বার্সা ছাড়ছেন মেসির প্রধান সহযোগী!

বার্সেলোনা ছাড়ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েই ছিল। গত কয়েক দিন ধরেই চলছিল গুঞ্জন। শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা বাকি ছিল। সেটিও কাল দিয়ে দিলেন বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ - বার্সেলোনা ছাড়ছেন দানি আলভেজ! দুই বছরের চুক্তিতে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।
কাতালান ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি এই মৌসুমেই শেষ। সেটির নবায়ন আর করলেন না আলভেজ। কোপা আমেরিকার প্রস্তুতিতে এখন আছেন ব্রাজিল দলের সঙ্গে। সেখান থেকে কাল ইন্সটাগ্রামে আলভেজ নিজেও বার্সেলোনা সমর্থকদের উদ্দেশে লিখেছেন এক আবেগময় চিঠি।
২০০৮ সালে পেপ গার্দিওলার প্রথম মৌসুমে সেভিয়া ছেড়ে বার্সায় যোগ দিয়েছিলেন। আর এক মাস পরই বার্সেলোনায় তাঁর আট বছর পূর্ণ হতো। সেটি হচ্ছে না, তবে আলভেজ জানিয়েছেন সময়টা উপভোগ করেছেন, ‘জুলাই ২০০৮। প্রথমবারের মতো এই ক্লাবে এসেছিলাম। এরপর থেকেই ড্রেসিংরুমটা নিজের মতো করে ভাগাভাগি করে নিয়েছি। ক্যারিয়ারে সবচেয়ে সুন্দরতম অর্জনগুলোও পেয়েছি। একজন ফুটবলার হিসেবে আমি অনেক গর্বিত, সম্মানিত বোধ করছি। কারণ জীবন আমাকে সুযোগ করে দিয়েছে বিশ্বের সেরা ক্লাবটির জার্সি গায়ে তুলতে। তা-ও এমন এক দশকে যখন অসাধারণ অনেক কোচ ও খেলোয়াড় ক্লাবে ছিলেন।’
রেকর্ডও আলভেজের অর্জনের স্বীকৃতি দিচ্ছে। বার্সেলোনাতে সব মিলিয়ে আট বছরে ২৩টি শিরোপা জিতেছেন, সেগুলো নিয়ে ক্যারিয়ারে সব মিলিয়ে তাঁর ট্রফির সংখ্যা ৩২টি। পেশাদার ক্যারিয়ারে এর চেয়ে বেশি ট্রফি শুধু আছে সাবেক পর্তুগিজ গোলরক্ষক ভিতর বাইয়া (৩৫) ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসের (৩৬)। ডিফেন্ডার হিসেবে অবশ্য শিরোপা সংখ্যায় আলভেজ সবাইকে ছাড়িয়ে গেছেন।
তবে শিরোপা একদিকে রেখেও, বার্সেলোনার দানি আলভেজকে ফুটবল ভক্তরা মনে রাখবে মাঠে অদ্ভুত দর্শন সব নাচের জন্য, বর্ণবাদের প্রতিবাদ করতে মাঠে ছুড়ে ফেলা কলা খেয়ে নেওয়ার জন্য, সব সময়ের হাসিখুশি মনোভাবের জন্য।
আর বিশেষভাবে মনে রাখবেন একজন—লিওনেল মেসি! বার্সেলোনাতে ক্যারিয়ারে যতগুলো গোল করেছেন, তাতে সবচেয়ে বেশি অবদান যে আলভেজেরই। জাভি, আন্দ্রেস ইনিয়েস্তাদের (৩৩টি করে অ্যাসিস্ট) পেছনে ফেলে মেসির ‘সহযোগী’দের তালিকায় সবার ওপরে আছেন ৩৩ বছর বয়সী রাইট ব্যাক, সহায়তা করেছেন ৪২টি গোলে।
আগামী মৌসুমে বার্সেলোনার হয়ে খেলার সময় ডান পাশে তাকালে এই শূন্যতাটা নিশ্চয়ই পোড়াবে মেসিকে! সূত্র: গোলডটকম।