বার্সা ত্রয়ীর শতক

আরও একটি স্বপ্নের রাত গেল বার্সেলোনার, জাভি-মেসি-নেইমার-সুয়ারেজ গেটাফেকে উড়িয়ে দিলেন ৬-০ গোলে। আর পরশু ডর্টমুন্ডের কাছে টাইব্রেকারে হেরে গিয়ে শেষ হয়ে গেছে বায়ার্ন মিউনিখের জার্মান কাপ অভিযান। ইংল্যান্ডে আবারও হেরে গিয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন প্রায় শেষ লিভারপুলের।
উড়ছে এমএসএন ত্রয়ী
ম্যাচের প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল, গোলের নতুন কোনো রেকর্ড গড়ে ফেলবে বার্সেলোনা। ৪০ মিনিটের মধ্যেই স্কোরবোর্ডে ৫ গোল, বার্সা গেটাফেকে নিয়ে ছেলেখেলা করছে। কিন্তু দ্বিতীয়ার্ধে একটির বেশি গোল করতে পারল না তারা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোল। জাভি ও নেইমারের একটি করে। প্রতিটি গোলই চোখজুড়ানো, এমনকি ৯ মিনিটে মেসির পানেনকা পেনাল্টি গোলটিও। বার্সা কোচ লুইস এনরিকে পরে স্বীকারই করেছেন, এক ম্যাচে এত দুর্দান্ত সব গোল এর আগে কবে দেখেছেন মনে করতে পারছেন না। শুরুটা করেছিলেন মেসি, ৪৭ মিনিটে শেষও টেনেছেন মেসিই।
তবে মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর জন্য পরশুর রাতটা ছিল মাইলফলকের। এই মৌসুমে ‘এমএসএনের’ ১০২ গোল হয়ে গেল, বার্সেলোনার ইতিহাসে তিন ফরোয়ার্ড মিলে এটাই সবচেয়ে বেশি গোলের রেকর্ড। শুধু এই বছরই তিনজনের গোল ৫৯! এর আগে ২০০৮-০৯ মৌসুমে মেসি-অঁরি-ইতো মিলে করেছিলেন ১০০ গোল। এত দিন ওটাই ছিল বার্সেলোনার সর্বোচ্চ গোলের রেকর্ড।
বলে রাখা ভালো, ২০১১-১২ মৌসুমে মেসি-সানচেজ-ফ্যাব্রিগাস মিলে করেছিলেন ১০৩ গোল। অবশ্য ফ্যাব্রিগাস ফরোয়ার্ড হিসেবে খেলেননি, এই তিনজনকে তাই ত্রয়ী বলা যায় না। অনিয়মিত খেলে পেদ্রো করেছিলেন ১৩ গোল। সেবার মেসি একাই করেছিলেন ৭৩ গোল।
পেনাল্টিতে বাজিমাত
অবিশ্বাস্যই বটে। টাইব্রেকারে এক দলের কপাল পোড়ে জানা কথা, তাই বলে এমনভাবে? চারটি পেনাল্টি কিকের একটি থেকেও গোল দিতে পারেনি বায়ার্ন! ফিলিপ লাম ও জাবি আলোনসো পিছলে পড়ে কিক মিস করেছেন। মারিও গোটশের কিক ঠেকিয়ে দেন ডর্টমুন্ড গোলরক্ষক মিচেল ল্যাঙ্গেরাক, ম্যানুয়েল নয়্যার লাগিয়েছেন পোস্টে। এতেই জার্মান কাপের ফাইনালে উঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ডর্টমুন্ড। জার্মান কাপ জিতলে ইউরোপা লিগে খেলতে পারবে ইয়ুর্গেন ক্লপের দল। নিজেদের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে একটা কিকেও গোল পেল না বায়ার্ন। নয়্যার পরে স্বীকার করে নিয়েছেন, ‘শ্যুট আউটের শুরুটাই ছিল জঘন্য। ম্যাচটা আমরা ৯০ মিনিটে বা অতিরিক্ত সময়েও জিততে পারতাম।’
সেটা বায়ার্ন পারত। অন্তিম সময়ে শোয়েনস্টাইগারের হেড ল্যাঙ্গেরাক ঠেকিয়ে না দিলে বায়ার্ন আগেই জেতে। ডর্টমুন্ডও তখন ১০ জনের দল, লাল কার্ড দেখে আগেই মাঠ থেকে বেরিয়ে গেছেন কেভিন কাম্পল। তখনো খেলা ১-১ সমতায়। রবার্ট লেভানডফস্কির ২৯ মিনিটের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৭৫ মিনিটে ডর্টমুন্ডকে সমতায় ফেরান অবামেয়াং। সুযোগ পেয়েছিল ডর্টমুন্ডও, রয়েস ও মেখিতারিয়ানের শট দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন নয়্যার।
চোটের থাবা
ট্রেবল জয়ের স্বপ্ন তো শেষই। একের পর এক চোটাঘাতে জর্জরিত বায়ার্ন। চোট কাটিয়ে অনেক দিন পর পরশু ফিরেছিলেন আরিয়েন রোবেন। কিন্তু মাত্রই ১৬ মিনিটের জন্য। পায়ের পেশিতে টান লেগে উঠে গেছেন। পরে জানা গেছে এই মৌসুমটাই শেষ হয়ে গেছে বায়ার্নের ডাচ উইঙ্গারের। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে রবার্ট লেভানডফস্কির। হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন থিয়াগো আলকানতারাও। চ্যাম্পিয়নস লিগে রোবেন তো থাকছেনই না, সংশয় আছে লেভানডফস্কি-আলকানতারাকে নিয়েও।
লিভারপুলের রেকর্ড
আগের দিন এভারটনের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় একটা সুযোগ এসেছিল। পরশু হাল সিটির কাছে ১-০ গোলে হেরে সেটি হেলায় হারাল লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ খেলার ক্ষীণ আশাটুকুও বলতে গেলে নিভেই গেল। ইংলিশ লিগে ম্যাচ বাকি আর চারটি করে, চারে থাকা ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে লিভারপুল। অল রেড কোচ ব্রেন্ডন রজার্স অবশ্য চূড়ান্ত আশাবাদীর মতো বলছেন, এখনো সুযোগ আছে তাদের! এএফপি, রয়টার্স।