বার্সা ছাড়বেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

এর আগেও অসংখ্যবার প্রশ্নটি করা হয়েছে লিওনেল মেসিকে। তবু ‘ক্যারিয়ার কোথায় শেষ করতে চান’—এ প্রশ্নের জবাবে বরাবরই বলেছেন, বার্সেলোনা। হঠাৎ করেই কি ভোজবাজির মতো পাল্টে গেল কিছু? কাল আর্জেন্টাইন দৈনিক ওলেকে দেওয়া সাক্ষাৎকারে একই প্রশ্নে মেসি যে আর এত আত্মবিশ্বাসের সঙ্গে বার্সেলোনার নামটা বললেন না! বার্সেলোনায় থাকা-না থাকা নিয়ে এখন তাঁর দার্শনিকের মতো জবাব, ‘ফুটবলে অনেক কিছু বদলাতে পারে। আমি সব সময়ই বলেছি যে বার্সায় আমার ক্যারিয়ার শেষ করতে চাই। তবে কখনো কখনো আপনি যেভাবে চান, সেভাবে সবকিছু না-ও হতে পারে।’
তবে কি নিজের ইচ্ছার বিরুদ্ধে বার্সা ছাড়তে হবে মেসিকে? আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেই খোলাসা করেছেন, ‘হ্যাঁ, আমি এটা অনেকবার বলেছি। এটা (বার্সায় থাকা) যদি আমার ওপর থাকত, তাহলে আমি কখনোই ছেড়ে যেতাম না। কিন্তু ওই যে বললাম, কখনো কখনো আপনি যা চান, তা না-ও হতে পারে। এটা আসলে জটিল। বিশেষ করে বার্সেলোনা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আরও বেশি।’ রয়টার্স।