বার্সা ছাড়ার কথা ভেবেছিলেন মেসি!

তাঁকে পেতে চায় না এমন ফুটবল ক্লাব বোধ হয় পৃথিবীতে একটিও নেই। তাঁর স্বাক্ষরের জন্য ব্যাংক ব্যালেন্স ফাঁকা করতেও রাজি ইউরোপের বড় বড় ক্লাবগুলো। কিন্তু লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না। ইউরোপের কিছু ক্লাবের সঙ্গে তাঁর নাম জড়িয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও, তিনি বার্সা ছেড়ে যাবেন বলেও মনে হয় না। যাবেন কীভাবে, মেসি যে বার্সেলোনার সঙ্গে এক সুতোয় বাঁধা। তবে সেই সুতোয় নাকি টান পড়তে বসেছিল। অন্তত মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ হুয়ান সেবাস্তিয়ান ভেরন বলছেন, বার্সা ছাড়ার কথা ভেবেছিলেন মেসি!
সেই ১৩ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন। এরপর থেকে বার্সাই তাঁর ঘর বাড়ি। বার্সার হয়েই একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছেন। অবশ্য গত কয়েক দিনে ম্যানচেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখসহ বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে মেসির নাম জড়িয়ে দলবদলের গুঞ্জন উঠছে। তবে ভেরন বলছেন, এগুলোর কোনোটিই নয়, অনেক আগেই ভেরনেরই সাবেক ক্লাবে ইন্টার মিলানে খেলার আগ্রহ দেখিয়েছিলেন মেসি!
২০ বছরের ক্যারিয়ারে ১২ বার ক্লাব বদল করেছেন ভেরন। কোনো এক ক্লাবে বেশি দিন টিকে থাকতে পারেননি। এক ইতালিতেই খেলেছেন ৪টি ক্লাবে। এর মধ্যে ইন্টারে ছিলেন ধারে যাওয়া খেলোয়াড় হিসেবে। ২০০৪ থেকে ২০০৬—এই দুই বছর চেলসিতে থাকার সময়ে ইন্টারে ধারে খেলেছেন ভেরন।
সেই সময়ই নাকি আর্জেন্টিনা জাতীয় দলে নতুন আসা মেসি তাঁকে বলেছিলেন ইতালিতে খেলার ইচ্ছার কথা। ইতালিয়ান দৈনিক টাট্টুস্পোর্টসকে ভেরন বললেন, ‘অনেক বছর হয়ে গেছে। তবে মেসি একবার আমাকে বলেছিল, ও ইন্টারে খেলতে চায়। তবে পরিষ্কার করে বলতে চাই, ঘটনাটি অনেক আগের।’
অবশ্য ইন্টারও মেসির প্রতি সব সময় আলাদা নজর রেখেছিল। ‘নেরাজ্জুরি’দের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি তো একবার প্রকাশ্যে বলেও ছিলেন, ‘মেসির জন্য যত লাগুক খরচ করতে রাজি আছি।’ মজার ব্যাপার, ভেরন যে সময়ের কথা বলছেন, তখন ইন্টারের সভাপতি ছিলেন সেই মোরাত্তিই। ইন্টারের দুর্ভাগ্য, তা-ও মেসিকে দলে টানতে পারল না।
মেসি-ইন্টার দুই পক্ষের ‘ইচ্ছা’র পরও সেই সময় ইন্টার পারেনি, আর এখন কোনো ক্লাব কীভাবে পারবে? ভেরনও মেসির বার্সা ছাড়ার কোনো সম্ভাবনা দেখছেন না, ‘মাসিমো মোরাত্তি তখন ইন্টারের সভাপতি ছিলেন। তবে সত্যি বলতে গেলে, লিও বার্সা ছেড়ে যাচ্ছে, এমন কিছু আমার কাছে অসম্ভব মনে হয়।’
ভেরনের কথা সত্যি হলে ম্যানচেস্টার সিটি সমর্থকদেরও হতাশই হতে হবে। শুধু নিজে নন, আসার পর গার্দিওলা সবচেয়ে প্রিয় শিষ্য মেসিকেও উড়িয়ে আনবেন বলেই যে স্বপ্ন দেখতে শুরু করেছে সিটি সমর্থকেরা।