বার্সা-রহস্য সমাধানের খোঁজে সিমিওনে

বার্সেলোনার বিপক্ষে খেলা পড়লেই সবকিছু কেমন যেন ওলট-পালট হয়ে যায় ডিয়েগো সিমিওনের। ২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ হওয়ার পর থেকে লা লিগায় কাতালান-জায়ান্টদের একবারও হারাতে পারেনি সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সা-জুজু কাটাতেই চাইবেন এই আর্জেন্টাইন কোচ।
পরিসংখ্যানটাই বড্ড মলিন। বার্সেলোনার বিপক্ষে ১১ ম্যাচের ৮টিতেই হেরেছেন, ড্র করেছেন তিনটি। স্পেনের বাইরে অবশ্য অতটা ভুগতে হয়নি। ইউরোপীয় প্রতিযোগিতায় দুবার জয়ের স্বাদ পেয়েছেন। অথচ অ্যাটলেটিকো মাদ্রিদের সাম্প্রতিক সাফল্যের কান্ডারি হিসেবে সিমিওনের নামই আগে আসে। নিজের কৌশল দিয়েই অ্যাটলেটিকোর খেলার ধারা বদলে দিয়েছেন। দুই মৌসুম (২০১৩-১৪ ও ২০১৫-১৬) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে অ্যাটলেটি। ২০১৩-১৪-তে জিতেছিলেন লা লিগা। জিদানের রিয়াল মাদ্রিদ, গার্দিওলার বায়ার্ন মিউনিখ, এমনকি হোসে মরিনহোর চেলসির বিপক্ষেও জয় পেয়েছেন, শুধু বার্সাই ‘রহস্য’ হয়ে আছে তাঁর জন্য।
অ্যাটলেটিকোর পুরোনো ‘ঘর’ ভিসেন্তে ক্যালদেরনে সর্বশেষ ১১ ম্যাচে বার্সার বিপক্ষে ম্যাচপ্রতি অর্ধেকটা গোল করেছে তার দল। অর্থাৎ, গড়ে প্রতি দুই ম্যাচে এক গোল। মেসি, সুয়ারেজ, আর নেইমারের বার্সেলোনার বিপক্ষে স্বাভাবিকভাবেই সিমিওনে রক্ষণাত্মক খেলিয়েছেন দলকে। এর মাশুলও দিতে হয়েছে। ব্লুগ্রানার বিপক্ষে ম্যাচপ্রতি গোলে মাত্র তিনটি শট নিতে পেরেছে তাঁর দল।
লিগে এবার বার্সেলোনার ফর্ম তো দুর্দান্তই। ৭ ম্যাচের প্রতিটিতেই জিতেছেন মেসিরা। আর সমানসংখ্যক ম্যাচে ৪ জয় আর ৩ ড্র নিয়ে টেবিলের চার নম্বরে অ্যাটলেটিকো। আজকের ম্যাচের আগে পাল্লাটা তাই হেলেই থাকছে বার্সার দিকে।
তবে আজ রাতের ম্যাচ নিয়ে একটু আশাবাদী হতেই পারেন সিমিওনে। এর কারণ বার্সার কোচ! এরনেস্তো ভালভের্দের বিপক্ষে ৯ ম্যাচ খেলে কখনো হারেননি সিমিওনে। জিতেছেন ছয়টি, ড্র করেছেন তিনটি। এবার কি বার্সার বিপক্ষে বহু আরাধ্য জয়ের দেখা পাবেন সিমিওনে? সূত্র: মার্কা।