বার্সাকে 'হ্যাটট্রিকের' হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার অনুশীলনে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। কাল দলের অনুশীলনে দেখা গেলেও ফাইনাল খেলা নিয়ে সংশয় ছিল মেসির l রয়টার্স
বার্সার অনুশীলনে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। কাল দলের অনুশীলনে দেখা গেলেও ফাইনাল খেলা নিয়ে সংশয় ছিল মেসির l রয়টার্স

যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের অনেকেই নেই এখনকার দলে। নেই তাঁর প্রথম কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও। তাতে কী! রিভার প্লেটের জার্সিটা তো আছে আগের মতোই। যে জার্সি গায়ে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল হাভিয়ের মাচেরানোর। অথচ আজ সেই জার্সি গায়ে যাঁরা নামবেন, তাঁরাই হয়ে যাবেন তাঁর প্রতিপক্ষ! মাচেরানো যে এখন আর রিভার প্লেটের নন, বার্সেলোনার। যে বার্সেলোনা আজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে তাঁরই কৈশোরের ক্লাব রিভার প্লেটের।
নিজের প্রথম ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে কেমন লাগছে মাচেরানোর? জবাব দিতে গিয়ে আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার চেষ্টা করলেন যতটা সম্ভব পেশাদার থাকতে, ‘যখন আপনি বার্সেলোনার মতো একটা ক্লাবে খেলবেন, প্রতিপক্ষ কে সেটা ভাবলে হবে না। প্রত্যাশা এত বেশি থাকে যে, আপনাকে চেষ্টা করতে হবে নিজের এবং দলের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, সেটি করার।’
তাহলে কি কোনো আবেগই কাজ করছে না মাচেরানোর মধ্যে? এই জায়গায় এসে বার্সেলোনা ডিফেন্ডার খুলে দিলেন মনের দুয়ার, ‘কেউ কি তার শেকড় ভুলতে পারে! তবে এই ম্যাচটা সামনে রেখে নিরুত্তাপ থাকতে চাইছি আমি।’
মাচেরানোর মতোই বার্সেলোনা দলে আর্জেন্টাইন আছেন আরও একজন—লিওনেল মেসি। তাঁর অবশ্য রিভার প্লেটে খেলা হয়নি, তবে ১২ বছর বয়সে একবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল। না খেললেও স্বদেশি এ ক্লাবটির প্রতি যে আলাদা মমতা আছে সেটি কয়েক দিন আগে ফিফাডটকমের সঙ্গে সাক্ষাৎকারেই বলেছেন। তবে আজ রিভার প্লেটের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, নিশ্চিত করে বলতে পারেননি কেউ। কিডনিতে ছোট একটা জটিলতার কারণে পেটে ব্যথা হচ্ছিল বলে সেমিফাইনালে চীনের গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরশু অস্ত্রোপচার করে কিডনির পাথর অপসারণ করা হয়েছে। তাঁর খেলা নিয়ে বার্সা কোচ লুইস এনরিকে শুধু এটুকুই বলেছেন, ‘রোববার সকালের আগে কেউ সেটা বলতে পারবে না।’
মেসির মতোই সেমিফাইনালে ছিলেন না বার্সার ভয়ংকর ত্রয়ীর আরেকজন—নেইমার। তবে কুঁচকির চোট থেকে সেরে ওঠায় আজ তাঁর মাঠে নামা প্রায় নিশ্চিত। আর সেমিফাইনালে হ্যাটট্রিক করে লুইস সুয়ারেজ তো তেতেই আছেন।
রিভার প্লেট অবশ্য খুব একটা ভয় পাচ্ছে না বার্সেলোনাকে। কিংবা পেলেও সেটার প্রকাশ নেই তাদের মধ্যে। ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবের সামনে পড়েও তাই রিভার প্লেট স্ট্রাইকার লুকাস আলারিও দিব্যি বলছেন, ‘আমরা এই শিরোপাটার স্বপ্ন দেখছি অনেক দিন ধরে। আশা করছি সেই স্বপ্ন সত্যি হবে।’
ক্লাব বিশ্বকাপের ট্রফি বার্সেলোনা আগেও দুবার জিতেছে। তাদের কাছে তাই এটা ঠিক স্বপ্ন নয়। তবে এবার জিতলে একটা অন্য রকম ইতিহাস গড়বে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রথম ক্লাব হিসেবে তিনবার ক্লাব বিশ্বকাপ জেতা হবে তাদের। তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার ৫ খেলোয়াড়—মেসি, দানি আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে ও সার্জিও বুসকেটসের সামনেও।
মাচেরানোর কৈশোরের ক্লাব কি পারবে তাদের সেই ইতিহাস গড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে? গোলডটকম।

ফাইনালের আগে
আশা করি নির্ধারিত সময়েই জিতব আমরা, তাই পেনাল্টির দরকার পড়বে না
আন্দ্রেস ইনিয়েস্তা
বার্সেলোনার মিডফিল্ডার
*আমরা এই শিরোপাটার স্বপ্ন দেখছি অনেক দিন ধরে। আশা করছি সেই স্বপ্ন সত্যি হবে
লুকাস আলারিও
রিভার প্লেট স্ট্রাইকার