বার্সা ছাড়বেন টের স্টেগেন?

বার্সেলোনার মতো সফল একটা দল ছেড়ে কেউ নিজে থেকে যেতে চায়? একটু ভ্রু-কোঁচকানোর মতো খবরই বটে। কিন্তু এমন কিছুরই তো আভাস পাওয়া গেল গোলরক্ষক টের স্টেগেনের কথায়। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই সংশয়ের কথা জানালেন এই জার্মান। জাতীয় দলের হয়ে বেশ একটা লম্বা বিরতির পর মাঠে নেমেছিলেন ইতালির বিপক্ষে। প্রীতি ম্যাচটায় তার দল অবশ্য ৪-১ গোলের দারুণ জয় পেয়েছে। ম্যাচের পরেই বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে এই অনিশ্চয়তার কথা জানান স্টেগেন।
বার্সার প্রথম পছন্দ তিনি নন। লা লিগার ম্যাচগুলোয় গোল পাহারা দেন ক্লদিও ব্রাভো। স্টেগেন সুযোগ পান চ্যাম্পিয়নস লিগ ও কাপের ম্যাচগুলোতে। তাঁর মাপের একজন গোলরক্ষক মৌসুমের অর্ধেকেরও কম ম্যাচ খেলবেন কেন? এ নিয়েই অসন্তোষ। বেশির ভাগ ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকা কোনো খেলোয়াড়ের জন্যই খুব সুখকর কিছু না। কোচের কাছে নিজেকে মনে হয় উপেক্ষিত।
সাংবাদিকদের যা বললেন তা থেকেও মনে হলো ক্ষোভটা কোচ লুইস এনরিকের ওপরই বেশি, ‘কোচ কী ভাবছে সেটা তো আমার জানার কথা নয়। তা জানতে বরং আপনারা তাঁকেই প্রশ্ন করুন। কোচ তাঁর মতো করে সিদ্ধান্ত নেন। অবশ্যই সেই সিদ্ধান্তগুলোর পেছনে তাঁর নিজস্ব যুক্তি থাকে। তবে এভাবেই চলতে থাকলে ঘটনা আসলে কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার পালা।’