বার্সাকেই জয়ী দেখছেন সিমিওনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো সিমিওনে
ডিয়েগো সিমিওনে

তিন ঘোড়ার একটি বেশ পিছিয়ে পড়েছে। অন্য দুটি চলছিল গায়ে গা লাগিয়ে। পরশুর ম্যাচের পর একটি ঘোড়া এখন পরিষ্কার ব্যবধানে এগিয়ে। সবচেয়ে এগিয়ে থাকা ঘোড়াটিই সবার আগে সমাপ্তিরেখা ছুঁতে পারবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে পরশু বার্সেলোনার কাছে হারের পর অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে বার্সেলোনার হাতেই শিরোপা দেখছেন।
এ ম্যাচের আগ পর্যন্ত ৪৮ পয়েন্ট নিয়ে বার্সা-অ্যাটলেটিকো ছিল একই সমতলে। ২-১ গোলে জিতে বার্সেলোনা এগিয়ে গেছে তিন পয়েন্টে, ম্যাচও খেলেছে একটি কম। সামনে বড় বাধা বলতে শুধু রিয়াল মাদ্রিদের সঙ্গে আরেকটি এল ক্লাসিকো, সেটিও নিজেদের মাঠে। এই জয়টাই কি তাহলে মৌসুমের গতিপথ ঠিক করে দিল? সিমিওনে যেন সেটিই স্বীকার করে নিলেন, ‘বার্সেলোনা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। ওদের স্ট্রাইকাররা গোল পাচ্ছে। এটাই ব্যবধান গড়ে দিচ্ছে। ওরা খুব ভালো অবস্থানে আছে। এরই মধ্যে আমাদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে, আরেকটি ম্যাচও আছে। এখনো মৌসুমের অনেকটা বাকি, কিন্তু ওরা সাধারণত পা হড়কায় না।’
কোচ লুইস এনরিকে আপাতত অত দূরে তাকাচ্ছেন না, ম্যাচ ধরে ধরেই এগোতে চান। পরশুর ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে আসাটাকেই বড় করে দেখছেন বার্সা কোচ, ‘এই ম্যাচে আমার কাছে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে দলের দৃঢ়তা। আগে অনেকবারই এ রকম পরিস্থিতিতে আমরা খেই হারিয়ে ফেলেছি। আর এটি তো এমন নয় যে ৪-০ গোলে না জিতলে আমরা খুবই বাজে করে ফেললাম। এটা আসলে খুব ভালো ফল, আমি তো বলব আমরা অভিনন্দন পাওয়ারই যোগ্য।’

মেসি ও সুয়ারেজের দুর্দান্ত দুটি গোলে শেষ পর্যন্ত জয় পেয়েছে বার্সেলোনা। কিন্তু শেষ ২৫ মিনিট নয়জনের অ্যাটলেটিকোকে পেয়ে অনেক বড় জয়ই তো পাওয়া উচিত ছিল বার্সেলোনার। এখানেই এনরিকের একটু অতৃপ্তি। বার্সা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানোও স্বীকার করলেন, এই ম্যাচে বার্সা ঠিক বার্সার মতো খেলেনি। তবে এমন মলিন পারফরম্যান্সের পেছনে মাচেরানো কারণও খুঁজে পেয়েছেন, ‘অন্য ম্যাচের মতো ধারটা আমাদের খেলায় ছিল না। তবে আমরা গত সপ্তাহের মাঝামাঝিই বিলবাওয়ের সঙ্গে খেলেছি। প্রতি আড়াই দিন পরপর খেলাটা খুব একটা সহজ নয়। এটা কোনো অজুহাত নয়, কিন্তু নয়জনের বিপক্ষে আমরা আগে জয়টা নিশ্চিত করতে চেয়েছিলাম।’

এ ম্যাচের জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছে যেন মেসিকে করা ফিলিপে লুইসের মারাত্মক ট্যাকলটি। ৪৪ মিনিটে মেসির বাঁ পা লক্ষ্য করে পা চালিয়ে দেন অ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার, সঙ্গে সঙ্গেই তাঁকে লালকার্ড দেখান রেফারি। শিউরে উঠেছিল গোটা বার্সা শিবির। এনরিকেও ভয় পেয়ে গিয়েছিলেন, ‘আমার প্রতিক্রিয়াটা তো দেখেছেন। আমি আঁতকেই উঠেছিলাম, কিন্তু এটা নিয়ে আমি আর বিস্তারিত বলব না।’ এমন কাণ্ড করেও লুইস অবশ্য সিমিওনের সমালোচনার মুখে পড়েননি, আর্জেন্টাইন কোচ অ্যাটলেটিকোর খেলার প্রশংসাই করেছেন, ‘আমি দলের খেলা নিয়ে গর্বিত। আপনি হারতে বা জিততে পারেন, কিন্তু আমি এ রকম খেলাই চাইব।’ এএফপি, রয়টার্স।