বার্সাকে বিদায়ী উপহার দিলেন পেদ্রো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনাকে বিদায়ী উপহারটা দিয়ে দিলেন পেদ্রো। ছবি: রয়টার্স।
বার্সেলোনাকে বিদায়ী উপহারটা দিয়ে দিলেন পেদ্রো। ছবি: রয়টার্স।

বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজের ওপর বেজায় চটে গেলেন পেদ্রো রদ্রিগেজ। তিনিই তো সংবাদমাধ্যমকে বলে দিয়েছেন পেদ্রোর ন্যু ক্যাম্প ছাড়ার বিষয়টি। পেদ্রো বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন এমন কথাবার্তার মধ্যেই কিনা, উয়েফা সুপার কাপের ফাইনালের লাইনআপে স্থান পেলেন না তিনি। ব্যাপারটা কেবল আহতই নয়, মনে মনে বেজায় ক্ষুব্ধ করে তুলেছিল পেদ্রোকে। কিন্তু কী আশ্চর্য! কোচ যে খেলোয়াড়কে প্রথম একাদশেই ভাবেননি, সেই খেলোয়াড়টিই কিনা সাইড বেঞ্চ থেকে মাঠে এসেই দলকে উপহার দিলেন দারুণ এক জয়।

সুপার কাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে বাঁচালেন পেদ্রো। ২০০৯ সালে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচের ১১৫ মিনিটে জয়সূচক গোল করেছিলেন তিনি। ঘটনাচক্রে ছয় বছর পর সেভিয়ার বিপক্ষে এই সুপার কাপের ফাইনালেই ঠিক ১১৫ মিনিটে গোল করে দলের শিরোপা-জয়ের অনুষঙ্গ হলেন তিনি।

পেদ্রো অবশ্য তাঁর ক্লাব ছাড়ার ব্যাপারটি এখনো পুরোপুরি স্বীকার করেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উল্টো চটে যান ফার্নান্দেজের ওপর। রাগত স্বরেই বলেন, ‘রবার্টের মন্তব্য সত্যিই দুঃখজনক। আমি কেবল এ ব্যাপারে দুই-একটি কথা বলেছি তাদের সঙ্গে। চূড়ান্ত কিছু অবশ্যই জানাইনি আমি। এই কথার সূত্র ধরে তিনি কীভাবে বলেন আমার বার্সা ছাড়ার কথা?

ফার্নান্দেজের ওপর রাগ ঝাড়লেও পেদ্রো জানিয়েছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে তিনি ক্লাব ছাড়তেও পারেন। প্রথমে নাকি তাঁর সঙ্গে বসে জানতে চাওয়া হয়েছিল যে তিনি বার্সায় থাকবেন কিনা! উত্তরে তিনি নাকি ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার কথাই বলেছিলেন। কিন্তু এখন ঘটতে পারে অনেক কিছুই।

পেদ্রোকে নাকি অনেকেই তাঁর ক্যারিয়ারের স্বার্থেই বার্সেলোনা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। যে ক্লাবে ফরোয়ার্ড লাইনে একসঙ্গে মেসি, নেইমার ও সুয়ারেজ খেলেন, সেখানে খেললে যে তিনি নিয়মিত সুযোগ পাবেন না-এ কথা উপলব্ধি করেছেন পেদ্রো নিজেই। খবরে প্রকাশ, বার্সেলোনা ছেড়ে পেদ্রোর নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনা আছে।

পেদ্রোর ভবিষ্যৎ যা-ই হোক। নিজের শুভ কামনা জানিয়ে দিতে ভোলেননি লিওনেল মেসি। ফাইনাল শেষে তিনি বলেছেন, ‘পেদ্রো যে গোলটি করল, সেটা তাঁর প্রাপ্যই ছিল। আমরা কেউই জানি না পেদ্রো কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা-ই নিক না কেন, তাঁর প্রতি আমাদের সকলের শুভ কামনা থাকবেই।’

পেদ্রো ক্ষুব্ধ হলেও সুপার কাপের লড়াই শেষে রবার্ট ফার্নান্দেজ পেদ্রোকে নিয়ে বলেছেন ওই এক কথাই, ‘বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন পেদ্রো। তিনি বলেছেন, ‘পেদ্রো অবশ্যই যেতে চায়। পৃথিবীর যে ক্লাবই বার্সেলোনাকে ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি থাকবে পেদ্রো হবে তাদেরই। পেদ্রো এক অসাধারণ ফুটবলার। আমরা তাঁকে রেখেই দিতে চেয়েছিলাম। কিন্তু কেউ যদি চলে যেতে চায়, তাহলে আটকে রাখার সামর্থ্য আমাদের নেই।’ ফার্নান্দেজ আবারও জানিয়েছে, সুপার কাপের ফাইনালই ছিল বার্সেলোনার জার্সি গায়ে পেদ্রোর শেষ ম্যাচ। সূত্র: রয়টার্স।