বার্সাকে আশ্বস্ত করলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি : বার্সা ছেড়ে যাবেন না কোথাও। ছবি: ফাইল ছবি
লিওনেল মেসি : বার্সা ছেড়ে যাবেন না কোথাও। ছবি: ফাইল ছবি

হাতছানি দিয়ে ডাকছে চীনা ফুটবলের বিরাট অঙ্কের প্রস্তাব। এদিকে এখনো বার্সেলোনায় শুরু হয়নি নতুন চুক্তির আলোচনা। লিওনেল মেসি বার্সেলোনাতে থাকছেন কি না, এই ব্যাপারটি নিয়ে চলছে জোর জল্পনা। তবে বার্সা সমর্থকেরা জেনে খুশি হবেন, আর্জেন্টাইন এই তারকা আশ্বস্ত করেছেন যে তিনি ন্যু ক্যাম্পেই থাকছেন। সমর্থকদের এই খুশির খবরটা দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ।
২০১৮ সালের জুন মাসে শেষ হবে মেসির বর্তমান চুক্তির মেয়াদ। যার অর্থ, আর মাত্র দেড় বছরই বাকি আছে তাঁর চুক্তি শেষ হতে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, শিগগিরই শুরু হবে নতুন চুক্তির আলোচনা। চুক্তির নানা দিক নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে মেসির বাবা হোর্হে বার্সেলোনায় গিয়েছিলেন বলেও খবর আসে। কিন্তু গত রোববার বার্তেমেউ জানিয়েছেন, আলোচনা এখনো শুরু হয়নি। মঙ্গলবারও বলেছেন একই কথা। সঙ্গে দিলেন ভালো খবরটিও, ‘আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা চাই, সে বার্সেলোনাতেই তাঁর ক্যারিয়ার শেষ করুক। বেশি ঝামেলা না করে শিগগিরই আমরা এ ব্যাপারে একটা ঘোষণা দিতে পারব বলে আশা রাখি। বার্সেলোনা চায় চুক্তিটা হোক, মেসিও তা-ই চায়।’
মেসি নিজেও এর আগে অনেকবারই বলেছেন, বার্সেলোনাতেই তিনি তাঁর ক্যারিয়ার শেষ করতে চান। মেসিকেও কাতালানদেরই একজন মনে করেন বার্তেমেউ, ‘সে বার্সেলোনাতে সুখেই আছে। এটা তার ক্লাব। সে কাতালান। সে আমাদের একাডেমি থেকে এসেছে। অসাধারণ এক গল্প আছে তার। আমরা মনে করি, ক্যারিয়ারের বাকিটা সময় সে বার্সেলোনাতেই থাকবে। লিও মেসি আর বার্সা—নাম দুটি একসঙ্গে যায়। সে সেরা খেলোয়াড়, আমরা সেরা ক্লাব।’