বার্সাকে কাঁদাতে গ্রানাডা বন্ধু হবে রিয়ালের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল এসপানিওলের বিপক্ষে ম্যাচে বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স
কাল এসপানিওলের বিপক্ষে ম্যাচে বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স

শেষ তিনটি ম্যাচে শিরোপা স্বপ্ন আবার উজ্জ্বল করে তুলেছে বার্সা। অ্যাটলেটিকো ছিটকে গেছে। রিয়াল এখনো ঘাড়ের ওপর অস্বস্তির নিশ্বাস ফেলছে। কিন্তু বার্সার বাকিদের দিকে তাকানোর দরকারটাই বা কী। নিজেদের শেষ ম্যাচটা জিতলেই তো হয়। লুইস এনরিকে মনে করেন, লা লিগার শিরোপাটা বার্সেলোনার প্রাপ্যই।

বার্সা কোচ বলেছেন, ‘মৌসুমের বেশির ভাগ সময় লিগের শীর্ষস্থানটা আমাদেরই ছিল। লিগ শিরোপাটা আমাদের প্রাপ্যই। আশা করি, গ্রানাডার সঙ্গে শেষ ম্যাচটা আমরা সঠিক ফুটবল খেলেই জয় তুলে নিতে পারব।’
এসপানিওলের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গ্রানাডার বিপক্ষে ম্যাচটিকে সাবধানী চোখ দিয়েই দেখেছেন এনরিকে, ‘রেলিগেশনের একটি দল যখন লা লিগার অন্যতম সেরা দলকে হারিয়ে তাদের মুখের গ্রাস কেড়ে নিল (লেভান্তের বিপক্ষে অ্যাটলেটিকোর হার), তখন নির্দিষ্ট করে আসলে কিছুই বলা যায় না। হ্যাঁ, ম্যাচটা আমাদের জন্য কিছুটা কঠিনই হবে। কারণ, ওটা আমরা নিজেদের মাঠে খেলছি না। প্রতিপক্ষের মাঠে অনেক প্রভাবক থাকে, যেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে না। অনেক ধরনের শঙ্কাই আছে আমাদের মনে, তবে সব শঙ্কা আমরা উড়িয়ে দিতে চাই নিজেদের সেরা ফুটবল দিয়েই। আমরা এই মুহূর্তে মূল লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরেই দাঁড়িয়ে।’ 


কাল রিয়ালও ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেয়েছে ৩-২ গোলের এক জয়। তাদের শেষ ম্যাচ দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। ওই ম্যাচটা জিতলেই হবে না, চেয়ে থাকতে হবে গ্রানাডা দিকেও। রিয়াল কোচ জিনেদিন জিদানও আশাবাদী, সেভিয়া বড় উপকারই করে দেবে রিয়ালের, ‘আমি আশা করি, বার্সেলোনার বিপক্ষে দারুণ উদ্দীপনা নিয়েই খেলতে নামবে গ্রানাডা। আমরা এখন দ্বিতীয় স্থানে আছি। আরও একটি ম্যাচ আমাদের হাতে আছে। ফুটবলে সবই সম্ভব। আগে আমাদের করে রাখতে হবে নিজেদের কাজটা। সেটা যে খুব সহজ হবে না, তা বলাই বাহুল্য।’ গ্রানাডাকেই এখন বন্ধু হিসেবে চাইছে রিয়াল।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখার আনন্দ আছে। তবে লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ থেকে ছিটকে পরাটা মানতে কষ্টই হচ্ছে অ্যাটলেটিকো সমর্থকদের। সাধারণ দল নিয়েও রিয়াল-বার্সার সঙ্গে সমানে টক্কর দেওয়া—সব মিলিয়ে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য গর্বিত, ‘আমি খেলোয়াড়দের জন্য দারুণ গর্বিত। পুরো মৌসুমে ওরা যা খেলেছে, তাতে গর্বিত না হয়ে পারা যায় না। ব্যাপারটা দুঃখজনক যে শিরোপার হাতছোঁয়া দূরত্বে এসেও খালি হাতে ফিরতে হচ্ছে আমাদের। তবে আমি খুশি যে পুরো মৌসুমে আমরা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করেছি।’ সূত্র : রয়টার্স।