বার্সা-রিয়ালের ভাগ্য ঠিক করে দেবে 'ব্রিফকেস'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা ভর্তি ব্রিফকেসের আদান-প্রদানের অভিযোগ উঠেছে আবার! গার্ডিয়ান থেকে নেওয়া ছবি
টাকা ভর্তি ব্রিফকেসের আদান-প্রদানের অভিযোগ উঠেছে আবার! গার্ডিয়ান থেকে নেওয়া ছবি

শনিবার রাতটি এমনিতেই বারুদে এক রাত হয়ে উঠত। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে কোন দলটি হবে স্প্যানিশ ফুটবলের এ মৌসুমের রাজা-সেটি নির্ধারণ হবে সেদিন। শুধু মাঠের খেলাই যথেষ্ট ছিল। এর মাঝে বাড়তি মসলা যোগ করে দিচ্ছে রেফারি বিতর্ক ও ‘মালেতিনেস’ তত্ত্ব।
শেষ দিনের নাটকে এখন বার্সা-রিয়াল দুই দলের বিপক্ষে পাল্টাপাল্টি রেফারি কেনার অভিযোগ উঠছে। আর ‘মালেতিনেস’ তো আছেই! স্প্যানিশ এই শব্দের মানে হলো টাকা ভর্তি ব্রিফকেস। অভিযোগ উঠেছে বার্সা-রিয়াল দুই দলই প্রতিদ্বন্দ্বীর পথ রুদ্ধ করার জন্য অন্য দলের প্রতিপক্ষকে কাঁড়ি কাঁড়ি অর্থের প্রলোভন দেখাচ্ছে। আর এসব নিয়ে স্প্যানিশ ফুটবলে শুরু হয়ে গেছে তোলপাড়।
স্প্যানিশ ফুটবলে এভাবে উপহার দেওয়া নেওয়ার প্রথা বেশ পুরোনোই। প্রতি মৌসুমে একেবারে শেষ দিকে এসে শিরোপা দৌড়ে টিকে থাকা দলগুলো নতুন এই খেলায় মাতে, ‘প্রতিদ্বন্দ্বীদের প্রতিপক্ষকে উজ্জীবিত করার’ খেলা। এ মৌসুমের কথাই ধরুন, লা লিগার শেষ রাউন্ডের খেলা আগামীকাল শনিবার। সেদিন নিজেদের ম্যাচে জিতলেই হবে না রিয়ালের। বার্সেলোনাকেও হোঁচট খেতে হবে সেদিন। এ অবস্থায় তিনটি পথ খোলা রিয়ালের সামনে। 

১. নিজেদের ম্যাচ জেতা, ২. বার্সেলোনার ড্র ও কিংবা হারের প্রত্যাশা করা, ৩. বার্সেলোনার প্রতিপক্ষ গ্রানাডাকে উজ্জীবিত করা (অবশ্যই বৈধ উপায়ে)।
উজ্জীবিত করার সবচেয়ে সহজ উপায়, অর্থ পুরস্কারের ঘোষণা। লা লিগায় বহুদিন ধরেই ‘ব্রিফকেস’ প্রথা চলে আসছে। তবে গোপন এ প্রথা সবার নজরে প্রথম আসে ২০০৭ মৌসুমে। সেবার লা লিগার শিরোপা নির্ধারিত হয়েছিল শেষ দিনে। সেবারও রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে রুখে দেওয়ার জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিল।
১৯৯৪ লিগেও ভ্যালেন্সিয়াকে পুরস্কৃত করেছিল বার্সেলোনা। কারণ, শিরোপা দৌড়ে থাকা দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ভ্যালেন্সিয়াই শিরোপা তুলে দিয়েছিল বার্সার হাতে। এর আগের দুই মৌসুমেও রিয়াল বার্সার কাছে শিরোপা হারিয়েছিল। দুবারই রিয়ালের শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়ার পেছনে অবদান রেখেছিল টেনেরিফে। তাদের মাঠে গিয়ে খেলা দুই ম্যাচেই হেরেছিল তারা। সে শোকে মাদ্রিদের সংবাদমাধ্যম ওই ম্যাচগুলো কথা বলতে গেলে টেনেরিফে শব্দটি আর উচ্চারণ করতে চায় না, তাদের কাছে টেনেরিফে এখনো ‘সেই অভিশপ্ত দ্বীপ’।
তবে আসলেই ‘ব্রিফকেস’ তত্ত্ব এবার কাজ করবে কি না সেটি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কাতালান সংবাদপত্র স্পোর্টস হেডলাইন করেছে ‘ব্রিফকেস? না, ধন্যবাদ।’ তাদের সেই খবরে গ্রানাডার তিন খেলোয়াড় আইজাক, রুবেন ও লমবানের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘পুরস্কারের কোনো প্রস্তাব গ্রানাডাকে দেওয়া হয়নি।’
তবে এই তিন খেলোয়াড়ই রিয়ালকে আশা জাগাচ্ছেন। এই তিন খেলোয়াড়ই বার্সেলোনা একাডেমি থেকে ছিটকে পড়া খেলোয়াড়। গ্রানাডা দলে আরও আছেন রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে বের হওয়া চারজন। বার্সার কাতালান-শত্রু এসপানিওলের এক সাবেক খেলোয়াড়ও আছেন গ্রানাডায়। তাই বার্সেলোনাকে হারাতে অর্থ পুরস্কার দিয়ে উজ্জীবিত হয়তো না করলেও চলবে রিয়ালের!