বার্সাকে এত সহজে ছাড়বে না লেভান্তে

>স্প্যানিশ ফুটবল ফেডারেশন খারিজ করে দিয়েছে বার্সেলোনার বিরুদ্ধে লেভান্তের অভিযোগ। আর বার্সার এতে স্বস্তি পাওয়ার কথা। কিন্তু লেভান্তে জানিয়েছে এত সহজে ভালভার্দের দলকে ছেড়ে দেবে না তারা
চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় সব পরীক্ষায় ভালোয় ভালোয় উতরে গেছে বার্সেলোনা। লিগে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে, অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে এসেছে। চ্যাম্পিয়নস লিগেও টটেনহাম আর ইন্টার মিলানের মতো দলকে টপকে হয়েছে গ্রুপ সেরা। কিন্তু লেভান্তে আপাতত তাদের জন্য গলার কাঁটা!
স্প্যানিশ ক্লাবটি জানিয়ে দিয়েছে কোপা ডেল রে প্রথম লেগের ঘটনায় বার্সেলোনাকে কোনো ছাড় দেবে না তারা। হুয়ান চুমির বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে দলটির নালিশ খারিজ করে দিয়েছে ফেডারেশন। আর তাই তারা এখন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এর পুনরায় নালিশ জানাবে।
গত ১১ জানুয়ারি কোপা ডেল রে শেষ ষোলো প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল লেভান্তে। সেই ম্যাচে বার্সেলোনার হয়ে খেলেন ক্লাবটির ‘বি’ দলের ডিফেন্ডার চুমি। লেভান্তের অভিযোগ, পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন চুমি, নিয়ম অনুযায়ী তিনি এক ম্যাচ নিষিদ্ধ অর্থাৎ স্কোয়াডের বাইরে থাকবেন। কিন্তু প্রথম লেগে এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাঠে নামিয়েছে বার্সা।
তবে লেভান্তে বড় একটা ভুল করে বসে তা হলো, আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফেডারেশনের অভিযোগ করেছে ক্লাবটি। তত দিনে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে শেষ আটে উঠে গেছে বার্সেলোনা। কিন্তু হাল ছাড়তে নারাজ লা লিগা টেবিলে দশম দলটি। টুইটারে লেভান্তে ঘোষণা দিয়েছে, আইনি লড়াই চালিয়ে যাবে তারা। টুইটে জানিয়েছে তারা, ‘লেভান্তে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ আপিল করবে।’
২৪ জানুয়ারি সেভিয়ার মাঠে কোপা ডেল রে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে মাঠে নামবে লিগ টেবিলে শীর্ষস্থানীয় বার্সেলোনা। ফেডারেশনে লেভান্তের আপিল গৃহীত হলে বিপদে পড়তে পারত আর্নেস্তো ভালভার্দের দল। অভিযোগ প্রমাণ হলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো বার্সাকে। তবে লেভান্তের আপিল খারিজ হয়ে যাওয়ায় আপাতত আর চিন্তার কোনো কারণ নেই রেকর্ড ত্রিশবারের কোপা ডেল রে জয়ী বার্সার।