বার্সা-সেভিয়াই রিয়ালের প্রেরণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। পরশু ম্যাচের শুরুতে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে রোনালদো-দানিলোকে। খানিক পরই সেই দুয়ো রূপ নিল আনন্দ চিৎকারে। কোভাচিচকে দিয়ে প্রথমে গোল করালেন রোনালদো, ৫১ মিনিটে পেলেন গোল। রোনালদো-দানিলোর হাসিতে তাই ভারমুক্ত হওয়ার আনন্দ l এএফপি
সময়টা ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। পরশু ম্যাচের শুরুতে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে রোনালদো-দানিলোকে। খানিক পরই সেই দুয়ো রূপ নিল আনন্দ চিৎকারে। কোভাচিচকে দিয়ে প্রথমে গোল করালেন রোনালদো, ৫১ মিনিটে পেলেন গোল। রোনালদো-দানিলোর হাসিতে তাই ভারমুক্ত হওয়ার আনন্দ l এএফপি

রিয়াল বেটিসের সঙ্গে কোনো রকমে ড্র করেছে বার্সেলোনা। সেভিয়া সেটাও পারেনি, এসপানিওলের কাছে ৩-১ গোলে হেরেই গেছে। নিজেরা পয়েন্ট হারালেও রিয়াল মাদ্রিদের একটা উপকার কিন্তু করে দিয়ে গেছে বার্সা ও সেভিয়া। কী সেটা?
পরশু বার্সেলোনা ও সেভিয়ার ম্যাচ দুটির পর মাঠে নামে রিয়াল। লা লিগার শিরোপা লড়াইয়ে সবচেয়ে কাছের দুই প্রতিদ্বন্দ্বীকে পয়েন্ট হারাতে দেখে রিয়াল খেলে খুব সতর্ক হয়ে। জিনেদিন জিদানের দল একেবারে মরিয়া ছিল যে, পয়েন্ট হারানো যাবে না! রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়ে জিদান তাই বললেন, ‘যখন আপনি সবার শেষে খেলবেন এবং দেখবেন আগেই আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরা পয়েন্ট হারিয়েছে, আপনি জয়ের জন্য একটা বাড়তি প্রেরণা পাবেন। আগের দুটি ম্যাচ দেখার পর আমরা জেতার জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছিলাম।’
সোসিয়েদাদের বিপক্ষে জয়ের নায়ক তিনজন—ক্রিস্টিয়ানো রোনালদো, আলভারো মোরাতা ও মাতেও কোভাচিচ। একটা করে গোল সবার। ম্যাচ শেষ হওয়ার মিনিট বিশেক আগে ১০ জনের দল হয়ে পড়ে সোসিয়েদাদ। তাতে রিয়ালের কাজটা আরও সহজ হয়েছে। শেষ পর্যন্ত দুই শিরোপা-প্রতিদ্বন্দ্বীর পা হড়কানোর পুরো সুবিধা তুলে বার্সেলোনা ও সেভিয়ার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কমও খেলেছে বলে বেশ সুবিধাজনক জায়গায় জিদানের দল।
অথচ লিগ ও কোপা ডেল রে মিলিয়ে আগের ৫ ম্যাচে রিয়ালের জয় ছিল মাত্র একটি। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর রিয়াল হঠাৎই খেই হারিয়েছে বলেই মনে হচ্ছিল। পরশুও যে রিয়ালের শুরুটা খুব ভালো হয়নি। শুরুর দিকে আক্রমণগুলো কেন যেন ঠিক দানা বাঁধছিল না। রোনালদোকে দুয়ো দেওয়া নিয়ে এত কথা, সেই রোনালদোকে আবারও দুয়ো শুনতে হয়েছে। কিন্তু দুয়োকে প্রশংসার স্লোগান বানাতে জানেন তো রোনালদোই।
নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে, খেলাটা তাই গুছিয়ে উঠতে একটু সময় লাগে রিয়ালের। কিন্তু ছন্দ ফিরে পেতেই ৩৮ মিনিটে প্রথম গোল কোভাচিচের। ৫১ মিনিটে রোনালদো পেয়ে যান তাঁর ১৩তম লিগ গোল। ৮২ মিনিটে দুই রিয়ালের লড়াইয়ে আসল ‘রিয়াল’ কে, তা বুঝিয়ে দেন মোরাতা।
লিগের পঞ্চম স্থানে থাকা সোসিয়েদাদের বিপক্ষে জয়টা জিদানের জন্য বেশ স্বস্তির, ‘বেশ কয়েক দিন খুব বাজে ফর্মে থাকার পর অবশেষে আমরা নিজেদের আসল চেহারাটা দেখাতে পেরেছি। একটি শক্তিশালী দলের বিপক্ষে এটি আমাদের পরিপূর্ণ এক পারফরম্যান্স।’
গ্যারেথ বেল, লুকা মডরিচ ও হামেস রদ্রিগেজরা চোট কাটিয়ে ফিরলে রিয়াল আরও দুর্ধর্ষ হয়ে উঠবে বলেও আশাবাদী রিয়াল কোচ, ‘লুকা (মডরিচ) পরের সপ্তাহেই ফিরতে পারবে বলে মনে হচ্ছে। একই কথা হামেসের (রদ্রিগেজ) বেলায়ও। গ্যারেথের (বেল) হয়তো আরও কিছুদিন সময় লাগবে।’ এএফপি, রয়টার্স।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
রিয়াল মাদ্রিদ ১৯ ১৪ ৪ ১ ৫১/১৭ ৪৬
বার্সেলোনা ২০ ১২ ৬ ২ ৫২/১৮ ৪২
সেভিয়া ২০ ১৩ ৩ ৪ ৪৩/২৮ ৪২
অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ ১০ ৬ ৪ ৩৪/১৬ ৩৬
রিয়াল সোসিয়েদাদ ২০ ১১ ২ ৭ ৩১/২৮ ৩৫