বার্সা ছাড়বেন না সুয়ারেজ, তিনগুণ টাকা দিলেও না

বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়েছেন এক বছর। কিন্তু এরই মধ্যে এই ক্লাবটি লুইস সুয়ারেজ ভালোবেসে ফেলেছেন প্রচণ্ড। এতটাই ভালো তিনি বেসেছেন যে এই মুহূর্তে তিনগুণ বেশি অর্থ দিয়ে কেউ যদি তাঁকে কিনতে চায়, ‘না’ বলে দেবেন তিনি। কোনোমতেই ন্যু ক্যাম্প ছেড়ে যাবেন না!
নিজের জন্য তো বটেই, পরিবার-পরিজনের জন্যও বার্সেলোনাকে একটা আনন্দময় স্থানই মনে করেন তিনি, ‘আমার পরিবার-পরিজন বার্সেলোনায় খুব খুশি। এই শহরটিকে আমি আমার হাতের তালুর মতোই চিনে ফেলেছি। এই মুহূর্তে বার্সেলোনা ছেড়ে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব। এখন যা বেতন পাচ্ছি, তার তিনগুণ অর্থ দিতে চাইলেও আমি না করে দেব।’
তারমানে কী সারাটা জীবনই তিনি বার্সেলোনায় কাটিয়ে দিতে চান? এই প্রশ্নের জবাবটি অবশ্য বেশ কূটনৈতিকভাবেই দিয়েছেন সুয়ারেজ, ‘আমি বলছি না আমি বার্সেলোনার জার্সি গায়ে অবসরে যেতে চাই। তবে এই ক্লাবটিতে আমি দীর্ঘদিনই খেলে যেতে চাই।’
গত মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে এসে বার্সেলোনায় জমে বসেছেন সুয়ারেজ। সতীর্থ লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে গড়ে তুলেছেন আলোচিত এক ‘ত্রয়ী’। লোকে যাকে বলছে ‘এমএসএন।’
সম্প্রতি চোটের কারণে মেসি প্রায় দুই মাস মাঠের বাইরে থাকলেও দলকে এই মহাতারকার অভাব বুঝতে দেননি উরুগুইয়ান তারকা। ব্রাজিলের নেইমারকে নিয়ে তিনি গড়ে তুলেছিলে অসামান্য এক আক্রমণ জুটি।
সম্প্রতি মেসির ন্যু ক্যাম্প ছাড়ার গুজবটা বেশ চাউর। ম্যানচেস্টার সিটি নাকি তাঁর দিকে হাত বাড়িয়ে রেখেছে বেশ বড় অঙ্কের প্রস্তাব নিয়েই। সুয়ারেজ অবশ্য বিশ্বাস করেন মেসি কোনোমতেই বার্সেলোনা ছাড়বেন না, ‘আমার মনে হয়, মেসির বার্সেলোনা ছাড়াটা অসম্ভবই এক ব্যাপার। সে এখানে দারুণ সুখে আছে, আনন্দে আছে। আমার মনে হয় তাঁর পরিবারও বার্সেলোনায় যথেষ্ট আনন্দেই আছে।’ সূত্র: আইএএনএস।