বার্সা কোচের পদ ছেড়ে দিচ্ছেন এনরিকে!

এই মৌসুমে বার্সার শিরোপাত্রয়ী স্বপ্ন পূরণের পথে দূরত্ব কেবল আর মাত্র ছয়টি ম্যাচ। বার্সার কোচ হয়ে প্রথম মৌসুমেই যে কীর্তি গড়েছিলেন পেপ গার্দিওলা, তারই পুনরাবৃত্তির একদম কাছে লুইস এনরিকে। গার্দিওলা চার মৌসুমে ১৪ শিরোপা জিতিয়ে বিদায় নিয়েছিলেন। এনরিকে কটি শিরোপা জেতাতে পারবেন তা এখনো সময়ের মুঠোতেই বন্দী। তবে এরই মধ্যে খবর আসছে, গার্দিওলার চেয়েও কম সময়ে কোচের পদে থাকছেন গার্দিওলারই সাবেক সতীর্থ। এই মৌসুমের পরেই নাকি দায়িত্ব ছেড়ে দেবেন এনরিকে! ট্রেবল জেতানো হয়ে গেলেও নাকি মত পাল্টাবে না তাঁর।
বার্সা ট্রেবল জিতলে এর সিংহভাগ কৃতিত্ব পাবেন কোচ। যতই তাঁর ‘কড়া হেডমাস্টার’সুলভ ভাবমূর্তি নিয়ে সমালোচনা হোক, মৌসুমের শেষে এসে দুর্দান্তভাবে জ্বলে ওঠা বার্সাকে দেখে সবাই মানছেন, প্রথম থেকেই শেষের ছবিটা এনরিকে দেখতে পেরেছিলেন বলেই সেই সুফল পাচ্ছে কাতালান ক্লাবটি। প্রথমে তাঁর ‘রোটেশন’ পদ্ধতি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। টানা অনেকগুলো ম্যাচে এনরিকে নতুন নতুন একাদশ নিয়ে খেলেছেন। সেটি খেলার স্থিতিশীলতা নষ্ট করছে, এনরিকে এখনো নিজের সেরা একাদশই বুঝে উঠতে পারলেন না—এ জাতীয় অনেক সমালোচনা হলেও মৌসুমের সবচেয়ে স্পর্শকাতর সময়টায় চোটমুক্ত এবং ছন্দে ফেরা বার্সার নেপথ্যে ছিল তাঁর সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলার সেই নীতিই।
এসব সমালোচনা তো আছেই। মেসির সঙ্গে একেবারে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে গত জানুয়ারিতেই চাকরি হারাতে বসেছিলেন বলে খবর বেরিয়েছিল। যেটা নিজের জন্য সম্মানজনক মনে করেননি বার্সায় আট বছর খেলা এই সাবেক মিডফিল্ডার। সেই ঝামেলা চুকেবুকে গেলেও সমস্যা দেখা দিয়েছে অন্যখানে। আগামী ১৯ জুলাই বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন। গার্দিওলার ১৪ শিরোপার ১২টি এসেছিল হুয়ান লাপোর্তা সভাপতি থাকার সময়। সেই লাপোর্তাসহ সভাপতি পদে লড়াইয়ে নামা অনেকেই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নতুন কোচ আনার কথা বলেছেন।
বরুসিয়া ডর্টমুন্ডকে বদলে দেওয়া ইয়ুর্গেন ক্লপের নাম উঠে এসেছে বারবার। ক্লপ চরিত্রের দিক দিয়ে গার্দিওলার মতোই, খেলোয়াড়দের সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশে যান। খেলোয়াড়রাও নিজের জীবন দিয়ে দিতে তৈরি থাকে ক্লপের জন্য। ডর্টমুন্ডের দায়িত্ব থেকে মৌসুমের শেষেই সরে যাওয়ার অপেক্ষায় থাকা ক্লপ অবশ্য জানিয়েছেন, আগে এক বছর ছুটি কাটাবেন। তার পর নেবেন সিদ্ধান্ত। বার্সায় চুক্তির দুই বছরের মেয়াদ পূর্ণ করতে তাই সমস্যা হওয়ার কথা নয় এনরিকে।
কিন্তু সভাপতি বদলের সঙ্গে সঙ্গে কোচ বদলের অতীত রেওয়াজের কারণেই কিনা, এনরিকে নাকি আগে থেকেই মাথা উঁচু করে সরে যেতে চাইছেন। এমনটাই জানাচ্ছে তাঁর কাছের সূত্রগুলো। ট্রেবল জিতিয়েই বিদায়—অনেক স্মরণীয় হয়ে থাকবে বার্সেলোনাতেই যুব ক্যারিয়ার শুরু করা এনরিকে। তবে ভক্তদের জন্য তা হয়ে থাকবে অনন্ত আক্ষেপের!