বার্সাকে পথ দেখাচ্ছে দুই মাদ্রিদ!

ব্যাপারটা এখন হয়ে গেছে অনেকটা উসাইন বোল্টের দৌড়ের মতো। ১০০ মিটার দৌড়ের মাঝের সময়টা বোল্ট এতটাই এগিয়ে যান, চাইলে দুলকি চালেই শেষ করতে পারেন।
বার্সেলোনাও যেমন এখন লা লিগায় এতটাই এগিয়ে গেছে, শিরোপা বলতে গেলে হাতের মুঠোতে। কথাটা আসলে একটু ভুল হলো, দুই মাদ্রিদই যেন হাতে ধরে বার্সেলোনাকে এগিয়ে দিচ্ছে!
লুইস এনরিকের দল এই মুহূর্তে যেমন খেলছে, তাদের রোখা এমনিতেই কঠিন। তার ওপর রিয়াল-অ্যাটলেটিকো মিলে কাজটা যেভাবে সহজ করে দিচ্ছে, তাতে বার্সার শিরোপা না পাওয়াটা এখন হবে অলৌকিক কিছু। কাল যেমন মালাগার সঙ্গে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে। পরে অ্যাটলেটিকো মাদ্রিদও গোলশূন্য ড্র করেছে ভিয়ারিয়ালের সঙ্গে। লা লিগায় এখন ২৫ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৬৩, দুইয়ে থাকা অ্যাটলেটিকো পিছিয়ে আছে ৮ পয়েন্টে। ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল আছে তিনে। বার্সেলোনার তিন ম্যাচে পরাজয় এখন প্রার্থনা করতেই হবে দুই মাদ্রিদকে।
ডিয়েগো সিমিওনে কিন্তু ড্র করেও খুব একটা মন খারাপ করছেন না। বার্সা যে শিরোপা জিতবে, সেটা যে একরকম মেনেই নিয়েছেন, ‘বার্সেলোনা আসলে সবার চেয়ে আলাদা। ওদের বাদ দিলে রিয়াল মাদ্রিদ, সেভিয়া, বিলবাও, আমরা... বাকিদের সবার জন্য কাজটা খুব কঠিন।’ অ্যাটলেটিকো কোচ বরং চ্যাম্পিয়নস লিগে খেলতে পারাটাই এখন প্রাপ্তি মানছেন, ‘আমরা যদি লক্ষ্যের কথা বলি, তাহলে আমরা ঠিক পথেই আছি। অবশ্যই জিততে পারলে ভালো হতো, কিন্তু এখনো ভিয়ারিয়াল আমাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে। আমরা নিজেদের জন্য যে চূড়াটা ঠিক করেছিলাম, সেটার পথে অনেক দূর এগিয়ে গিয়েছি।’
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান এখনো আশার মিটমিটে সলতেটা জ্বালিয়ে রাখতে চাইছেন, ‘অনেকেই ভাবতে পারে লা লিগা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা ব্যাপারটা এভাবে দেখছি না। দুই পয়েন্ট হারানোয় কাজটা অনেক কঠিন হয়ে গেছে, এটা ঠিক। তবে আমরা হাল ছেড়ে দেব না। এখনো আরও অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।’
লা লিগার সাম্প্রতিক ইতিহাসেও এত পেছন থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ নেই। সর্বশেষ যেবার দারুণ একটা প্রত্যাবর্তনের কাহিনি কোনো দল লিখেছিল, সেটা সেই ২০০৬-০৭ মৌসুমে। ২৫ ম্যাচ শেষে সেবার সেভিয়া থেকে ৬ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। শেষ পর্যন্ত ফ্যাবিও ক্যাপেলোর দলই লিগ জিতেছিল। এবার কি সেরকম কিছু করতে পারবে? এবার কিন্তু ব্যবধানটা ৬ পয়েন্টেরও নয়, আরও আরও বেশি! সূত্র: মার্কা, ইএসপিএন।