বার্সা খেলোয়াড়দের সমস্যা হচ্ছে না, মনে করেন কোচ

তাঁর কোচিং–দর্শন নিয়ে খেলোয়াড়দের কোনো সমস্যা নেই বলেই মনে করেন কোমান।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার কোচ হয়ে আসার পর থেকেই সময়টা একেবারই পক্ষে নেই রোনাল্ড কোমানের। শুরু থেকেই একের পর এক ধাক্কা সামলাতে হচ্ছে এই ডাচ্‌ কোচকে। গত সপ্তাহ লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ মিলে টানা দুই জয়। কাদিজের কাছে ২-১ গোলে হারের পর ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের কাছে ৩-০ গোলে ভরাডুবি; কোমানের বরখাস্তের দাবিও উঠে গেছে চুপেচাপে।

লা লিগায় এ মুহূর্তে নবম স্থানে আছে বার্সেলোনা। ১০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট। গত ৩২ বছরে প্রথম ১০ ম্যাচ থেকে এত কম পয়েন্ট পায়নি বার্সা। চ্যাম্পিয়নস লিগ যদিওবা শুরুটা ভালো হয়েছিল, কিন্তু গ্রুপের শেষ ম্যাচে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে নাকাল হয়ে এখন বড় ঝুঁকির মধ্যে আছে তারা। ঝুঁকি বলতে শেষ ষোলোতে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া! বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় নাম আছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ডের। এমন ছন্নছাড়া দল নিয়ে বার্সাকে শেষবার কে কবে দেখেছে, এসব নিয়ে চলছে গবেষণা।

কোমানের অবস্থা রীতিমতো শোচনীয়ই। জুভেন্টাসের বিপক্ষে হারের পর তিনি এক অস্বস্তিকর রেকর্ডে নাম লিখিয়েছেন। এখন পর্যন্ত বার্সার কোচ হিসেবে ১৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে জিতেছেন ৯টিতে। হার ৫টিতে আর ড্র ২টি। ১৭ বছর আগে এমন বাজে শুরু ছিল তাঁরই স্বদেশি ফ্রাঙ্ক রাইকার্ডের। তিনি অবশ্য জিতেছিলেন ১৬টির মধ্যে ৮টি।

এমন একটা পরিস্থিতিতে আজ কোমান তাঁর প্রত্যয়হীন দল নিয়ে মাঠে নামবেন লেভান্তের বিপক্ষে। দলের যে অবস্থা, প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য পরীক্ষা। যদিও লা লিগার পয়েন্ট টেবিলে লেভান্তের অবস্থান ১৮। কিন্তু বার্সেলোনা তো খুব ভালো অবস্থানে নেই। ৯ নম্বর দলের সঙ্গে ১৮ নম্বর দলের লড়াই যখন হয়, তখন ৯ নম্বর দল কোনোমতেই স্বস্তি নিয়ে মাঠে নামতে পারে না—বার্সার অবস্থাটা আজ লেভান্তের বিপক্ষে এমনই।

কোমানের কোচিং-দর্শনের সঙ্গে বার্সার খেলোয়াড়েরা ঠিকমতো মানিয়ে উঠতে পারেননি—এমন আলোচনা খুব জোরের সঙ্গেই শুরু হয়েছে। খেলোয়াড়েরাও নাকি এটা নিয়ে বেশ বিরক্ত। এই বিরক্তির বহিঃপ্রকাশ আড়ালে হলেও কোমানের কানেও আসছে বিষয়গুলো। তবে শনিবার ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে এসে কোমান অবশ্য সোজাসাপটাই জানিয়ে দিয়েছেন, কোনো সমস্যা হলে খেলোয়াড়েরা যেন বিষয়গুলো তাঁর সঙ্গে আলাপ করে, ‘কোনো সমস্যা হলে আমাকে জানাতে হবে। আমি সব সময়ই খেলোয়াড়দের ভাবনাকে সম্মান দিয়ে চলি। আমি মনে করি না খেলোয়াড়দের কোনো সমস্যা হচ্ছে। কারণ, সমস্যা হলে বা আমার ওপর যদি তাঁদের আস্থা না থাকত, তাহলে আমি কোনোভাবেই কাজ করতে পারতাম না।’

সমসয়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সা কোচের।
ছবি: রয়টার্স

কোমান মনে করেন, দলের অবস্থার উন্নতি করতে হলে খেলোয়াড়দের মনোযোগের মাত্রা আরও বাড়াতে হবে। দল প্রচুর গোল পেনাল্টি থেকে হজম করছে। জুভেন্টাসের বিপক্ষেও দুটি গোল পেনাল্টি থেকে হজম করতে হয়েছে বার্সেলোনাকে। দুটি পেনাল্টিই মনোযোগের মাত্রাটা একটু বাড়ালে এড়ানো যেত বলে মনে করেন ডাচ্‌ কোচ, ‘আমাদের মনোযোগের মাত্রা বাড়াতে হবে। রক্ষণকাজটা আরও দৃঢ়তার সঙ্গে করতে হবে। আমরা প্রচুর গোল হজম করছি পেনাল্টি থেকে আর ব্যক্তিগত ভুলে। এটা কাটিয়ে উঠতে হবে।’

এ মুহূর্তে ক্লাবের অবস্থাটাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন কোমান, ‘এ মুহূর্তে বার্সেলোনা কঠিন সময় অতিক্রম করছে। এটা কেবল খেলা নিয়ে নয়, অন্য ব্যাপারেও। আমরা তারপরও খেলোয়াড়দের সেরাটা বের করে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আমি দেখছি, আমাদের দলের খেলোয়াড়েরা ভালো করতে উদ্‌গ্রীব, তারা উন্নতি করতে চায় খেলায়। খেলোয়াড়েরা জানে, তাদের কাছে প্রত্যাশাটা কী! সবকিছু দু-এক দিনে বদলে ফেলা যাবে না। সবাই একসঙ্গে কাজ করেই পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।’