বার্সাকে প্রতারক বলছেন রোনালদো
মেসিকে কি সতর্কই করলেন রোনালদো? লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে নাটকটা চলছে দেড় বছর ধরে। আর্জেন্টাইন অধিনায়ক আসলেই বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে পারবেন কি না, এ নিয়েও তাই সন্দেহ জাগছে। এর মধ্যে নতুন আলোচনার খোরাক জুগিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ‘দ্য ফেনোমেনোনে’র অভিযোগ, চুক্তি নিয়ে তাঁর সঙ্গেও প্রতারণা করেছিল বার্সা!
বার্সেলোনায় রোনালদো খেলেছিলেন মাত্র একটি মৌসুম। ১৯৯৬-৯৭ মৌসুমে এসেই লা লিগায় ৩৪ গোল! সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ ম্যাচে ৪৭ গোল। নতুন কোনো ক্লাবে এর চেয়ে ভালো শুরু চিন্তাই করা যায় না। তবু তাঁকে ইন্টার মিলানের কাছে বিক্রি করে দিয়েছিল বার্সেলোনা। এত দিন পর রোনালদো দাবি করলেন বার্সেলোনাতেই থাকতে চেয়েছিলেন তিনি। কাতালান ক্লাবটির কারণেই সেটি সম্ভব হয়নি, ‘বার্সেলোনায় খেলার অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত। কিন্তু আমার পক্ষে সেখানে থাকা সম্ভব হয়নি। তবে এতে আমার কোনো দোষ নেই।’
খেলোয়াড়দের সঙ্গে চুক্তির ব্যাপারে বার্সেলোনা যে কতটা অদ্ভুতভাবে এগোয় সেটা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী স্ট্রাইকার, ‘মৌসুম শেষ হওয়ার মাসখানেক আগে চুক্তি নবায়নের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম। কিন্তু ঠিক এক সপ্তাহ পরেই বার্সেলোনার আইনজীবী ও সভাপতি জানিয়ে দেন, চুক্তিটি নাকি অযৌক্তিক। তাই যে ক্লাব আমার রিলিজ ক্লজ ২৯ মিলিয়ন ইউরো দিতে রাজি হবে, সেখানেই আমাকে বিক্রি করে দেবে।’
রোনালদোর দাবি, বার্সেলোনার চরিত্র এখনো বদলায়নি। এখনো খেলোয়াড়দের সঙ্গে প্রতারণা করে বার্সা, ‘দর-কষাকষির সময় ওরা এখনো নোংরামি করে। ওরা একদম ভিন্ন উপায়ে এ কাজগুলো করে, যেমন নেইমারের সঙ্গে ওদের চুক্তিটাই ধরুন। কী হয়েছে, সেটা তো আমরা এখনো জানি না।’ ইএসপিএন।