বার্সাই ভালো রিয়াল খারাপ, বললেন ক্যাসিয়াসের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁদছেন ক্যাসিয়াস। কাঁদবেনই তো। ছবি: এএফপি
কাঁদছেন ক্যাসিয়াস। কাঁদবেনই তো। ছবি: এএফপি

মাত্র নয় বছর বয়সে এসেছিলেন রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে। এরপর থেকে রিয়াল মাদ্রিদ আর ক্যাসিয়াস নাম দুটি হয়ে গেছে প্রায় সমার্থক। বিশ্বস্ত হাতে রিয়ালের গোলপোস্ট সামলেছেন বছরের পর বছর। ৩৪ বছর জীবনের ২৫টি বছরই কাটিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। জিতেছেন ১৮টি ট্রফি। অথচ ক্যারিয়ার শেষ করতে হচ্ছে অন্য ক্লাবে! অথচ তাঁর কত দিনের স্বপ্ন এখানেই শেষ করবেন ক্যারিয়ার। ‘এক ক্লাবের এক খেলোয়াড়’ হয়ে থাকবেন পাওলো মালিদিনির মতো।
কিন্তু পেশাদার ফুটবল, কিংবা বলা ভালো ফুটবল-বাণিজ্য কি আর আবেগের মূল্য বোঝে! এ কারণে ক্যাসিয়াসের মা রিয়াল মাদ্রিদের ওপর বেশ খেপেছেন। মারিয়া দেল কারমেন ফার্নান্দেজের অভিযোগ, গত দুই বছর ধরে ক্যাসিয়াসের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটার পুরো দায় ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের।
ফার্নান্দেজ বলেছেন, ‘লরেঞ্জো সাঞ্জ আর ক্যালদেরন (সাবেক দুই সভাপতি) ক্যাসিয়াসের মূল্য বুঝত। কিন্তু পেরেজ পুরোপুরি ভিন্ন ধরনের মানুষ। তিনি কখনোই ক্যাসিয়াসকে পছন্দ করেননি, কারণ ও খাটো। ওকে অনেক বেশি চাপ দেওয়া হতো, মানসিকভাবে ওকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। গত পাঁচ বছর যার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটা অবর্ণনীয়। দলের বাকি খেলোয়াড়দের তুলনায় ওকে অন্যভাবে দেখা হতো। এটা অন্যায়।’
ক্যাসিয়াস যে পোর্তোতে গেলেন, এটাও পছন্দ হচ্ছে না মায়ের। এর পেছনেও নাকি হাত আছে রিয়ালের। তাঁর অভিযোগ, ‘ওর আরও ভালো ক্লাবে খেলার প্রস্তাব ছিল। কিন্তু পেরেজ চান না ক্যাসিয়াস ভালো কোথাও যাক। মোরাতার ব্যাপার করা ভুল তিনি আবার করতে চান না। ক্যাসিয়াস ভালো করুক এটা উনি সহ্য করতে পারবেন না।'
ফার্নান্দেজের চোখে রিয়াল মাদ্রিদের আচরণ অভদ্রতার পর্যায়ে পড়ে। তাঁর কথা শুনে ইঙ্গিত পাওয়া যায়, হয়তো ক্যাসিয়াসকে পেতে চেয়েছিল বার্সা! ক্যাসিয়াসের মা বার্সার প্রশংসা করতে গিয়ে রিয়াল তো বটেই, ক্যাসিয়াসের বর্তমান ক্লাবকেও এক রকম অপমানই করে বসলেন, ‘পোর্তো একটা দ্বিতীয় শ্রেণির দল। আমার ছেলে এর চেয়ে অনেক ভালো দলের যোগ্য, বার্সেলোনার মতো। একজন বিশ্বচ্যাম্পিয়নকে পোর্তোতে মানায় না। বার্সেলোনায় গেলেই আমি খুশি হতাম, ওরা ভদ্রলোক।’
ক্যাসিয়াসের বাবার ভাবনা অবশ্য একটু অন্য রকম। ছেলে রিয়ালে থাকলেই খুশি হতেন। পোর্তোকে বেছে নেওয়ায় হতাশও নন। বার্সার মতো বড় কোনো ক্লাবে গেলে বেঞ্চে যে বসে থাকতে হতো না, তার নিশ্চয়তা কী।