বার্সাকে রুখতে পারলেন না হার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ড বলবে, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু এটা বলবে না, জো হার্ট অতিমানব হয়ে না দাঁড়ালে বার্সেলোনা এদিন অন্তত হাফ ডজন গোলে জিতত। বলবে না, লিওনেল মেসির অবিশ্বাস্য কারিকুরি দেখে গ্যালারি থেকে অবিশ্বাসে মুখ ঢেকেছেন পেপ গার্দিওলাও। বলবে না, টের স্টেগেন সার্জিও আগুয়েরোর পেনাল্টি না ঠেকালে ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারত।
মেসি গোল পাননি বটে, তবে নেইমার, সুয়ারেজরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে অন্তত গোটা চারেক গোল হয়ে যেত। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৩-১ গোলে জিতেই বার্সা চলে গেছে কোয়ার্টার ফাইনালে। ইভান রাকিটিচের করা ম্যাচের একমাত্র গোলটিও মেসিরই বানিয়ে দেওয়া। তবে সিটি গোলরক্ষক হার্ট এদিন এমনই প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, মেসি পর্যন্ত পরে বলেছেন, ‘হার্ট অবিশ্বাস্য ছিল। ওর পক্ষে যা করা সম্ভব সে আজ তার সবটুকুই করেছে। আমার মনে হয় ম্যাচটা আরও ভালোভাবে জেতার জন্য যা করা দরকার আমরা তার সবই করেছি। কিন্তু হার্ট আমাদের হতাশ করেছে। আমরা শুধু ওকে অভিনন্দনই জানাতে পারি।’
পরশু জুভেন্টাস ডর্টমুন্ডের মাঠে গিয়ে তাদের হারিয়েছে ৩-০ গোলে। ২ গোল করেছেন তেভেজ, বাকিটি মোরাতা। দুই লেগ মিলে ৫-১ গোলের বড় জয় নিয়েই ইতালিয়ান চ্যাম্পিয়নরা চলে গেছে কোয়ার্টার ফাইনালে। এএফপি।