বার্সা 'বি'র জয়ের সূত্রে ফাঁস ম্যাচ পাতানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ ফুটবলের নিচের স্তরে চলছে ম্যাচ পাতানোর মহোৎসব! ছবি: এএফপি
স্প্যানিশ ফুটবলের নিচের স্তরে চলছে ম্যাচ পাতানোর মহোৎসব! ছবি: এএফপি

মৌরিতানিয়ার ফরোয়ার্ড শেখ সাদের মন্তব্য নাড়িয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবলকে। তিনি জানিয়েছেন, স্পেনের ঘরোয়া ফুটবলের নিচের দিকে পাতানো খেলার যে চেহারা, তার ভয়াবহতা নাকি কেউ জানে না!

গত ১ এপ্রিল স্পেনের তৃতীয় স্তরের লিগে বার্সেলোনার যুব দল ‘বার্সা বি’ এলদেনসেকে ১২-০ গোলে হারিয়ে দেয়। এর পর থেকে ম্যাচ পাতানোর ব্যাপারটি ধীরে ধীরে আলোচনায় আসতে থাকে। ওই ম্যাচে হেরে রেলিগেশনে পড়ে যায় এলদেনসে। ডাগ আউটে বসে সাদ দেখেছেন, কীভাবে গাণিতিক হিসাবে গোল দিয়ে এলদেনসেকে নিচের স্তরে নামিয়ে দেওয়া হলো।
২৬ বছর বয়সী এই ফুটবলার নিজের কষ্টের কথা জানিয়েছে এইভাবে, ‘ব্যাপারটা মেনে নেওয়া খুবই কষ্টের। কারণ এমন কাণ্ডে খেলোয়াড়েরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। আরও কষ্টের ব্যাপার হচ্ছে, পরে আপনি হঠাৎ দেখবেন, আপনার নিজের সতীর্থরা আপনাকে নিয়ে হাসাহাসি করছে।’
ম্যাচের পরপরই সাদ ফিক্সিং-সংক্রান্ত বিষয়ে নিজের অভিযোগ পুলিশ ও এলদেনসের সভাপতিকে জানিয়েছেন। সাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এর পরপরই পাঁচজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আছেন এলদেনসের ইতালীয় কোচ ফিলিপ্পো ডি পিয়েরো এবং ক্লাবের বিনিয়োগকারী ইতালীয় প্রতিষ্ঠানের প্রধান।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, আর্থিক সংকটে থাকা এলদেনসে ক্লাবে ইতালীয় বিনিয়োগটাই রহস্যজনক। এর সঙ্গে মাফিয়া গোষ্ঠীর কোনো যোগসূত্র থাকতে পারে।
স্প্যানিশ ফুটবলের দুর্নীতি দমন বিষয়ক পরিচালক আলফ্রেডো লরেঞ্জো জানিয়েছেন, ‘এটা হিমশৈলের চূড়ামাত্র। এ ধরনের আরও ঘটনা আছে, যেগুলো আমরা ইতিমধ্যেই জেনেছি, ব্যবস্থা নিয়েছি। অচিরেই যেগুলোর কথা সবাই জানতে পারবে।’
স্প্যানিশ ফুটবলে তৃতীয় ও চতুর্থ ডিভিশনের অবস্থা সবচেয়ে খারাপ। মূলত লা লিগার তুলনায় এই লিগগুলোতে দর্শক ও গণমাধ্যমের আগ্রহ অনেক কম থাকে। এই লিগগুলোতে খেলা খেলোয়াড়দের বেতনও লা লিগার নিচের সারির ক্লাবগুলোর খেলোয়াড়দের তুলনায় নগণ্য। এই লিগের খেলোয়াড়েরা মাসে বেতন পান গড়ে ১ হাজার ইউরো।
স্প্যানিশ খেলোয়াড়দের সংগঠনের প্রধান হাভিয়ের এদো বলেছেন, ‘খেলোয়াড়েরা যে অসৎ এটা বলা ঠিক হবে না। তবে ম্যাচ ফিক্সিংয়ের চারণভূমিতে খেলোয়াড়দের বেতন যদি কম হয়, তাহলে এমন হতেই পারে।’
বাণিজ্যিক সুবিধাদির আকর্ষণে পূর্ব এশিয়া, বলকান ও রাশিয়া ও ইতালিভিত্তিক মাফিয়া চক্র এসব লিগে বিনিয়োগ করে। ম্যাচ পাতানো, জুয়া ইত্যাদি থেকে কাঁচা অর্থ আয়ই এই বিনিয়োগের মূল কারণ। তারা খেলোয়াড়দের সঙ্গেও ম্যাচ পাতানোর চুক্তি করে। কাজ হয়ে গেলে খেলোয়াড়েরা বড় অঙ্কের অর্থ পায়। ওদিকে মাঠের বাইরের নানা লেনদেন থেকে লাভবান হয় এই বিনিয়োগকারীরা। হয়তো বাজি থেকে। হয়তো অন্য ক্লাবকে সাহায্য করে।
এ ধরনের কাজে জড়িতদের চিহ্নিত করা কঠিন। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এখন মাঠের পারফরম্যান্সের দিকে কড়া নজর রাখছে। যেকোনো অদ্ভুত ধরনের পারফরম্যান্সই চলে আসছে সন্দেহের তালিকায়।
সম্প্রতি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ার একটি ক্লাব আসেরো সিএফকে ম্যাচ পাতানোর অভিযোগে নিচের স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। ১৯১৯ সাল প্রতিষ্ঠিত এই ক্লাবের জন্য ব্যাপারটি ছিল রীতিমতো কলঙ্কের। ক্লাব সভাপতি হোস ম্যানুয়াল গিল বলেছেন, ‘গত ১০০ বছরের মধ্য এটি আসেরোর সবচেয়ে কলঙ্কিত মুহূর্ত। আমি দেখেছিলাম বেশ কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। পরে জানলাম আমাদের গোলকিপার একটি গোল ছেড়ে দেওয়ার জন্য ১ হাজার ইউরোর প্রস্তাব পেয়েছিল ফোনে। একটি ম্যাচে তো আমরা ৪৫ মিনিটে ১৫টি কর্নার দিয়েছি প্রতিপক্ষকে।’ আসেরোর বেশ কয়েকজন খেলোয়াড়ও গ্রেপ্তার হয়েছিলেন এই ঘটনায়।
এ সময়ের ক্লাব ফুটবল শাসন করছে স্পেন। সর্বশেষ সাত বছরে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে স্পেনেরই কোনো ক্লাব। ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ী জয়ের কীর্তিও খুব বেশি পুরোনো নয় স্পেনের জন্য। সেই তাদের ঘরোয়া ফুটবলে কী হচ্ছে এসব! সূত্র: এএফপি।