বার্সা-রিয়ালের 'বিতর্কিত' জয়

ম্যাচের তখনো দশ মিনিট বাকি। ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ ব্যথা পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন। বার্সেলোনা কোচ লুইস এনরিকের হাতে তখনো দুজন খেলোয়াড় বদলের সুযোগ আছে। অথচ তিনি কিনা বেঞ্চ থেকে কাউকেই নামালেন না ম্যাথিউর বদলে! শেষ দশ মিনিট বার্সা খেলেছে ১০ জন নিয়েই!
অবশ্য ম্যাচের স্কোরলাইন ততক্ষণে হয়ে গেছে বার্সা ৬-১ ভিয়ানোভেন্স। স্প্যানিশ তৃতীয় বিভাগের দলটির বিপক্ষে এমনিতেই জয় নিয়ে খুব বেশি শঙ্কা ছিল না। কোপা দেল রের শেষ ষোলোয় যাওয়াও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, তাই খেলোয়াড়দের নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাননি কোচ লুইস এনরিকে। তবে শেষ ১০ মিনিটে ইচ্ছা করে ১০ জন নিয়ে খেলাটা কতটা ফুটবলীয় চেতনার পরিচয়, সে বিতর্ক কিন্তু উঠে গেছে ইতিমধ্যেই।
বিতর্কের দিক দিয়ে কাল হাতে হাত ধরেই চলেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের বিতর্কটা একটু বেশি ‘ক্ষতি’কারক। তৃতীয় বিভাগের দল কাদিজের মাঠে ৩-১ গোলে জিতেও কোপা দেল রে থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছে বেনিতেজের দল। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যে উইঙ্গার ডেনিস চেরিশেভকে খেলিয়েছে তারা!

আগের রাউন্ডে ভিয়ানোভেন্সের মাঠে ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্য ড্রতে। সেই ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়েছিল বার্সা। কাল ঘরের মাঠে দ্বিতীয় লেগেও খর্বশক্তির দল নামিয়েছেন কোচ লুইস এনরিকে। মেসি-বুসকেটস-পিকেদের দলের বাইরে রেখেছিলেন। ইনিয়েস্তা-নেইমার-সুয়ারেজদেরও বসিয়ে রেখেছেন বেঞ্চে। তবু ভিয়ানোভেন্সকে স্রেফ উড়িয়ে দিয়েছে বার্সা। হ্যাটট্রিক করেছেন সান্দ্রো রামিরেজ। সঙ্গে জোড়া গোল করেছেন মুনির এল হাদ্দাদি। আর এই দুজনের আগে ৪ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করেছিলেন দানি আলভেজ।
তবে ম্যাচ শেষে বড় হয়ে উঠল বিতর্কটাই—কেন সুযোগ থাকা সত্ত্বেও একজন বদলি খেলোয়াড় নামালেন না এনরিকে? সেটাকে ‘ইচ্ছাকৃত নয়’ জানিয়ে বার্সা কোচ ম্যাচ শেষে বললেন, ‘জানি এটা অনেক ভিয়ানোভেন্স সমর্থককে বিরক্ত করেছে। তবে আমি অন্য কোনো খেলোয়াড়ের চোটের ঝুঁকি নিতে রাজি ছিলাম না। যদি এতে প্রতিপক্ষ অপমানিত বোধ করে, তাহলে আমি দুঃখিত। তবে সুযোগ পেলে এটা আবারও করব।’
রিয়ালের বিতর্ক তো আরও ‘ভয়ংকর’। নিষিদ্ধ খেলোয়াড় নামিয়ে দিয়ে কোপা দেল রে থেকেই বাদ পড়ার শঙ্কায় তারা। অবশ্য রোনালদো-বেলদের ছাড়াও কাদিজের বিপক্ষে ম্যাচ জিততে কোনো সমস্যাই হয়নি বেনিতেজের দলের। যে খেলোয়াড়টিকে নিয়ে মূল সমস্যা, ম্যাচের ৩ মিনিটের সময় সেই চেরিশেভের গোল দিয়েই শুরু। এরপর ইসকোর জোড়া গোলে প্রতিপক্ষের মাঠে বড় জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করে রিয়াল। অবশ্য ৮৮ মিনিটে একটা গোল ফেরত দিয়েছিল কাদিজ। তবে তা বার্নাব্যুর দ্বিতীয় লেগে কোনো সমস্যা তৈরি করবে বলে মনে হয় না।
চেরিশেভ-বিতর্কের পরিণতি কী হয় সেটি এখনো জানা যায়নি, তবে কালকের ম্যাচে বেনিতেজকে একটু স্বস্তি দেবে ইসকো-হামেস রদ্রিগেজের ফর্ম। ইসকো জোড়া গোল করেছেন, আর হামেস করেছেন জোড়া অ্যাসিস্ট।