বার্সা পেরেছে অ্যাটলেটি পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ছয়বারই অন্তত সেমিফাইনাল পর্যন্ত উঠেছে। এবার না পারলে বার্সেলোনার জন্য সেটি হতো মহা বিস্ময়ের। সেটা হয়নি, পরশু অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে বার্সা চলে গেছে শেষ চারে। বার্সেলোনার উত্তরণের পাশে কোপা ডেল রে পরশু রাতে বিদায় দেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদের। ৩-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে গেছে মাদ্রিদের দ্বিতীয় প্রধান দল।
অবৈধভাবে এক খেলোয়াড়কে খেলানোর জন্য রিয়াল মাদ্রিদ বাদ পড়েছিল আগেই। পরশু অ্যাটলেটিকোও নগরপ্রতিদ্বন্দ্বীদের পথেই হাঁটল। এই বছর প্রথমবারের মতো ৩ গোল খাওয়া, তাও আবার নিজেদের মাঠে—এই পরাজয়টাকে ভুলতে সময় লাগবে অ্যাটলেটির।
পাবলো হার্নান্দেজের গোলে ২২ মিনিটেই এগিয়ে গিয়েছিল সেল্টা। ২৯ মিনিটে আতোয়ান গ্রিজমান সমতায় ফেরান স্বাগতিকদের। কিন্তু ৫৬ মিনিটে জন গুইদেত্তির গোলে আবারও এগিয়ে যায় সেল্টা। ৬৪ মিনিটে হার্নান্দেজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায়। ৮২ মিনিটে অ্যাটলেটিকোর অ্যাঞ্জেল কোরিয়া ব্যবধান কমালেও সেটা শুধু সান্ত্বনাই হয়ে থেকেছে। পরাজয়ের পর অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে নিজেদের ভুলগুলোকেই তুলেছেন কাঠগড়ায়, ‘আমরা খুব একটা খারাপ খেলিনি। অনেক সুযোগ পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল করে ফেলেছি। ওরা এসবেরই সুবিধা নিয়েছে।’
বার্সাকেও বিলবাও চোখ রাঙাচ্ছিল। বিলবাওয়ের মাঠে আগের লেগে ২-১ গোলে জিতে আসা বার্সা শেষ চারের পথে এগিয়ে ছিল অনেকটাই। কিন্তু পরশু ইনাকি উইলিয়ামসের ১২ মিনিটের গোলে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের সম্ভাবনা জাগিয়েছিল বিলবাও। তবে শেষ পর্যন্ত মেসি-নেইমার-সুয়ারেজ ত্রিফলার সঙ্গে তাদের পেরে ওঠাটা যে দুরূহ হবে, সেটা অনুমিতই ছিল। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের গোলে সমতা ফেরানো বার্সা এগিয়ে যায় পিকের গোলে। নেইমারের গোলে জয় নিশ্চিত হয় তাদের। গোলশূন্য থেকে গেছেন মেসি!
ম্যাচ শেষে সুয়ারেজ অবশ্য স্বীকার করেছেন, বিলবাওয়ের প্রথম গোল তাঁদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল, ‘ওদের প্রথম গোলটা আমাদের কাজটা অনেক কঠিন করে তুলেছিল। আমরা জানি, প্রথমার্ধে আমরা ভালো করিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা কৌশল বদল করি। শেষ পর্যন্ত ওটাই আমাদের বাঁচিয়ে দিয়েছে।’ এএফপি, মার্কা।