনে এমনিতেই রেফারিদের সিদ্ধান্ত রিয়ালের পক্ষে যায় বলে গত জুনের পর থেকে বেশ আলোচনা হচ্ছে। জিদানকে কাল সংবাদ সম্মেলনেও মনে করিয়ে দেওয়া হয়, গত অক্টোবরে বার্সেলোনার মাঠে ‘এল ক্লাসিকো’র পর থেকে রিয়ালের পক্ষে পাঁচটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারি, আর বার্সার পক্ষে দেওয়া হয়েছে তিনটি।

সে নিয়ে প্রশ্নে নির্বিকার ফরাসি কিংবদন্তি, ‘এটা সত্যি আমাদের ম্যাচগুলোতে কী হয় না হয় তা নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ বলেই এত আলোচনা হচ্ছে। এসব নিয়ে কথা বলা একটু বেশিই হয়ে যায়, আমাদের কাছে কালকের ম্যাচটিই গুরুত্বপূর্ণ।’

আজকের ম্যাচটিতে জিতলে বার্সার (১৪ ম্যাচে ২৪ পয়েন্ট) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট এগিয়ে যাবে লিগে দুইয়ে থাকা রিয়াল। পয়েন্টে ছুঁয়ে ফেলবে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদকেও, যদিও আতলেতিকো ম্যাচ খেলেছে ১৩টি। আজকের ম্যাচে মিডফিল্ডার লুকা মদরিচকে নামানোর ঝুঁকি নেবেন না বলে জানিয়ে দিয়েছেন জিদান। তবে ফরোয়ার্ড এদেন হ্যাজার্ড চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, তাঁকে ম্যাচে দেখা যেতে পারে বলেও জানিয়ে দিয়েছেন রিয়াল কোচ।