বার্সা ছাড়ার ইঙ্গিত দিলেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবে কি বার্সা ছাড়ছেন মেসি? ছবি: রয়টার্স
তবে কি বার্সা ছাড়ছেন মেসি? ছবি: রয়টার্স

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা তো শেকড়-মাটির সম্পর্কের মতোই। সেই কৈশোরেই নিজেকে সঁপে দিয়েছিলেন বার্সার কাছে। এক যুগের বেশি সময় বার্সার সঙ্গে সম্পর্কের বাঁধন তাঁর এতটাই দৃঢ়, তাতে ক্লাব ছাড়বেন মেসি, ভাবাটাও অকল্পনীয়! অথচ সেই মেসি এবার জোর ইঙ্গিতই দিলেন, ভবিষ্যতে বার্সার সঙ্গে সম্পর্কটা অটুট না–ও থাকতে পারে!
সম্প্রতি ২৭ বছর বয়সী এ আর্জেন্টিনা ফরোয়ার্ডকে যখন প্রশ্ন করা হলো—বার্সা ছাড়ার ভাবনা আছে কি না? এ প্রশ্নে মেসির জবাব ছিল, ‘বছরটা ভালো কাটাতে চাই। বার্সার হয়ে শিরোপাগুলো জেতার কথাই ভাবছি এখন। এর বেশি কিছু নয়। এরপর দেখা যাবে...’।
চারবারের ফিফা-বর্ষসেরা এরপর বেশ রহস্য করেই বললেন, ‘ফুটবলে অনেক কিছুই পরিবর্তন হয়। যদিও আমি সব সময়ই বলে এসেছি, এখানেই (বার্সা) থাকতে চাই বাকি জীবন। তবে কখনো নিজের সব চাওয়া পূরণ হয় না।’ ক্লাব ছাড়লে নিজ থেকেই না কি অন্য কারও সিদ্ধান্তে? মেসির উত্তর, ‘এটা অনেকবারই বলেছি—যদি আমার চাওয়ার সঙ্গে সব মিলে যায়, তবে এখানেই থেকে যাব। কিন্তু আগেই তো বললাম, জীবনের সব চাওয়া পূরণ হয় না। ফুটবলে এটা বেশি হয়। এখানে অনেক কিছুই ঘটে।’
কথা হলো, বার্সায় ভবিষ্যৎ​ পরিকল্পনা প্রসঙ্গে মেসির কেন এমন অনিশ্চয়তামূলক মন্তব্য? এটা বেশি শোনা যাচ্ছে কিছুদিন ধরেই। উত্থানের পর গত ১৮ মাসে বার্সায় সবচেয়ে বাজে ফর্ম যাচ্ছে মেসির। পাঁচ বছরের মধ্যে এই প্রথম লিগ, চ্যাম্পিয়নস লিগ—যেকোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের তালিকায় নেই মেসি। অথচ মৌসুমের শুরুতেই মেসির নামটা থাকত সবার ওপরে। গত মৌসুমটা ছিল মেসির জন্য শূন্যতা, হাহাকারে ভরা। বার্সেলোনাকে এনে দিতে পারেননি চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা ডেল রে—বড় শিরোপার একটিও। স্বাভাবিকভাবে বাতাসে ভাসছে প্রশ্ন—নিজের সেরাটা কি দিয়ে ফেলেছেন মেসি? নাকি হারিয়ে ফেলেছেন বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের আকাঙ্ক্ষা?
চলতি মৌসুমের আগে অবশ্য শোনা গিয়েছিল, মেসি নাকি বেতন-সংক্রান্ত সমস্যায় বার্সা ছেড়ে আর্সেনালে পাড়ি জমাতে চেয়েছিলেন! পাশাপাশি স্পেনে করসংক্রান্ত জটিলতা তো আছেই। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে কাতালান জায়ান্টদের ঘরে নাকি ‘সুখে’ নেই আর্জেন্টিনা অধিনায়ক। অবশ্য বার্সা ছেড়ে মেসি যাবেন কি না, তা নির্ভর করছে অনেকগুলো বিষয়ের ওপর। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফার ফি। মেসিকে নিতে হলে রেকর্ড পরিমাণ টাকা ঢালতে হবে যে কোনো ক্লাবকেই। সেটা ১০০ মিলিয়ন ইউরো অতিক্রম করতে পারে। সূত্র: রয়টার্স, গোলডটকম।