বার্সা তাঁকে পাত্তা দেয়নি, কিন্তু ইংল্যান্ডে ছড়াচ্ছেন সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থদের বাহুবন্ধনে জেরার্ড দেউলোফেউ। কাল দলকে জেতানোর পর। ছবি: এএফপি
সতীর্থদের বাহুবন্ধনে জেরার্ড দেউলোফেউ। কাল দলকে জেতানোর পর। ছবি: এএফপি
>

সেমিফাইনালে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল ওয়াটফোর্ড। দেউলোফেউর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে ফাইনালের দেখা পেয়েছে ওয়াটফোর্ড

প্রতিভার ঝিলিক ছিল বলেই যুব প্রকল্প থেকে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ১৭ বছর বয়সে। তারপর কী যে হলো তা স্বয়ং জেরার্ড দেউলোফেউ হয়তো বলতে পারবেন না। এ ক্লাব, সে ক্লাবে কিছুদিন ধারে খেলে থিতু হলেন এভারটনে। বার্সা আবার তাঁকে কিনে উড়িয়ে আনে ইংলিশ ক্লাবটি থেকে। কেন কিনেছিল শুধু কাতালান ক্লাবটিই বলতে পারবে। কারণ, আগের মতোই বেঞ্চে বেশির ভাগ সময় কাটাতে হয় এই স্প্যানিশ ফরোয়ার্ডকে। শেষ পর্যন্ত গত বছর ওয়াটফোর্ডে যোগ দেন দেউলোফেউ। আর কাল রীতিমতো ‘থ্রিলার’ জিতে ইংলিশ দলটিকে তিনি তুলে দিলেন এফএ কাপের ফাইনালে।

সেমিফাইনালে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হয়েছিল ওয়াটফোর্ড। ৬২ মিনিটের মধ্যে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল ওয়াটফোর্ডই। হার দেখতে পেয়ে ঠিক এর ৪ মিনিট পর দেউলোফেউকে মাঠে নামান ওয়াটফোর্ডের কোচ জাভি গার্সিয়া। ৭৯ মিনিটে দুর্দান্ত অ্যাঙ্গেল ফ্লিকে গোল করে ওয়াটফোর্ডের ফেরার আশা জাগিয়ে তোলেন দেউলোফেউ। আর যোগ করা সময়ের ৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ওয়াটফোর্ড সমতায় ফিরেছে অধিনায়ক ট্রয় ডিনির কল্যাণে। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ১০৪ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন দেউলোফেউ।

যে ম্যাচে নিশ্চিত হার দেখছিল ওয়াটফোর্ড, দেউলোফেউয়ের কল্যাণে সেই ম্যাচই জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের পুঁচকে দলটি নাম লেখাল এফএ কাপের ফাইনালে। ইংল্যান্ডের প্রাচীনতম এই টুর্নামেন্টে ৩৫ বছর পর ফাইনালে উঠল ওয়াটফোর্ড। ১৮ মে ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। অর্থাৎ বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে পুনর্মিলন ঘটানোর সুযোগ পাচ্ছেন দেউলোফেউ। ২০১১ সালে গার্দিওলার অধীনেই বার্সার জার্সিতে লা লিগায় অভিষেক ঘটেছিল তাঁর। এখন সেই সাবেক গুরুকে হারানোর প্রস্তুতিই নিতে হবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।