বার্সাই স্প্যানিশ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি গোল। গোলদাতা বার্সার ‘হ্যাটট্রিক-হিরো’ লুইস সুয়ারেজকে ঘিরে সতীর্থদের উল্লাস। গ্রানাডার বিপক্ষে কাল ম্যাচ শেষে এই উল্লাস রূপ নিয়েছে শিরোপা-উৎসবে l এএফপি
আরও একটি গোল। গোলদাতা বার্সার ‘হ্যাটট্রিক-হিরো’ লুইস সুয়ারেজকে ঘিরে সতীর্থদের উল্লাস। গ্রানাডার বিপক্ষে কাল ম্যাচ শেষে এই উল্লাস রূপ নিয়েছে শিরোপা-উৎসবে l এএফপি

‘শুরুতেই গোল করে বার্সেলোনাকে চাপে ফেলে দিতে হবে’—জিনেদিন জিদানের কথাটি ছিল রিয়াল, বার্সা দুই দলের ম্যাচ নিয়েই। ৭ মিনিটেই দেপোর্তিভো লা করুনিয়ার জালে বল পাঠিয়ে কোচকে আশা দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু রিয়াল মাদ্রিদের যদি একজন রোনালদো থাকে, তবে বার্সেলোনারও তো আছে একজন লুইস সুয়ারেজ। এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে ২৪তম লা লিগা শিরোপা নিশ্চিত হলো বার্সেলোনার।
বার্সেলোনার জন্য সমীকরণটি ছিল খুব সহজ। নিজেদের ম্যাচে জিতলেই হবে। আর রিয়ালের ক্ষেত্রে একটু জটিল। শুধু নিজেদের ম্যাচ জিতলেই চলবে না। বার্সেলোনাকেও পয়েন্ট হারাতে হবে। শুরুতেই চাপের মধ্যে পড়ে যদি পা হড়কায় বার্সা—এমন একটা কামনা থেকেই ম্যাচের আগে নিজেদের কর্তব্য জানিয়েছিলেন জিদান—শুরুতেই গোল করতে হবে। রোনালদোর গোলে রিয়াল এগিয়ে যাওয়ার খানিক পরই আরেক ম্যাচে গ্রানাডার গোললাইন থেকে জেরার্ড পিকের হেড ফিরে এল। তখন মনে হচ্ছিল জিদানের কথাই বুঝি সত্য হয়ে গেল। চাপেই কি পড়তে যাচ্ছে বার্সেলোনা?
একটু পরেই মেসির চমৎকার এক পাস পেয়েও হেলায় সুযোগ হারালেন নেইমার। একটু হলেও শঙ্কা জাগছিল, মৌসুমের অর্ধেকেরও বেশি সময় এগিয়ে থেকে শেষ দিনে এসে শিরোপা কি হাতছাড়া হচ্ছে বার্সেলোনার? কিন্তু ২২ মিনিটে জর্ডি আলবার পাসে সুয়ারেজের গোলে স্বস্তি ফিরে পেল বার্সা। এর একটু পরেই করুনিয়ার মাঠে রোনালদোর দ্বিতীয় গোল তবু আশা জাগাল রিয়াল সমর্থকদের মনে—একটি গোলেই তো এগিয়ে বার্সা, গ্রানাডা গোল করলেই ম্যাচ ড্র; শিরোপা উঠে যাবে রিয়ালের হাতে। কিন্তু ৩৮ মিনিটে সব আশা ফুরোল রিয়ালের। দানি আলভেজের ক্রস থেকে সুয়ারেজের হেড যখন আশ্রয় নিল গ্রানাডার জালে, ২-০ গোলে এগিয়ে গিয়ে বার্সা তখন পেতে শুরু করেছে শিরোপার সুবাস।
অন্য মাঠে রিয়ালের খেলায়ও পড়ল তার ছাপ। শিরোপা জেতা অসম্ভব দেখে এতক্ষণ দারুণ খেলা রিয়ালের খেলায় পড়ল আলস্যের ছাপ। বার্সেলোনা শিরোপা ধরে রাখার আনন্দে আক্রমণাত্মক খেলা চালিয়ে গেল। তার ফল মিলল ৮৬ মিনিটে। নেইমারের বাড়িয়ে দেওয়া পাসে হ্যাটট্রিক পূর্ণ করলেন সুয়ারেজ। ৪০ গোল করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজের পিচিচি ট্রফিও নিশ্চিত করে নিলেন উরুগুইয়ান স্ট্রাইকার।
শিরোপা জয়ের পর আন্দ্রেস ইনিয়েস্তা পুরো মৌসুমের গল্পটা বললেন এক বাক্যে, ‘শেষ পর্যন্ত শিরোপা সবচেয়ে ধারাবাহিক দলের জেতা উচিত এবং সেটি আমরাই ছিলাম।’ বার্সার রাতে হতাশাই সঙ্গী হলো রিয়ালের। গত ৮ মৌসুমে মাত্র একবার লা লিগা জিতেছে ক্লাবটি। ১৯৫৩ সালের পর এতটা বাজে সময় পার করেনি লস ব্লাঙ্কোরা। সূত্র: এএফপি।
২৪
লা লিগায় এটি বার্সেলোনার ২৪তম শিরোপা।
৪০
গোল করে এই মৌসুমের পিচিচি ট্রফি জিতলেন লুইস সুয়ারেজ।