বার্সা নেইমারের ‘হৃদয়ের ক্লাব’ কিন্তু পিএসজিতে ‘সুখেই’ আছেন

সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজির অনুশীলনে নেইমার ও মেসিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বার্সেলোনায় একসঙ্গে খেলায় মেসি এবং আমার জন্য এই ম্যাচটা বিশেষ কিছু। সের্হিও রামোসের জন্যও তাই’—কথাটা কোন ম্যাচ নিয়ে, তা না বললেও চলে।

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে শেষ ষোলো ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের মাঠে নামবে পিএসজি। তার আগে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন পিএসজি তারকা নেইমার।

পিএসজি দলবল নিয়ে এখন মাদ্রিদে। অনুশীলনও করেছে মরিসিও পচেত্তিনোর দল। ঘরের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে খানিকটা এগিয়ে আছে প্যারিসের ক্লাবটি।

ফিরতি লেগে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এই ম্যাচ নিয়ে মেসি ও রামোসের প্রসঙ্গ টেনে আনেন নেইমার। রিয়ালে কিংবদন্তি হয়ে ওঠা রামোস গত বছর যোগ দেন পিএসজিতে। চোটে পড়লেও তিনি পিএসজির সঙ্গেই এসেছেন মাদ্রিদে।

পিএসজির কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন নেইমার
ছবি: এএফপি

২০১৭ সালে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেওয়ার আগে বার্সায় চার মৌসুম খেলেছেন নেইমার। পিএসজি এবং বার্সার হয়ে ১১ বার রিয়ালের মুখোমুখি হয়ে ৩ গোল পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড। এর মধ্যে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে করেছেন ২ গোল।

২০১৫ সালের নভেম্বরে রিয়ালের মাঠে বার্সার ৪-০ গোলের জয়ে মূল কারিগর ছিলেন নেইমার। মেসিকেও এই ম্যাচ স্মৃতিমেদুর করে তুলবে। বার্সায় খেলার সময় রিয়ালের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তখন রিয়ালে ছিলেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

বার্নাব্যুর স্মৃতি নিয়ে নেইমার বলেছেন, ‘এখানে অনেক ভালো স্মৃতি আছে। গোল পেয়েছি, করিয়েছি, দারুণ কিছু ম্যাচও খেলেছি। এই মাঠ অবিশ্বাস্য ইতিহাসে ভরপুর। এখানে খেলাই আনন্দের।’

তবে ফিরতি লেগে কাউকে এগিয়ে রাখছেন না নেইমার, ‘পিএসজি-রিয়াল ম্যাচ সব সময়ই ৫০-৫০। কেউ ফেবারিট না। হ্যাঁ, আমরা এগিয়ে আছি তবে সেটা মাথায় রাখাই ভালো। এখানে প্যারিসের চেয়ে ভালো খেলতে হবে আমাদের।’

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিষেধাজ্ঞার জন্য কাসেমিরোকে পাচ্ছে না রিয়াল। নেইমার মনে করেন, রিয়াল যেহেতু কাসেমিরোকে নিয়ে খেলতে অভ্যস্ত ‘কাজটা তাই তাদের জন্য কঠিন হবে। কিন্তু সে না খেললে আমাদেরই লাভ।’

বার্সেলোনায় কাটানো সময় নিয়েও কথা বলেন নেইমার, ‘১৩ বছর বয়সে আরেকটু হলে মাদ্রিদে যোগ দিতাম। কিন্তু জীবন আমাকে বার্সায় নিয়ে এসেছিল। এটা আমার হৃদয়ের ক্লাব। যদিও পিএসজিতে সুখেই আছি।’

শেষ ষোলো প্রথম লেগে পিএসজির হয়ে ম্যাচের শেষ ১৭ মিনিট মাঠে ছিলেন নেইমার। চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন তিনি।

আজ রাতের ম্যাচের আগে নিজের ফিটনেস নিয়ে নেইমার জানালেন, ‘আমি শতভাগ সুস্থ। চোট কাটিয়ে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে। কিন্তু মানসিক ও শারীরিকভাবে সুস্থ। দলকে যেকোনোভাবে সাহায্য করতে চাই। খুব শক্ত মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।’