বার্সা-বায়ার্নের জয়রথ ছুটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এদিকে বার্সেলোনা, ওদিকে বায়ার্ন মিউনিখ—লা লিগা ও বুন্দেসলিগার দুই পরাশক্তির জয়রথ ছুটছে নিয়ম মেনেই। ন্যু ক্যাম্পে নেইমারের জোড়া গোলের সঙ্গে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের আরও একটি করে গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আলিয়াঞ্জ অ্যারেনায় হার্থা বার্লিনের বিপক্ষে বায়ার্নের জয়টা ২-০ গোলে।
৩৪ মিনিটে বায়ার্নের হয়ে টমাস মুলার প্রথম গোলটি করার পর ৪১ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন কিংসলে কোম্যান। এই জয়ে বুন্দেসলিগায় এ মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল বায়ার্ন। প্রথম ১৪ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট তুলে নিয়ে গড়ল বুন্দেসলিগার নতুন রেকর্ডও।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার গোল-উৎসব শুরু হয়েছিল নেইমারকে দিয়ে, ম্যাচের ২২ মিনিটেই। ৪১ মিনিটে সুয়ারেজ দ্বিতীয় গোলটি করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। বিরতির পর মাঠে নেমে ৮ মিনিটের মধ্যেই সেটাকে ৩-০ বানিয়ে ফেলেন নেইমার। সতীর্থদের গোলে অবদান রাখলেও মেসি নিজে সুযোগ নষ্ট করছিলেন বারবার। ৮৫ মিনিটে তো তাঁর একটা শটও ফিরে এসেছে ক্রস বারে লেগে। অবশেষে গোলের জন্য মেসির অপেক্ষা ফুরায় যোগ হওয়া সময়ে। নেইমারের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৪-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সনি সিক্স।