বার্সা-লাস পালমাস ম্যাচ নিয়ে চলছে নাটক!

আজ স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় ভোট। এই রাজ্যের রাজধানী বার্সেলোনায় চলছে উত্তেজনা। এর মধ্যেই বার্সেলোনার ম্যাচ আছে ন্যু ক্যাম্পে। লাস পালমাসের বিপক্ষে ম্যাচটি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল বার্সেলোনা। এই পরিস্থিতির মধ্যে খেলতে রাজি ছিল না তারা। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশন রাজি হয়নি। ফলে ম্যাচটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে বাংলাদেশ সময় রাত আটটায়—বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বার্সা। এর আগে ম্যাচটি হবে কি না, তা নিয়ে ছড়িয়ে পড়েছিল বিভ্রান্তি।
এমনিতেই বার্সেলোনা বনাম লাস পালমাস ম্যাচটিতেও চলমান রাজনৈতিক সংকট প্রভাবিত করেছে। লাস পালমাস তাদের জার্সিতে স্পেনের পতাকা পরে খেলবে বলে জানিয়েছে। সাধারণত ক্লাবের জার্সিতে দেশের পতাকা না থাকলেও এখানে স্পেনের জাতীয়তাবোধ বনাম কাতালোনিয়ার শতবর্ষ পুরোনো দ্বন্দ্ব চলে এসেছে। বার্সেলোনাও কাতালোনিয়ার পতাকা বহন করতে পারে বলে শোনা যাচ্ছিল। ক্লাবটি কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে এর আগে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল।
এর মধ্যে কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের অনুসারীরা লড়াইটা শুধু ব্যালটে সীমাবদ্ধ রাখেনি। রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিপেটা করেছে, রাবার বুলেটও ছুড়েছে। এর মধ্যে বার্সেলোনা ম্যাচ খেলতে রাজি ছিল না। সন্ত্রাসী হামলায় এই শহরে কিছুদিন আগে হতাহতের ঘটনা ঘটেছে। বার্সা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
তখন দুই ধরনের খবর ছড়িয়ে পড়ায় দেখা দেয় বিভ্রান্তি। কাতালানভিত্তিক মিডিয়া র্যাক ১, দিয়ারিও স্পোর্ত, মুন্দো দেপোর্তিভো জানিয়েছে ম্যাচটি স্থগিত করা হয়েছে। আবার বিইন স্পোর্টস জানিয়েছে, ম্যাচটি হবে। তবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। দর্শক ঢুকতে পারবে না। পরে বার্সার পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয় তা। কিন্তু কিছু দর্শক এর মধ্যেও মাঠে ঢুকে পড়ার চেষ্টা করছে বলে জানা গেছে। মাঠের বাইরের এসব অস্থিরতা মাথায় নিয়ে লা লিগায় টানা সপ্তম জয়ের মিশনে নামছে বার্সা।