বার্সা ছাড়লে ভালোভাবে ছাড়তে চান মেসি
শিরোনাম দেখে আঁতকে ওঠার কিছু নেই। বার্সেলোনা লিওনেল মেসির ‘জীবন’। সম্ভবত তাঁর পার্থিব জীবনের চেয়েও বেশি প্রিয়। এখনই ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই।
এই ক্লাব মেসির শৈশবের ক্লাব, মেসির ভীষণ ভালোবাসার দল। কাউকে খুব বেশি ভালোবাসলে, খুব কাছাকাছি থাকলে যেমন মাঝেমধ্যে ঠোকাঠুকির শব্দ হয়, মেসি–বার্সেলোনার ক্ষেত্রেও তেমন হয়, যার সর্বশেষ উদাহরণ গত আগস্টে। ভালোবাসার ক্লাব বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
পরে অনেক জল ঘোলা হওয়ার পর কাতালান ক্লাবটিতে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মেসি। কিন্তু এরপর?
বার্সার সঙ্গে এ মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। গুঞ্জনটা তাই আগেই উঠেছে। মেসি বার্সাতেই থেকে যাবেন নাকি পাল্টাবেন নিজের ঠিকানা?
স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’–কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি এ নিয়ে কথা বলেছেন। কিন্তু কোনোকিছুই নিশ্চিত করেননি। বার্সা তাঁর কাছে যেমন ‘জীবন’ তেমনি সেই জীবন কখনো ছেড়ে গেলে ভালোভাবেই যেতে চান এই আর্জেন্টাইন।
আর্থিকভাবে দুঃসময় পার করছে বার্সা। এদিকে ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো ক্লাবগুলো কিনতে চায় ৩৩ বছর বয়সী অন্যতম সেরা এই ফুটবলারকে। ইউরোপের এ দুটি ক্লাব মেসিকে যে পরিমাণ পারিশ্রমিক দিতে চায়, আর্থিক দৈন্যতার কারণে বার্সা পারবে কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
কিন্তু বার্সা ছাড়লে সম্ভাব্য গন্তব্য হিসেবে ইউরোপের কোনো ক্লাবের কথাই বলেননি মেসি। যুক্তরাস্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ক্যারিয়ারের শেষ দিকে যোগ দেওয়ার ইচ্ছা আছে তাঁর। যদিও বার্সায় এখন সুখেই আছেন বলে সাক্ষাৎকারে জানালেন মেসি।
গত আগস্টে বার্সা ছাড়তে বুরোফ্যাক্সের সেই ঘটনার প্রসঙ্গ তুলে মেসি বলেন, ‘আমি সবকিছুর জন্য দুঃখিত। সব সময় বলে এসেছি বার্সেলোনা আমার জীবন। সেই ১৩ বছর বয়স থেকে এখানে আছি। আর্জেন্টিনার চেয়ে বার্সেলোনায় বেশি সময় ধরে আছি। এখানে সবকিছু শিখেছি। এই ক্লাব আমাকে খেলোয়াড় বানিয়েছে।’
ক্যাম্প ন্যু তে নিজের বর্তমান অবস্থাও জানিয়েছেন মেসি, ‘সত্য কথা হলো ভালো আছি। হ্যাঁ, এটাও সত্য যে গত মৌসুমে বাজে সময় কেটেছে কারণ মৌসুমটা যেভাবে শেষ হলো। এরপর বুরোফ্যাক্স...সত্য হলো আমি–ই শুরুতে একটু জল ঘোলা করেছি। কিন্তু এখন ভালো আছি এবং সামনে সব শিরোপার জন্য জান দিয়ে লড়তে চাই। আমি জানি ক্লাব এখন বাজে সময় পার করছে। কিন্তু আমি সামনে তাকাতে চাই।’
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮–২ গোলের হার দিয়ে গত মৌসুম শেষ করেছিল বার্সা। এরপরই বার্সা সভাপতির সঙ্গে মেসির বিরোধের খবর চলে আসে প্রকাশ্যে।
মেসি তখন বলেছিলেন, ‘আমার কাছে মনে হয় এখন সময় পরিবর্তনের। আমি চলে যেতে চাই এবং ভালো করতে চাই।’ কিন্তু নতুন মৌসুমের এ পথ পর্যন্ত আসার পর বার্সার সঙ্গে বিরোধ মিটেছে মেসির। অন্তত তাঁর সুখে থাকার কথায় তেমন মনে হওয়াই স্বাভাবিক।
তবে মৌসুম শেষেই যেহেতু চুক্তির মেয়াদ শেষ হবে আর বার্সাও এর মধ্যে মেসির মেয়াদ বাড়াতে পারেনি, তাই প্রশ্নটা থেকেই যায়। যদিও মৌসুম শেষ হওয়ার আগপর্যন্ত অন্য কোনো ক্লাবের সঙ্গে কথা বলবেন না, এমন প্রতিশ্রুতি নিজেই দিয়েছেন মেসি।
তবে সাক্ষাৎকারে এ কথাও জানিয়ে রাখলেন, ‘আমি জানি বার্সা ছাড়ব কি না। তবে ছাড়লে সবচেয়ে ভালোভাবেই ছাড়তে চাই। কল্পনা করি, হয়তো একদিন এখানে (বার্সা) ফিরব, এই ক্লাবের সঙ্গে কাজ করব, সাহায্য করব। বার্সা যেকোনো খেলোয়াড়ের চেয়ে বড়, আমার চেয়ে বড় তো বটেই। আশা করি নতুন প্রেসিডেন্ট এসে গুরুত্বপূর্ণ সব শিরোপা জিততে সাহায্য করবেন।’