বার্সা-রিয়ালের দুই রকম যাত্রা
রূপকথা রচনার ঘোর এখনো কাটেনি। কেটে যাওয়ার কথাও নয়। গত বুধবার যে অবিশ্বাস্য গল্প লিখে পিএসজির বিপক্ষে জিতেছে বার্সেলোনা, সেটি তো ইতিহাসেই ঠাঁই পেয়ে গেছে। তবে সেসব আপাতত একপাশে সরিয়ে রাখতে হচ্ছে মেসি-নেইমারদের। আজই আবার খেলতে নামতে হচ্ছে দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে। স্প্যানিশ লিগে আজ ম্যাচ আছে রিয়াল মাদ্রিদেরও। ঘরের মাঠে রিয়াল বেটিসের সঙ্গে খেলবে জিনেদিন জিদানের দল।
দুটি দলের জন্য ম্যাচ দুটি যেন দুই রকম সমীকরণ নিয়ে এসেছে। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ ছিল দুই দলেরই। তাতে জয়ের আগের নাটকীয়তার কারণে বার্সেলোনার ম্যাচটাই বেশি আলোচিত হয়েছে, তবে রিয়ালও তো উঠেছে কোয়ার্টার ফাইনালে। নাটক সেখানেও ছিল। প্রথমার্ধে নাপোলির চোখরাঙানি উপেক্ষা করে শেষ পর্যন্ত রিয়াল জিতেছে অধিনায়ক সার্জিও রামোসের মাথায় চড়ে। তাঁর দুটি হেডই রিয়ালকে দেখিয়েছে জয়ের রাস্তা।
এই জয়ও কি জিদানের কপাল থেকে চিন্তার ভাঁজ মুছতে পেরেছে? হঠাৎ করেই যে রিয়ালের খেলা থেকে হারিয়ে গেছে আগের পরিচিত সেই ধার। গোল খাচ্ছে আগের চেয়ে বেশি, আক্রমণও বা তেমন ভরসা দিতে পারছে কই? এই যেমন, ঘরের মাঠে লিগে সর্বশেষ ম্যাচেও লাস পালমাসের সঙ্গে রিয়াল ড্র করেছে শেষ মুহূর্তের রোনালদো-ঝলকে। মৌসুম শুরুর আগের সেই ধারটাই যেন এখন নেই। বাড়তি অস্বস্তি হয়ে আছে এই তথ্য, লাস পালমাস ম্যাচেই লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া গ্যারেথ বেল আজ থাকছেন না, চোট কেড়ে নিয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকেও। এই দুটি জায়গায় অবশ্য বিকল্পের অভাব নেই। ইসকো, হামেস রদ্রিগেজ, মার্কো অ্যাসেনসিও, লুকাস ভাসকেজ...কাকে রেখে কাকে খেলাবেন জিদান?
জিদানের দুশ্চিন্তা থাকতে পারে, তবে লুইস এনরিকের এ মুহূর্তে ফুরফুরে মেজাজেই থাকার কথা। নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নগুলো তো নিজেই থামিয়ে দিয়েছেন সপ্তাহখানেক আগে। ঘোষণা দিয়েছেন, মৌসুম শেষে বার্সায় আর থাকছেন না। তবে তার চেয়েও বেশি ফুরফুরে থাকবেন দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে। ১৪ ফেব্রুয়ারি পিএসজির সঙ্গে শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে হারের পরই দলের ফর্মেশন বদলে ফেলেন এনরিকে। ৪-৩-৩ ভেঙে করেন ৩-৪-৩। এরপর থেকেই বার্সা উড়ছে। পাঁচ ম্যাচের সব কটিই জিতেছে, গোল করেছে ২১টি, খেয়েছে মাত্র ৪টি। মৌসুমে ট্রেবলের আশাও আবার জাগিয়ে তুলেছে।
একটাই অস্বস্তি বার্সার—চোটের কারণে পিএসজি ম্যাচের নায়ক নেইমারকে আজ পাচ্ছে না তারা। সূত্র: গার্ডিয়ান।