বার্সাকে ছাড়াই লা লিগা!
স্কটল্যান্ডের পর এবার গণভোট কাতালুনিয়ায়। আগামী ৯ নভেম্বর স্বাধীনতার প্রশ্নে ভোট দেবে কাতালানবাসী। এ নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায় দিলে শুধু কাতালুনিয়া অঞ্চলটাই হারাবে না স্পেন, হারাবে বার্সেলোনাকেও। তখন বার্সেলোনা চাইলেও খেলতে পারবে না লা লিগায়। স্প্যানিশ ফুটবল লিগের (এলএফপি) প্রধান হাভিয়ের তেবাস পরশু জানিয়েছেন আইনি কারণেই বার্সেলোনাকে খেলতে দিতে পারবেন না তাঁরা।
কাতালুনিয়া যদি স্বাধীন হয়েই যায়, তবে কেন বার্সাকে রাখা যাবে না লা লিগায় সেটিরই ব্যাখ্যা দিয়েছেন এলএফপি প্রেসিডেন্ট, ‘কাতালুনিয়া যদি স্বাধীন হয়ে যায়, বার্সেলোনাকে খেলার অনুমতি দেওয়া হবে না। তখন দেশের ক্রীড়া আইনই বিবেচনা করা হবে, যেটি পুরো দেশের জন্যই প্রযোজ্য। যদি এটা হয়েই যায় তাহলে পরিষ্কার, ঐতিহাসিক ক্লাব বার্সাকে হারানোটা স্প্যানিশ ফুটবলের জন্য হবে বিশাল এক ক্ষতি।’
বার্সেলোনাকে ছাড়া লা লিগা! বিশ্বের অন্যতম সেরা লিগের জৌলুশই হারিয়ে ফেলার কথা। তেবাসের কথায়ও সেটি পরিষ্কার, ‘বার্সাকে ছাড়া এলএফপি, আমি কল্পনাই করতে পারি না। তেমনি কাতালুনিয়া ছাড়া স্পেনও আমি চিন্তা করতে পারি না।’
বার্সেলোনা এবার সরাসরি গণভোটের প্রশ্নে কিছু বলছে না, কিন্তু ক্লাবটির দুই খেলোয়াড় জাভি ও জেরার্ড পিকে সরাসরিই স্বাধীনতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এদিকে কাল রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা আশা প্রকাশ করেছেন, বার্সেলোনা লা লিগাতেই থাকবে, ‘লিগে বার্সেলোনার থাকাটা জরুরি। রিয়াল মাদ্রিদ ও বার্সার মতো বড় দুটি ক্লাব পরস্পরের বিপক্ষে খেলবে—ফুটবল তো এটাই।’ রয়টার্স, গোলডটকম।